বাস্তু টিপসহিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তুলসী দেবী লক্ষ্মীর রূপ। বিষ্ণুর প্রিয়। সেই কারণেই সনাতনীদের বাড়িতে প্রতিদিন তুলসী পুজো করা হয়। সন্ধ্যার সময় তুলসীতলায় জ্বালানো হয় প্রদীপ। তবে তুলসী গাছ রাখা নিয়ে কয়েকটি নিয়ম আছে। নিয়ম না মানলে হিতে বিপরীত হতে পারে। বাস্তু শাস্ত্রে বাড়িতে তুলসী গাছ রাখার ক্ষেত্রে কয়েকটি দিক ও স্থানকে শুভ বলে মনে করা হয়। আবার তুলসী গাছ রাখা যায় না, এমন জায়গাও আছে। ভুল জায়গায় তুলসী রাখলে তার শুভ প্রভাব কমে যেতে পারে। জেনে নেওয়া যাক, বাড়ির কোন ৭ জায়গায় তুলসী গাছ রাখা উচিত নয়।
দক্ষিণ দিক: বাস্তু অনুযায়ী, বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখা উচিত নয়। দক্ষিণ দিকের সঙ্গে যমদেবের যোগ। তাই তুলসীর জন্য এই দিককে উপযুক্ত বলে মনে করা হয় না। বাস্তু মতে, তুলসী গাছ রাখার জন্য উত্তর, পূর্ব এবং ঈশান কোণ অর্থাৎ উত্তর-পূর্ব দিক শুভ।
শোওয়ার ঘরে: তুলসী পবিত্র গাছ। তাই শোওয়ার ঘরে তুলসী গাছ রাখা উচিত নয়। তুলসীর জন্য এমন জায়গা বেছে নিন, যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকে। পরিবেশ শান্ত।
শৌচাগার: শৌচাগারের আশপাশেও তুলসী গাছ রাখা উচিত নয়। এই জায়গাগুলিকে তুলসীর মতো পবিত্র গাছের জন্য উপযুক্ত মনে করা হয় না। তাই এমন জায়গাতেই তুলসী রাখা উচিত, যেখানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা সম্ভব।
অন্ধকার জায়গা: যে জায়গায় পর্যাপ্ত আলো-বাতাস পৌঁছয় না, সেখানে তুলসী গাছ রাখা উচিত নয়। বন্ধ ঘর বা বাড়ির কোনও অন্ধকার কোণে তুলসী রাখলে গাছ বাঁচে না। তাই এমন জায়গা বেছে নেওয়া ভাল, যেখানে তুলসী পর্যাপ্ত প্রাকৃতিক আলো এবং বাতাস পায়।
গ্যাসের পাশে: বাস্তু অনুযায়ী, রান্নাঘরে গ্যাসের একেবারে পাশে তুলসী গাছ রাখবেন না। অতিরিক্ত তাপ এবং ধোঁয়া গাছের ক্ষতি করতে পারে। তাই রান্নাঘরের আশপাশে তুলসী রাখলেও গ্যাস থেকে দূরত্বে রাখুন।
নোংরা জায়গা: আবর্জনার পাত্র, নোংরা জায়গা বা যেখানে নিয়মিত পরিষ্কার করা হয় না, এমন জায়গায় তুলসী রাখা উচিত নয়। তুলসীর চারপাশ পরিষ্কার রাখুন। নিয়মিত যত্ন করুন।
সিঁড়ির নীচে: বাড়ির সিঁড়ির নীচে তুলসী গাছ রাখা এড়িয়ে চলা উচিত। এমন জায়গায় সাধারণত পর্যাপ্ত আলো-বাতাস পাওয়া যায় না। পাশাপাশি গাছটির ঠিকমতো যত্ন নেওয়াও সম্ভব হয় না। তাই তুলসীর জন্য এমন জায়গা বেছে নেওয়া ভাল, যেখানে খোলামেলা পরিবেশ রয়েছে।
তুলসীর জন্য কোন দিক শুভ?
বাস্তু অনুযায়ী, তুলসী গাছ রাখার জন্য উত্তর, পূর্ব এবং ঈশান কোণ অর্থাৎ উত্তর-পূর্ব দিক শুভ। এই দিকগুলিতে তুলসী গাছ রাখার রীতি বহু বাড়িতেই রয়েছে। নিয়মিত তুলসীতে জল দেওয়া, চারপাশ পরিষ্কার রাখা এবং সন্ধ্যার সময় প্রদীপ জ্বালালে বাড়িতে আসে লক্ষ্মী।