Neha Bora: 'বাংলাদেশের Gen Z আন্দোলন পথ দেখিয়েছে', নেহা বোরার Video

বাংলাদেশের বাম ছাত্র সংগঠনের পেজে আপলোড করা হয়েছে নেহা বোরার একটি ভিডিও বার্তা। ওই ভিডিওয় নেহাকে বলতে শোনা গিয়েছে, সে দেশের জেন জি আন্দোলন অনুপ্রেরণা দিয়েছে।

Advertisement
'বাংলাদেশের Gen Z আন্দোলন পথ দেখিয়েছে', নেহা বোরার Video বাংলাদেশ নিয়ে যা বললেন নেহা বোরা।
হাইলাইটস
  • বাংলাদেশের বাম ছাত্র সংগঠনকে ভিডিওবার্তা নেহার।
  • ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক।

'বাংলাদেশের জেন জি আন্দোলন থেকে অনুপ্রেরণা পাই'। এমনটাই বলতে শোনা গেল আইসা নেত্রী নেহা বোরাকে। বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে ওই ভিডিও। যার সত্যতা যাচাই করেনি বাংলা ডট আজতক ডট ইন। ওই ভিডিওয় নেহাকে বলতে শোনা গেল,'আমরা জানি, এ দেশে (ভারত) সর্বত্র যে জেন জি আন্দোলন হচ্ছে, তার সূচনা হয়েছিল বাংলাদেশেই। আমাদের পথ দেখানোর জন্য, এ দেশের তরুণদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে সংহতি জানানোর জন্য আপনাদের অভিনন্দন জানাই'।

নেহাকে আরও বলতে শোনা গিয়েছে,'আমরা জানি, বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ছিল গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকারের দাবিতে। আজ এ দেশের তরুণেরা যে আন্দোলনে অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন, সেটিও গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার লড়াই'। সেই সঙ্গে ধর্মীয় মৌলবাদের প্রসঙ্গও টেনেছেন নেহা। তাঁর কথায়,'আমরা জানি, আপনাদের দেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে, আজ এ দেশের জেন জি এবং তরুণেরাও সেই লড়াই করছেন। আমরা বুঝতে পারছি, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর ক্রমশ আক্রমণ বাড়ছে। ভারতেও পরিস্থিতি একই রকম। দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়াদের অধিকারের উপর ব্যাপক দমনপীড়ন চলছে। পাশাপাশি শিক্ষার বেসরকারিকরণ করা হচ্ছে'।

নেহা আরও জানান,'আমরা শিক্ষার গেরুয়াকরণ দেখছি। একই সঙ্গে স্বাধীন ও সমালোচনামূলক চিন্তাভাবনার উপরেও আঘাত নেমে আসছে। বাংলাদেশেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। সেখানে স্বাধীন চিন্তাভাবনাকে দমন করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণদের উপর জোর করে রাজনৈতিক প্রচার চাপিয়ে দেওয়া হচ্ছে'।

এরপরই বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন নেহা। তাঁর কথায়,'আপনাদের আন্দোলন থেকে আমরা অনুপ্রেরণা পাই, আপনাদের নেতৃত্বে চলা সংগ্রাম থেকে শিক্ষা নিই। আমাদের আশা, বাংলাদেশে আপনারা এবং ভারতে আমরা একসঙ্গে লড়াই করে আরও উন্নত দক্ষিণ এশিয়া, আরও সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারব'।

Advertisement

বলে রাখি, নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলন থেকে প্রচারে আসেন নেহা বোরা। ওই আন্দোলনের সময় অনশনও করেছিলেন। তারপর থেকে পরিচিত মুখ নেহা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে মিছিলে দেখা গিয়েছে তাঁকে। ভাইরাল হয়েছে নেহার একের পর এক ভাষণও। 

POST A COMMENT
Advertisement