কেন্দ্রের থেকে নিরাপত্তা পাচ্ছেন রাঘব চাড্ডাRaghav Chadha Security : আম আদমি পার্টির (AAP) রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডাকে পঞ্জাব সরকারের দেওয়া Z+ ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এই খবরটি প্রকাশের পরপরই কেন্দ্রীয় সরকার তাঁকে নিরাপত্তা প্রদান করেছে। বর্তমান হুমকির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে। এই নিরাপত্তা দিল্লি এবং পঞ্জাব উভয় স্থানেই থাকবে। তাঁর নিরাপত্তার জন্য আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে। সূত্র মারত জানা গেছে, আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া পর্যন্ত অবিলম্বে নিরাপত্তা প্রদানের জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পঞ্জাবের আম আদমি পার্টি সরকার রাঘব চাড্ডার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। পঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে সর্বোচ্চ স্তরের 'জেড' নিরাপত্তা প্রদান করা হচ্ছিল। রাজ্যসভায় ডেপুটি লিডারের পদ থেকে দল তাঁকে সরিয়ে দিলে রাঘব চাড্ডা এবং আপ নেতৃত্বের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে চাড্ডা বলেন, তাঁকে 'পরাজিত করা হয়নি, বরং চুপ করিয়ে দেওয়া হয়েছে।'
'আমি প্রতিবাদ করেছিলাম, তার মূল্যও দিয়েছি'
রাঘব চাড্ডা সম্প্রতি ইনস্টাগ্রামে 'কণ্ঠ তুলেছিলাম, মূল্যও দিয়েছি' শিরোনামে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি সংসদে তাঁর বিভিন্ন বিষয় উত্থাপনের কয়েকটি ক্লিপের সংকলন। চাড্ডা পোস্টে বলেছেন, 'যারা আমার সংসদীয় কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের সবিনয়ে বলতে চাই যে আমার কাজই আমার পরিচয় দেবে।'
২ এপ্রিল আম আদমি পার্টি রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দিয়েছে। দলের অভিযোগ, তিনি সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ না খুলে বরং নিজের প্রচারে মনোযোগ দিয়েছেন। আক্রমণাত্মক অবস্থান নিয়ে চাড্ডা দলের অভিযোগগুলোকে 'মিথ্যা' বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন, তিনি সংসদে গিয়েছিলেন জনগণের সমস্যা তুলে ধরতে, হট্টগোল করতে নয়। রাজ্যসভায় আপের ডেপুটি লিডারের পদ থেকে অপসারিত হওয়ার পর থেকে রাঘব চাড্ডা সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও এবং পোস্ট শেয়ার করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাজ্যসভায় দলের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না।