IndiGo Flight Hijack Threat: বিমান হাইজ্যাকের হুমকি, মাঝ আকাশ থেকে বেঙ্গালুরুতে ফিরল ইন্ডিগোর ফ্লাইট

বিমানের শৌচাগারে পাওয়া ওই চিঠিতে লেখা ছিল, 'এই বিমানটি ঠিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হাইজ্যাক করা হবে।' চিঠিটি উদ্ধারের পরই বিমানকর্মীরা কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা করার জন্য বিমানটিকে বেঙ্গালুরুতে ফিরিয়ে আনা হয়।

Advertisement
বিমান হাইজ্যাকের হুমকি, মাঝ আকাশ থেকে বেঙ্গালুরুতে ফিরল ইন্ডিগোর ফ্লাইটবিমান হাইজ্যাকের হুমকি (ফটো: আইটিজিডি)
হাইলাইটস
  • এই বিমানটি ঠিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হাইজ্যাক করা হবে
  • চিঠিটি উদ্ধারের পরই বিমানকর্মীরা কর্তৃপক্ষকে বিষয়টি জানান
  • এরপর প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা করার জন্য বিমানটিকে বেঙ্গালুরুতে ফিরিয়ে আনা হয়

বিমান হাইজ্যাকের হুমকি। যার জেরে বেঙ্গালুরু থেকে লখনউগামী ইন্ডিগোর একটি বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই ফের বেঙ্গালুরু এয়ারপোর্টে ফিরে আসে। বিমানের শৌচাগার থেকে হাতে লেখা একটি হুমকির চিঠি উদ্ধার হয়। তারপরই এই সিদ্ধান্ত নেন পাইলট। শনিবারের এই ঘটনায় বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।

জানা গিয়েছে, ইন্ডিগোর 6E 451 নম্বর বিমানটিতে ১৭৮ জন যাত্রী ছিলেন। ৭ নভেম্বর বিকেল ৫টা ৫০ মিনিটে বেঙ্গালুরু থেকে বিমানটি লখনউয়ের উদ্দেশে রওনা দেয়। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের শৌচাগারে একটি হাতে লেখা চিঠি দেখতে পান কর্মীরা। সেখানে নির্দিষ্ট সময় উল্লেখ করে বিমান হাইজ্যাকের হুমকি দেওয়া হয়েছিল। এরপরই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-কে বিষয়টি জানান। তারপর নিরাপত্তা বিধি মেনে বিমানটিকে বেঙ্গালুরুতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমানের শৌচাগারে পাওয়া ওই চিঠিতে লেখা ছিল, 'এই বিমানটি ঠিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হাইজ্যাক করা হবে।'

চিঠিটি উদ্ধারের পরই বিমানকর্মীরা কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপর প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা করার জন্য বিমানটিকে বেঙ্গালুরুতে ফিরিয়ে আনা হয়।

বিমানটি ল্যান্ডিংয়ের পর সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। এরপর নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে বিমানে তল্লাশি চালান নিরাপত্তাকর্মীরা। পাশাপাশি, কে ওই হুমকির চিঠি লিখে বিমানের শৌচাগারে রেখেছিলেন, তা জানতে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে বিমানবন্দর পুলিশ।

নিরাপত্তার ছাড়পত্র পেলেই লখনউয়ের উদ্দেশে রওনা দেবে বিমান

শনিবার একটি বিবৃতি দিয়ে ইন্ডিগো জানায়, বেঙ্গালুরু-লখনউগামী 6E 451 নম্বর বিমানে নিরাপত্তা সংক্রান্ত হুমকির খবর পাওয়া গিয়েছে।

বিমান সংস্থার মুখপাত্র জানান, 'নির্ধারিত নিয়ম মেনেই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করার জন্য পাইলটরা বিমানটিকে যাত্রার মূল বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।'

এই ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বিমান সংস্থা। যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। তাঁদের খাবার ও পানীয় দেওয়া হচ্ছে। পাশাপাশি, পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে।

Advertisement

ইন্ডিগো আরও জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরেই বিমানটি লখনউয়ের উদ্দেশে ফের যাত্রা শুরু করবে।

বিমান সংস্থার মুখপাত্রের কথায়, 'ইন্ডিগোর কাছে যাত্রী, বিমানকর্মী এবং বিমানের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।'

দু'দিনে দ্বিতীয়বার ইন্ডিগোর বিমানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

উল্লেখ্য, মাত্র একদিন আগেই ইন্ডিগোর আরও একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। দিল্লি থেকে চেন্নাইগামী 6E 6091 নম্বর বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার আগে বোমা রাখার হুমকি পায়।

জানা গিয়েছে, বিমানটি টেক-অফের জন্য তৈরি হচ্ছিল। সেই সময় বিমানের পিছনের দিকের শৌচাগারে একটি সতর্কবার্তা লেখা চিঠি দেখতে পান বিমানকর্মীরা। তাতে বিমানটিকে যাত্রা না করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

এরপর বিমানটিকে ফের নির্দিষ্ট বে-তে নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা চালানো হয়। পরে ওই হুমকিকে ভুয়ো বলে ঘোষণা করা হয়। এরপর বিকেল ৫টা নাগাদ বিমানটি দিল্লি থেকে রওনা দেয়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ নিরাপদে চেন্নাইয়ে অবতরণ করে।


এদিকে বেঙ্গালুরু-লখনউগামী 6E 451 নম্বর বিমানে পাওয়া হাতে লেখা হুমকির চিঠি নিয়ে পুলিশি তদন্ত চলছে। এমমকী নিরাপত্তা পরীক্ষা চলছে। প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া শেষ করে কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার পরেই বিমানটির পরবর্তী যাত্রা শুরু হবে।

 

POST A COMMENT
Advertisement