কুরলায় কাপলকে ধরে মার। মুম্বইয়ের একটি পার্কে যুগলকে মারধর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। শুক্রবার, ২০ নভেম্বর কুরলার ফিনিক্স মলের কাছে পার্কে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ৮ নাবালককে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের 'জেহাদি' বলে দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম। যদিও হামলার পিছনে কোনও ধর্মীয় কারণ রয়েছে কিনা, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।
ঘটনাটি কুরলা পশ্চিমে ফিনিক্স মলের পিছনে প্রমোদ মহাজন পার্কের। ১৯ নভেম্বর সেখানে ছবি তুলছিলেন ওই তরুণ ও তরুণী। অভিযোগ, সেই সময় পার্কে থাকা ৮ থেকে ১০ জন যুবক তাঁদের উদ্দেশে অশ্লীল মন্তব্য করে। যুগল প্রতিবাদ জানাতেই তাঁদের উপর চড়াও হয় ওই দল। পুলিশের দাবি, অভিযুক্তদের দলে ছিল ৮ থেকে ১০ জন কিশোর। মোবাইল ফোনে গোটা ঘটনার ভিডিও রেকর্ড করেন স্থানীয় বাসিন্দারা। নেটমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওয় দেখা যাচ্ছে, লাঠির দিয়ে দিয়ে ওই পুরুষ ও মহিলাকে মারধর করছে এক দল কিশোর। এমনকি তাঁদের ধাওয়া করতেও দেখা গিয়েছে অভিযুক্তদের। ভিডিওয় দেখা গিয়েছে, লাঠি দিয়ে মারধরের পাশাপাশি পুরুষ অভিযোগকারীকে লাথি আর ঘুষিও মারা হয়।
ভিডিও প্রকাশ্যে আসার পরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। আক্রান্ত যুগলের সঙ্গে যোগাযোগ করে তাঁদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। ডিসিপি গণেশ শিন্দে জানিয়েছেন, এই ঘটনায় ৮ নাবালককে পাকড়াও করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাঁদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হবে। অভিযুক্তদের অভিভাবকদেরও নোটিস পাঠিয়েছে পুলিশ।
এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ১৮৯(২) (বেআইনি জমায়েত), ১৮৯(৪) (অস্ত্র বা প্রাণঘাতী হতে পারে এমন বস্তু নিয়ে বেআইনি জমায়েতে অংশগ্রহণ), ১১৮(১) (ইচ্ছাকৃত আঘাত করা), ৩৫২ (শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান) এবং ৩৫১(২) (ফৌজদারি ভীতি প্রদর্শন)।
'হিন্দু যুগলকে মেরেছে মুসলমানরা'
এদিকে গোটা ঘটনায় বিজেপির প্রাক্তন সাংসদের মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযুক্ত কিশোরদের ‘মুসলিম উগ্রপন্থী’ বলেও আক্রমণ করেছেন কিরীট সোমাইয়া। এক্সে হ্যান্ডলে মরাঠি ভাষায় তিনি লেখেন,'ফিনিক্স মলের কাছে মুসলিম উগ্রপন্থীদের হাতে আক্রান্ত হয়েছেন তরুণ হিন্দু যুগল'। এফআইআর দায়ের হওয়ার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন,'৫ কিশোরের অভিভাবককে নোটিস পাঠানো হয়েছে'। ঘটনায় তীব্র নিন্দা করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা ইনতেখাব ফারুকিও। তাঁর বক্তব্য, এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
আতঙ্কিত স্থানীয়রাও
ঘটনার পর পার্কে যায় আজতক। সেখানে প্রত্যক্ষদর্শী সরনাবাই গজরে জানান, উদ্যানে কোনও নিরাপত্তারক্ষী নেই। তাঁর দাবি, ঘটনার সময় সেখানে প্রায় ১২ জন ছিল। তাঁকেও ভয় দেখানো হয়েছিল। পার্কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা অশোক কাম্বলও। তাঁর বক্তব্য, উদ্যানে নেশা করতে আসে অনেকে। সেই কারণেই স্থানীয় বাসিন্দারা সেখানে যেতে চান না।
নিন্দায় বজরং দল
ঘটনার প্রতিবাদে পার্কে পৌঁছন বজরং দলের কর্মীরা। পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের তীব্র সমালোচনা করেন তাঁরা। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে না পারলে পার্কের দরজা খোলা রাখার প্রয়োজন কী, সেই প্রশ্নও তোলেন। বজরং দলের সদস্যদের হুঁশিয়ারি, আগামী দিনে বৃহন্মুম্বই পুরনিগমের (BMC) এই পার্কে নিরাপত্তার সমস্যা মেটানো না হলে তাঁরা নিজেরাই ব্যবস্থা নেবেন।