সোনার দামধনতেরসে সোনা কেনা শুভ বলে লোকবিশ্বাস। এই বিশেষ দিনে অনেকেই বিনিয়োগ হিসেবে সোনা কেনেন। চলতি বছরের ধনতেরসে সোনার দাম অনেকটাই কমেছে। জানুয়ারিতে দর পৌঁছে সর্বকালীন রেকর্ডে। সেই তুলনায় সোনার দাম প্রায় ২৫ শতাংশ কমেছে। ফলে দামের এই পতনকে কাজে লাগিয়ে অনেকেই সোনা কিনছেন। বিশেষজ্ঞদের একাংশেরও মত, সোনায় বিনিয়োগ এখনও লাভজনক।
ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সচিব সুরেন্দ্র মেহতা বলেন,'স্বল্পমেয়াদে সোনার দামের ওঠানামা সম্পর্কে পূর্বাভাস দেওয়া কঠিন। তবে দীর্ঘমেয়াদে অর্থাৎ আগামী এক বছরে সোনার দাম ৩০-৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে'। কমোডিটি বাজারের বিশেষজ্ঞদেরও ধারণা, আগামী দিনে ফের ঊর্ধ্বমুখী হতে পারে সোনার দাম। তাঁদের অনুমান, আগামী এক বছরে সোনার দাম ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
কেন বাড়তে পারে সোনার দাম?
সোনার দাম বৃদ্ধির পিছনে একাধিক আন্তর্জাতিক কারণের কথা মনে করাচ্ছেন বিশেষজ্ঞেরা। প্রথমত, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে ৩২১ টন সোনা কিনেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ ৪২ শতাংশ বেশি। একই সঙ্গে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ETF) সোনার মজুত বেড়ে রেকর্ড ৪২৫৬ টনে পৌঁছেছে। দ্বিতীয়ত, আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পর অপরিশোধিত তেলের দাম কমতে পারে। নিয়ন্ত্রণে আসতে পারে মূল্যবৃদ্ধি। এর ফলে আমেরিকায় সুদের হার কমার সম্ভাবনা তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি সোনার দাম বাড়ার জন্য অনুকূল। রুপোর জোগানে ঘাটতি অব্যাহত।
২০১৬ বনাম ২০২৬
যাঁরা ২০১৬ সালে ধনতেরসের দিন সোনা কিনে ২০২৬ সালের ৫ নভেম্বর পর্যন্ত তা ধরে রেখেছিলেন, তাঁদের বিনিয়োগে বার্ষিক ১৮.৩ শতাংশ রিটার্ন মিলেছে। গত ১০ বছরে সোনার দাম ৩৭৭ শতাংশেরও বেশি বেড়েছে। ধরা যাক, ২০১৬ সালে ধনতেরসের সময় প্রতি ১০ গ্রাম সোনা প্রায় ৩০,৫৯০ টাকায় কিনেছিলেন। ২০২৬ সালের ৫ নভেম্বর সেই সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,৪৫,৯১৫ টাকা। বিনিয়োগ প্রায় ৪.৭৭ গুণ বেড়েছে। সোজা ভাষায়, ২০১৬ সালের ধনতেরসে সোনায় কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ২০২৬ সালের ৩ নভেম্বর তার মূল্য বেড়ে প্রায় ৪.৭৭ লক্ষ টাকা হত।
এমসিএক্সেও সোনায় লাভ
গত এক দশকে ধনতেরসের সময় সোনার দামের পরিসংখ্যানেও এই বৃদ্ধির ছবি স্পষ্ট। ২০১৬ সালের ধনতেরসে এমসিএক্সে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ২৯,৯৮৯ টাকা। ২০২৬ সালের ৫ নভেম্বর তা বেড়ে হয়েছে ১,৪৩,১৮৪ টাকা। এক দশকে সোনার দাম প্রায় ৩৬৫ শতাংশ বেড়েছে। বিনিয়োগের মূল্য হয়েছে প্রায় ৪.৭৭ গুণ।
মাঝেমধ্যে দামের সংশোধন বা পতন হলেও গত কয়েক বছরে সোনা থেকে ইতিবাচক রিটার্ন মিলেছে। যেমন ২০২১ সালে সোনার দামে ৫.৬ শতাংশ পতন হয়েছিল। তবে ২০২৪ এবং ২০২৫ সালে সোনার দাম যথাক্রমে ৩০.৬ শতাংশ এবং ৬১.৫ শতাংশ বেড়েছে।
সোনায় কত টাকা বিনিয়োগ করা উচিত?
নিজের সঞ্চয়ের ১৫ থেকে ২০ শতাংশ সোনা কিনে রাখা যেতে পারে। তবে দামের ওঠানামার ঝুঁকি এড়াতে একসঙ্গে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ না করে ধাপে ধাপে বিনিয়োগ করা ভাল। বিশেষজ্ঞরা বলছেন,'ব্যবহারের জন্য সোনার গয়না কেনা এবং বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কেনা, এই দুটো এক নয়। ব্যক্তিগত ব্যবহার বা উপহার দেওয়ার জন্য হলমার্কযুক্ত সোনার গয়না কিনুন। আর বিনিয়োগের জন্য গোল্ড ইটিএফ বা গোল্ড মিউচুয়াল ফান্ড বেছে নিতে পারেন'।