বাড়ল সোনার হলমার্কিং চার্জ।সোনার গয়নার হলমার্কিং ফি বাড়িয়ে দিল ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)। ৬৭ শতাংশ ফি বাড়ানো হল। আগে লাগত ৪৫ টাকা। সেটাই বেড়ে হল ৭৫ টাকা। এই ফি বাড়ার ফলে কতটা বাড়তে সোনার গয়নার দাম? কেন এই ফি বাড়ানো হল? পুরো কাহিনি জানুন।
সোনার গয়নায় নতুন হলমার্কিং ফি কত?
নতুন নিয়ম অনুযায়ী, সোনার প্রতিটি গয়না বা সামগ্রীর হলমার্কিংয়ের জন্য অনুমোদিন হলমার্কিং সেন্টারকে ৭৫ টাকা দিতে হবে গয়না ব্যবসায়ীদের। প্রতিটি চালানের ক্ষেত্রে ন্যূনতম ২০০ টাকা ফি দিতে হবে। এর আগে সোনার প্রতিটি গয়নার জন্য হলমার্কিং ফি ছিল ৪৫ টাকা। অর্থাৎ প্রতি গয়নায় খরচ বাড়ল ৩০ টাকা। শতাংশের হিসাবে বৃদ্ধি ৬৬.৭ শতাংশ। এছাড়াও সোনার গয়নার ক্ষেত্রে AHC-র কাছ থেকে BIS প্রতি গয়নায় ৭.৫০ টাকা করে ফি নেবে।
রুপোর গয়নায় হলমার্কিং ফি কত?
রুপোর গয়নার ক্ষেত্রে গয়না ব্যবসায়ীদের হলমার্কিং ফি প্রতি গয়নায় ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কনসাইনমেন্টে ন্যূনতম ফি হবে ১৫০ টাকা। রুপোর গয়নার ক্ষেত্রে আগের ফিতে কোনও পরিবর্তন করা হয়নি।
কবে থেকে কার্যকর নতুন হলমার্কিং ফি?
১৪ সেপ্টেম্বর কার্যকর হয়েছে বর্ধিত ফি।
গ্রাহকদের কি অতিরিক্ত খরচ?
এই চার্জ দিতে হবে সোনার গয়নার ব্যবসায়ীদেরই। সরাসরি গ্রাহকদের উপর এর কোনও প্রভাব পড়বে না। ৭৫ টাকার হলমার্কিং ফি হলমার্কিং সেন্টারকে দিতে হবে। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, সরাসরি গ্রাহকের কাছ থেকে এই চার্জ নেওয়া যাবে না। তবে অতিরিক্ত ৩০ টাকার এই খরচ গয়নার মেকিং চার্জের যোগ করতে পারেন অনেক দোকানদার।
হলমার্কিং কী?
হলমার্কিং হল কোনও মূল্যবান ধাতুর তৈরি সামগ্রীতে সেই ধাতুর প্রকৃত পরিমাণ বা বিশুদ্ধতার সঠিক নির্ধারণ এবং সরকারিভাবে তা নথিভুক্ত করার প্রক্রিয়া। হলমার্ক হল সরকারি স্বীকৃত একটি চিহ্ন, যা বহু দেশে মূল্যবান ধাতুর তৈরি সামগ্রীর বিশুদ্ধতা বা গুণমানের নিশ্চয়তা হিসেবে ব্যবহার করা হয়।
ভারতে কোন কোন ধাতুতে হলমার্কিং হয়?
এই মুহূর্তে ভারতে দু’টি মূল্যবান ধাতু সোনা এবং রুপো হলমার্কিংয়ের আওতায় রয়েছে।
গয়নার HUID নম্বর কী?
HUID-এর পুরো নাম Hallmark Unique Identification। এটি হলমার্কের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি ছয় অঙ্কের একটি সংখ্যা ও অক্ষর মিশিয়ে তৈরি বিশেষ নম্বর। প্রতিটি হলমার্ক করা গয়নার HUID নম্বর আলাদা। ক্রেতারাও BIS Care App-এর Verify HUID অপশন ব্যবহার করে গয়নার HUID নম্বর যাচাই করতে পারেন।
গয়নার ওজনের উপর কি হলমার্কিং ফি নির্ভর করে?
না। গয়নার ওজন যতই হোক, হলমার্কিং ফি নির্ধারিত হয় প্রতি গয়না বা সামগ্রী হিসেবে। ওজনের ভিত্তিতে হলমার্কিংয়ের খরচ বাড়ে বা কমে না।
হলমার্কের গয়না কিনলে দোকানে কী কী দেখবেন?
হলমার্ক করা গয়না কেনার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।
গয়নার দোকানের বাইরে অনুমোদিত ব্যবসায়ীকে BIS-এর লোগো এবং Hallmarked jewellery available for sale লেখা রাখতে হবে।
দোকানের ভিতরে BIS-এর দেওয়া রেজিস্ট্রেশন সার্টিফিকেট রাখা বাধ্যতামূলক।
এছাড়াও ক্রেতাকে গয়নার হলমার্ক দেখানোর জন্য দোকানে কমপক্ষে ১০X ম্যাগনিফিকেশনের একটি আতসকাচ রাখতে হবে।
গয়নার বিশুদ্ধতা এবং তার সঙ্গে ক্যারেটের সম্পর্কও দোকানে স্পষ্টভাবে থাকতে হবে।
সোনার গয়না কেনার সময় শুধু দাম বা ওজন নয়, BIS হলমার্ক, HUID নম্বর এবং বিশুদ্ধতার তথ্যও যাচাই করে নেওয়া জরুরি।