প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেতুটির উদ্বোধন করেন।শনিবার নীতীশ সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে এই সেতু নামাঙ্কিত। বিহারের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে নীতীশ সেতু। গঙ্গার উপর তৈরি ছ’লেনের এই সেতু পটনা ও বৈশালীকে যুক্ত করেছে। প্রায় ৪,২৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্প। উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু যাতায়াত নয়, কৃষিপণ্য পরিবহণ, ব্যবসা-বাণিজ্য এবং প্রত্যন্ত এলাকার মানুষের হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছনোর পথও সহজ করার লক্ষ্য রয়েছে এই সেতুর।
পটনা জেলার কচ্ছি দরগাহ থেকে বৈশালীর বিদুপুর পর্যন্ত বিস্তৃত এই সেতু। আগে প্রকল্পটির নাম ছিল কচ্ছি দরগাহ-বিদুপুর সেতু। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে এর নামকরণ করা হয়েছে।
নীতীশ সেতুর বৈশিষ্ট্য
সেতুটির মূল অংশের দৈর্ঘ্য প্রায় ৯.৭৬ কিলোমিটার। দু’পাশের সংযোগকারী রাস্তা ধরলে গোটা প্রকল্পের দৈর্ঘ্য প্রায় ১৯.৭ কিলোমিটার। এটি ছ’লেনের এক্সট্রাডোজড কেবল-স্টেড সেতু। এই প্রযুক্তিতে কেবল এবং বিশেষ ধরনের স্তম্ভের সাহায্যে সেতুর ভার বহন করা হয়। ফলে দীর্ঘ নদীপথের উপর মজবুত পরিকাঠামো তৈরি করা সম্ভব হয়েছে।
সেতুটি পটনার কচ্ছি দরগাহের কাছে ২২ নম্বর জাতীয় সড়ক এবং বৈশালীর বিদুপুরের কাছে ৩২২ নম্বর জাতীয় সড়ককে যুক্ত করেছে। প্রায় ৪,২৮০ কোটি টাকা খরচ হয়েছে এই প্রকল্পে।
কাদের সবচেয়ে বেশি সুবিধা হবে?
নীতীশ সেতুর ফলে মহাত্মা গান্ধী সেতু এবং জে পি সেতুর উপর যানবাহনের চাপ কমতে পারে। উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যাতায়াতের সময়ও কমবে। বিশেষ সুবিধা পাবেন রাঘোপুর দিয়ারা এলাকার বাসিন্দারা। গঙ্গা দিয়ে ঘেরা এই এলাকায় যোগাযোগ দীর্ঘদিন ধরেই বড় সমস্যা। নতুন সেতুর ফলে পটনার হাসপাতাল, স্কুল-কলেজ এবং বাজারে পৌঁছনো সহজ হবে।
কৃষিপণ্য ও শিল্পের সামগ্রী দ্রুত বাজারে পৌঁছনোর সুযোগ তৈরি হবে। তাতে ব্যবসা এবং স্থানীয় অর্থনীতিও গতি পেতে পারে।