নীতিন গড়করি ইথানল মিশ্রিত পেট্রল বা E20 নিয়ে গাড়ির মালিকদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে দাবি করছেন, ইথানলের কারণে ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। এবার সেই বিতর্কে মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। তাঁর দাবি, ইথানল মেশানো পেট্রল ব্যবহারে গাড়ির কোনও ক্ষতি হচ্ছে না। বরং এই জ্বালানির বিরুদ্ধে মানুষের মধ্যে ভয় তৈরি করতে পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে প্রচার চালানো হয়েছে। এর পিছনে তেল আমদানির সঙ্গে যুক্ত লবির স্বার্থ রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
নয়াদিল্লিতে আয়োজিত ১৪তম CII বায়োএনার্জি সামিটে বক্তব্য রাখতে গিয়ে গড়করি বিকল্প জ্বালানির পক্ষে সওয়াল করেন। ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে উদ্বেগের জবাবে তিনি বলেন, গাড়ির কোনও ক্ষতি হচ্ছে না। তাঁর কথায়, 'কারও গাড়ি নষ্ট হচ্ছে না। গাড়ি এখন ঠিকই রয়েছে।'
ইথানল পেট্রলের বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রচারের অভিযোগ
গড়করির অভিযোগ, গত দুই থেকে তিন মাস ধরে ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে। পরিকল্পিতভাবে অর্থের বিনিময়ে প্রচার চালিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে, এই ধরনের পেট্রল ব্যবহার করলে গাড়ির ক্ষতি হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, তেল আমদানির সঙ্গে যুক্ত কিছু লবি নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য ইথানল মিশ্রণের বিরোধিতা করছে।
ভারতের অপরিশোধিত তেলের চাহিদার বড় অংশই আমদানির মাধ্যমে মেটাতে হয়। সেই নির্ভরতা কমাতে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর পক্ষে দীর্ঘদিন ধরেই সওয়াল করছেন গড়করি। তাঁর মতে, ইথানল, মিথানল, বায়োডিজেল এবং হাইড্রোজেনের মতো জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হতে পারে।
পুরনো গাড়িতে E20 পেট্রল কতটা নিরাপদ?
গড়করির এই মন্তব্য এমন সময়ে এল, যখন পুরনো গাড়িতে E20 পেট্রল ব্যবহারের প্রভাব নিয়ে বিতর্ক চলছে। গত অগাস্টে সংসদে তিনি জানিয়েছিলেন, E20 পেট্রল পুরনো গাড়ির জন্যও নিরাপদ। এমনকী, E20 ব্যবহারের উপযোগী মানদণ্ড চালু হওয়ার আগের গাড়িগুলিতেও এই জ্বালানি ব্যবহার করা যেতে পারে বলে দাবি করেছিলেন তিনি।
DMK সাংসদ কনস্টান্টাইন রবীন্দ্রনের এক প্রশ্নের উত্তরে গড়করি জানিয়েছিলেন, BS-III মডেল-সহ ২০১৭ সালের ১ এপ্রিলের আগে তৈরি এবং নথিভুক্ত গাড়িতে E20 পেট্রল ব্যবহারের প্রভাব খতিয়ে দেখা হয়েছে। পরীক্ষাগারভিত্তিক গবেষণা এবং বাস্তব পরিস্থিতিতে চালানো পরীক্ষায় গাড়ির যন্ত্রাংশের অস্বাভাবিক ক্ষয় বা কর্মক্ষমতায় বড়সড় পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়নি বলেও জানিয়েছিলেন তিনি।
তবে একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বীকার করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য ছিল, E20 পেট্রল ব্যবহারে গাড়ির মাইলেজ ২ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমতে পারে। যদিও মাইলেজ কমা বা বাড়ার পিছনে শুধু জ্বালানির ধরনই দায়ী নয়। গাড়ি চালানোর অভ্যাস, নির্দিষ্ট সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন, এয়ার ফিল্টারের পরিচ্ছন্নতা, টায়ারের চাপ, হুইল অ্যালাইনমেন্ট এবং এসির ব্যবহারও মাইলেজের উপর প্রভাব ফেলে।
বিকল্প জ্বালানিতে জোর, তৈরি হবে ৩ হাজার গোবরধন প্ল্যান্ট
শুধু ইথানল নয়, একাধিক বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেছেন গড়করি। তাঁর বক্তব্যে উঠে এসেছে প্রায় ৩ হাজার নতুন গোবরধন প্ল্যান্ট তৈরির প্রসঙ্গ। এই প্ল্যান্টগুলিতে জৈব বর্জ্যকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা হবে।
এছাড়াও ইথানল থেকে বিমান চালানোর জ্বালানি তৈরি এবং কার্বন ডাই-অক্সাইডকে ব্যবহার করে ইউরিয়া উৎপাদনের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন তিনি। বিকল্প জ্বালানি হিসেবে ডাইমিথাইল ইথার বা DME ব্যবহারের উপরেও জোর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, LPG-র বিকল্প হিসেবে DME ব্যবহার করা গেলে আমদানি করা জ্বালানির উপর ভারতের নির্ভরতা কমানো সম্ভব।
দূষণ নিয়ন্ত্রণ, জ্বালানি আমদানির খরচ কমানো এবং দেশের নিজস্ব বিকল্প জ্বালানি উৎপাদন বাড়ানো, এই তিন লক্ষ্যেই ইথানল-সহ বায়োফুয়েলের ব্যবহার বাড়াতে চাইছে কেন্দ্র। তবে E20 পেট্রল নিয়ে গাড়ির মালিকদের উদ্বেগের মধ্যেই গডকরির এই বক্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল।