Gen Z-দের বিশেষ পরামর্শ প্রধানমন্ত্রী মোদীরদেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী বই প্রকাশের অনুষ্ঠানে Gen Z-দের গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পরামর্শ, আজকের সোশ্যাল মিডিয়ার যুগে অনেক ইনফ্লুয়েন্সার যুব সম্প্রদায়কে আকৃষ্ট করে। কিন্তু এই শর্টকাটের যুগেও তরুণদের সতর্ক থাকা উচিত।
Gen Z-কে শর্টকাট না নেওয়ার বার্তা মোদীর
রেলস্টেশনে লেখা একটি লাইনের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'রেলস্টেশনেও মানুষ ব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। শর্টকাট আপনার ক্ষতি করতে পারে। ভুল শর্টকাট নিলে আপনার ক্ষতি হতে পারে। জীবনে উন্নতি করতে ও অন্যদের অভিজ্ঞতা থেকে শিখতে হলে তাদের অবশ্যই নিজেদের পছন্দের ব্যক্তিদের আত্মজীবনী পড়া উচিত।'
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi says, "I would particularly like to urge the younger generation—we live in the age of 'Reels' and social media influencers. Even in this era of shortcuts, let us remember something often written at railway stations: A shortcut will cut… pic.twitter.com/kcrzzSungQ
— ANI (@ANI) August 12, 2026
কোবিন্দের প্রশংসায় পঞ্চমুখ
প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে বুধবার উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘দ্য ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক: মাই লাইফ, মাই স্ট্রাগল’ শীর্ষক বইটি প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতির ভূয়সী প্রশংসা করে মোদী বলেন, রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, 'রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেওয়ার পরেও দেশসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন কোবিন্দ। ‘এক দেশ, এক নির্বাচন’ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত যৌথ সংসদীয় কমিটির (JPC) চেয়ারম্যান হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।'
মোদীর কথায়, 'বইটির নাম যথার্থই দেওয়া হয়েছে। আত্মজীবনীতে কোবিন্দের ব্যক্তিগত জীবন, সংগ্রাম এবং সাফল্যের কথা উঠে এসেছে। তবে তাঁর সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত জয় নয়; তা ভারতের প্রজাতন্ত্র ও গণতন্ত্রেরও এক বিজয়।'
রামনাথ কোবিন্দের জীবন ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত: মোদী
নতুন প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের এই বইটি পড়া উচিত এবং রামনাথ কোবিন্দের জীবন ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত। তাঁর মতে, জীবনে এগিয়ে যেতে এবং অন্যের অভিজ্ঞতা থেকে শিখতে হলে নিজের পছন্দের ব্যক্তিদের আত্মজীবনী পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। অনুষ্ঠানে কোবিন্দের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের একটি ঘটনাও তুলে ধরেন মোদী। তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি ভবনে কোবিন্দের সঙ্গে দেখা করতে গেলে প্রোটোকল থাকা সত্ত্বেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রায়ই আনুষ্ঠানিকতার গণ্ডি ভেঙে তাঁর সঙ্গে কথা বলতেন। এমনকি প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে গাড়ির দরজা পর্যন্ত এগিয়ে আসতেন। মোদী জানান, তিনি একাধিকবার কোবিন্দকে এমনটা না করার অনুরোধ করেছিলেন। কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।
রামনাথ কোবিন্দের নিজের গ্রাম পারৌঙ্খ সফরের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি হওয়ার পর গ্রামে গিয়ে কোবিন্দ তাঁর শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, গ্রামের মাটিতে মাথা নত করেছিলেন এবং স্থানীয় মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। মোদী বলেন, কোবিন্দের এই আবেগঘন আচরণের সাক্ষী হয়েছে গোটা দেশ। তাঁর এই আচরণের মধ্য দিয়ে বিশ্বের সামনে ভারতের সংস্কৃতি, মূল্যবোধ এবং শিকড়ের প্রতি শ্রদ্ধার এক উজ্জ্বল ছবি ফুটে উঠেছে। এই সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে প্রত্যেক ভারতীয়ের গর্বিত হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।