জ্যোতিষ, রত্ন বেচে নিজেদের ভবিষ্যৎ গড়ে নিল Astrotalk App, এন্ট্রি নিল Unicorn ক্লাবে

ভারতে এখন একের পর এক স্টার্টআপ জনপ্রিয় হয়ে উঠছে। সব স্টার্টআপ যে লাভের মুখ দেখছে, তেমনটা নয়। অধিকাংশ সংস্থাই লাভ দেখতে পারেনি। সেখানে অ্যাস্ট্রোটকের পরিসংখ্যান চমকপ্রদ।

Advertisement
জ্যোতিষ, রত্ন বেচে নিজেদের ভবিষ্যৎ গড়ে নিল Astrotalk App, এন্ট্রি নিল Unicorn ক্লাবেইউনিকর্ন সংস্থা হল অ্যাস্ট্রোটক
হাইলাইটস
  • অ্যাস্ট্রোটকের পরিসংখ্যান চমকপ্রদ।
  • অ্যাস্ট্রোটক হল ১ বিলিয়ন ডলারের সংস্থা।

দেশের স্টার্টআপ দুনিয়ায় আরও একটি সংস্থা ঢুকে পড়ল ইউনিকর্ন ক্লাবে। ইউনিকর্ন ক্লাব মানে সহজ ভাষায়, সংস্থার ব্যবসা পেরিয়ে গেল ১০০ কোটি ডলার বা প্রায় ৮,০০০ কোটি টাকা। সেই নজিরই গড়ল অনলাইন জ্যোতিষ এবং স্পিরিচুয়াল টেক প্ল্যাটফর্ম অ্যাস্ট্রোটক (Astrotalk)। এই সংস্থার নাম আপনাদের খুব চেনা। ইনস্টাগ্রাম, ফেসবুক খুললেই দেখেন বিজ্ঞাপন।

২০১৭ সালে পুনীত গুপ্ত এবং অনমোল জৈন মিলে শুরু করেছিলেন অ্যাস্ট্রোটক। জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ দেওয়ার পাশাপাশি বর্তমানে রত্নও বেচে সংস্থাটি। জ্যোতিষ নিয়ে অনেকের নানা মত। কেউ কেউ কুসংস্কার বলে এড়িয়েও যান। তবে এখানে আলোচনার বিষয় নতুন ব্যবসার মডেল। আর সেই জায়গাতেই অ্যাস্ট্রোটকের সাফল্য নজরকাড়া।

ভারতে স্টার্টআপের দৌড় এখন টপ গিয়ারে। তবে সব স্টার্টআপ যে সাফল্যের মুখ দেখছে, এমন নয়। অধিকাংশ সংস্থার ক্ষেত্রেই লাভের মুখ দেখা এখনও চ্যালেঞ্জিং। সেই জায়গায় অ্যাস্ট্রোটকের পরিসংখ্যান বেশ চমকপ্রদ। ২০২৩-২৪ অর্থবর্ষে প্রায় ৯৪ কোটি টাকা লাভ করেছে সংস্থাটি। তার আগের অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩-এ লাভ হয়েছিল প্রায় ২৭ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বেড়েছে মুনাফা। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অ্যাস্ট্রোটকের বর্তমান রেভিনিউ রান রেট ২,৫০০ কোটি টাকারও বেশি। FY25-এ সংস্থাটির আয় ছিল প্রায় ১,১৭৬ কোটি টাকা। ওই সময়ে কর দেওয়ার আগে লাভ দাঁড়ায় প্রায় ২৮৫ কোটি টাকা। বছর যত গড়াচ্ছে, বাড়ছে লাভের অঙ্কও।

শুধু নতুন করে বিনিয়োগ করেই নয়, ১০০-র বেশি কর্মীর ESOP বাইব্যাকের মাধ্যমেও ১০০ কোটি ডলারের অঙ্কে পৌঁছেছে অ্যাস্ট্রোটক। ESOP বা Employee Stock Option Plan-এর মাধ্যমে কর্মীরা সংস্থার শেয়ারের অধিকার পান। সেই শেয়ার সংস্থা কর্মীদের কাছ থেকে ফের কিনে নিলে কর্মীরা নগদ অর্থ পান। এই প্রক্রিয়াই হল ESOP বাইব্যাক।

২০১৭ সালে শুরু হলেও অ্যাস্ট্রোটকের প্রকৃত পরিচিতি আসে ২০২৪ সালের শেষ ৬ মাসে। সেই সময় ইনস্টাগ্রামে সংস্থাটির বিজ্ঞাপনের বন্যা দেখা গিয়েছিল। ইনস্টাগ্রাম খুললেই কখনও অ্যাস্ট্রোটকের বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনে অভিনেতা, অভিনেত্রী থেকে ইনফ্লুয়েন্সাররা হাজির হয়েছেন। প্রচার এবং বিপণনে মোটা অঙ্কের টাকা খরচ করেছিল সংস্থাটি। বাজারে জল্পনা, নিউ ইয়র্কের Left Lane Capital এবং Elev8 Ventures-এর কাছ থেকে পাওয়া প্রায় ২৫০ কোটি টাকার তহবিলের বড় অংশই মার্কেটিংয়ে খরচ করা হয়েছিল।

Advertisement

অ্যাস্ট্রোটকের ব্যবসা এখন আর শুধু জ্যোতিষীর সঙ্গে গ্রাহকের যোগাযোগের মধ্যে আটকে নেই। Astrotalk Store-এর মাধ্যমে স্পিরিচুয়াল কমার্সের বাজারেও পা রেখেছে সংস্থাটি। রত্নের জন্য আলাদা প্ল্যাটফর্মও চালু করেছে অ্যাস্ট্রোটক। সেখানে ল্যাব সার্টিফিকেশন, জ্যোতিষ পরামর্শ এবং রিপ্লেসমেন্ট পলিসি-সহ দামি ও মূল্যবান রত্ন বিক্রি করা হচ্ছে।

৫ লক্ষ কোটি টাকার বাজার

আর এই বাজার যে ছোট নয়, তার প্রমাণ মিলছে পরিসংখ্যানেই। এখন জ্যোতিষ, রত্ন, বিয়ে, পুজোর সামগ্রী বেচা হচ্ছে অনলাইনেই। সাম্প্রতিক সময়ে দ্রুত জনপ্রিয় হয়েছে আরও একটি পরিষেবা, ই-পুজো। মানে পুরোহিত দূরে বসেই অনলাইনে কোনও গ্রাহকের হয়ে পুজো করছেন।

জ্যোতিষ এবং পুজোকে ঘিরে এই বাজার ২০২৩ সালেই প্রায় ৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে।

বাজার বিশাল। কিন্তু এত দিন এই ক্ষেত্রটি ছিল অসংগঠিত। স্থানীয়স্তরে বহু ছোট সংস্থা এবং জ্যোতিষীরা থাকলেও গোটা পরিষেবাকে প্রযুক্তির মাধ্যমে এক ছাতার তলায় আনার সুযোগ ছিল। সেই জায়গাটিই ধরেছে অ্যাস্ট্রোটক।

বিতর্কও কম নয়

তবে অ্যাস্ট্রোটকের যাত্রাপথ নিয়ে বিতর্কও রয়েছে। জ্যোতিষ অ্যাপ সংক্রান্ত ট্রেডমার্ক নিয়ে Astroyogi-র সঙ্গে আইনি বিবাদ রয়েছে। পাশাপাশি অ্যাপের সঙ্গে যুক্ত এক্সপার্টদের নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে।

এক ইউটিউবার দাবি করেছিলেন, তিনি কথায় কথায় জানতে পেরেছেন, অ্যাস্ট্রোটকের এক এক্সপার্ট আসলে ইঞ্জিনিয়ার। চাকরি না পেয়ে তিনি অ্যাস্ট্রোটকে যোগ দিয়েছিলেন। মানে অন্যের ভাগ্য বদলানোর দাবি করা সেই জ্যোতিষী নিজের ভাগ্যই ঠিক করতে পারেননি।

তবে বিতর্ক যাই থাক ব্যবসার অঙ্কে অ্যাস্ট্রোটকের সাফল্য অস্বীকার করার উপায় নেই। একটি দীর্ঘদিনের অসংগঠিত বাজারকে প্রযুক্তি, বিপণন এবং অনলাইন পরিষেবার মাধ্যমে সংগঠিত করে কীভাবে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা তৈরি করা যায়, অ্যাস্ট্রোটক তারই একটি জ্বলন্ত উদাহরণ।
 

POST A COMMENT
Advertisement