
‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বা একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন বিল চলতি সংসদ অধিবেশনে আনা হচ্ছে না। জানা গিয়েছে, এই এক দেশ এক নির্বাচনের প্রস্তাব খতিয়ে দেখা সংসদের যৌথ কমিটি (JPC)-র রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। বুধবার লোকসভায় ধ্বনিভোটে একটি প্রস্তাব গৃহীত হওয়ার পর সংশ্লিষ্ট কমিটিকে চলতি বছরের শীতকালীন অধিবেশনের শেষ পর্যন্ত রিপোর্ট জমা দেওয়ার নতুন সময় দেওয়া হয়েছে।
JPC-র চেয়ারম্যান পি.পি. চৌধুরী লোকসভায় একটি প্রস্তাব উত্থাপন করেন। সেখানে তিনি জানান, কমিটির রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন পর্যন্ত বাড়ানোর প্রয়োজন রয়েছে। কণ্ঠভোটে সেই প্রস্তাব অনুমোদিত হয়।
বর্তমানে ৪১ সদস্যের এই যৌথ সংসদীয় কমিটি সংবিধানের ১২৯তম সংশোধনী বিল, ২০২৪ খতিয়ে দেখছে। এই বিলের লক্ষ্য হল দেশে 'ওয়ান নেশন, ওয়ান ইলেকশন' ব্যবস্থা চালুর সাংবিধানিক কাঠামো তৈরি করা।
কমিটি ইতিমধ্যেই দেশজুড়ে বিভিন্ন রাজ্য ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা ও পরামর্শ প্রক্রিয়া চালাচ্ছে। প্রস্তাব অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে লোকসভা, রাজ্য বিধানসভা এবং স্থানীয় পুরসভা ও পঞ্চায়েতের নির্বাচন একই সময়সূচিতে আনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সংসদের শীতকালীন অধিবেশন সাধারণত নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়ে বড়দিনের আগেই শেষ হয়। সেই অধিবেশন শেষ হওয়ার আগেই JPC-কে তাদের চূড়ান্ত রিপোর্ট সংসদে জমা দিতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
তবে অধিকাংশে বিরোধী দলেরই আশঙ্কা শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহে JPC কমিটির রিপোর্ট পেশের পরই এই এক দেশ এক নির্বাচন বিল সংসদে পাশ করানোর চেষ্টা করবে কেন্দ্র। এবং এই নিয়ে আলোচনার সময় দেওয়া হবে না।