PUC Certificates New Rules: আপনার গাড়ি কত বছরের পুরনো? পলিউশন করানোর নয়া নিয়ম লাগু, না জানলে মোটা জরিমানা

৬ বছর পর্যন্ত পুরনো ব্যক্তিগত BS-VI গাড়ির PUC সার্টিফিকেট তিন বছর অন্তর পুনর্নবীকরণ করতে হবে। ছ’বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি বছর সার্টিফিকেট নবীকরণ বাধ্যতামূলক। আর ১০ বছরের বেশি পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি ৬ মাস অন্তর PUC সার্টিফিকেট করাতে হবে। 

Advertisement
আপনার গাড়ি কত বছরের পুরনো? পলিউশন করানোর নয়া নিয়ম লাগু, না জানলে মোটা জরিমানাদূষণ জর্জরিত দিল্লির রাস্তার ছবি- পিটিআই
হাইলাইটস
  • পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি বছর সার্টিফিকেট নবীকরণ 
  • কোন গাড়ির ক্ষেত্রে কতদিন বৈধ থাকবে PUC?
  • নতুন নিয়ম কবে থেকে কার্যকর?

মোটরবাইক, স্কুটার, চারচাকা সহ সব গাড়ির পলিউশন বা দূষণ সার্টিফিকেটের নিয়মের ক্ষেত্রে বড় পরিবর্তন করল কেন্দ্র। এই নিয়মে  BS-VI অপেক্ষা নতুন গাড়ির PUC সার্টিফিকেট পুনর্নবীকরণের সময়সীমা বাড়ানো হয়েছে। পুরনো গাড়ির ক্ষেত্রে আরও ঘন ঘন দূষণ পরীক্ষা করাতে হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক (MoRTH) এই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করেছে।

পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি বছর সার্টিফিকেট নবীকরণ 

নতুন নিয়মে বলা হয়েছে, ৬ বছর পর্যন্ত পুরনো ব্যক্তিগত BS-VI গাড়ির PUC সার্টিফিকেট তিন বছর অন্তর পুনর্নবীকরণ করতে হবে। ছ’বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি বছর সার্টিফিকেট নবীকরণ বাধ্যতামূলক। আর ১০ বছরের বেশি পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি ৬ মাস অন্তর PUC সার্টিফিকেট করাতে হবে। 

কোন গাড়ির ক্ষেত্রে কতদিন বৈধ থাকবে PUC?

পার্সোনাল গাড়ির পাশাপাশি বাণিজ্যিক বা পরিবহণের কাজে ব্যবহৃত BS-VI গাড়ির ক্ষেত্রেও নিয়ম বদলেছে। ৬ বছর পর্যন্ত পুরনো BS-VI বাণিজ্যিক গাড়ির PUC সার্টিফিকেটের মেয়াদ হবে দু’বছর। ছ’বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি বছর সার্টিফিকেট নবীকরণ করতে হবে। ১০ বছরের বেশি পুরনো বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে আগের মতোই প্রতি ছ’মাস অন্তর PUC পরীক্ষা বাধ্যতামূলক। BS-I, BS-II এবং BS-III নির্গমন মানের গাড়ির PUC সার্টিফিকেটের মেয়াদ থাকবে তিন মাস। BS-IV মানের গাড়ির ক্ষেত্রে এই মেয়াদ ছ’মাস।

নতুন নিয়ম কবে থেকে কার্যকর?

কেন্দ্রীয় মোটর ভেহিকলস আইন, ২০২৬-এর মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে। মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৮-এর অধীনে বিজ্ঞপ্তি জারির পর থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। পুরনো নিয়মে ইস্যু করা PUC সার্টিফিকেটের ক্ষেত্রেও নতুন মেয়াদ কার্যকর হবে, তবে তা প্রথমবার পুনর্নবীকরণের সময় থেকে। সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার আগের ১০ দিনের মধ্যে পুনর্নবীকরণের আবেদন করা হলে নতুন সার্টিফিকেটের কার্যকারিতা শুরু হবে পুরনো সার্টিফিকেটের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে। আর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আবেদন করা হলে নতুন সার্টিফিকেট কার্যকর হবে পুনর্নবীকরণের দিন থেকেই।

Advertisement

POST A COMMENT
Advertisement