
দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট আয়োজনের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আগামী ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্টটি। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনুমতি প্রত্যাখ্যান করেছে পুলিশ। এই সিদ্ধান্ত নিয়ে দিল্লি পুলিশকে কটাক্ষ করলেন ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর প্রশ্ন, 'কনসার্টকেও ভয় পাচ্ছে?'
শুক্রবার এক্স হ্যান্ডলে দিল্লি পুলিশের সিদ্ধান্ত তাঁর এই কটাক্ষ নজর কেড়েছে। উল্লেখ্য, অভিজিৎ দীপকে এবং CJP-র অন্যান্য সদস্যদের নেতৃত্বে চলা বিক্ষোভ কর্মসূচির বিরুদ্ধে সরকারের কড়া পদক্ষেপের আবহেই তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জ তাঁর চলতি AURA ট্যুরের ভারতীয় পর্বের ঘোষণা করেছিলেন। সেই সূচি অনুযায়ী, দিল্লিতে প্রথম কনসার্ট হওয়ার কথা ছিল। এরপর বেঙ্গালুরু, আমদাবাদ, মুম্বই, চন্ডিগড় এবং ইন্দোর-সহ একাধিক শহরে অনুষ্ঠান করার কথা রয়েছে তাঁর।
বৃহস্পতিবার দিল্লি পুলিশ ৩০ অক্টোবরের কনসার্টের অনুমতি দিতে অস্বীকার করে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, BookMyShow-এর উদ্দেশে দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশের দফতর থেকে পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে, দিল্লিতে দিলজিতের AURA India Tour আয়োজনের আবেদন খতিয়ে দেখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অনুমোদন করা সম্ভব হচ্ছে না।
ওই চিঠিতে নির্দিষ্ট কিছু নিরাপত্তা সংক্রান্ত হুমকির তথ্য এবং চলতি উৎসবের মরশুমে পুলিশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে।
দিল্লি পুলিশের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন AAP-এরও
দিল্লির BJP পরিচালিত সরকারের বিরুদ্ধেও এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছে আম আদমি পার্টি (AAP)। দলের নেতা সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেছেন, পঞ্জাবের প্রগতিশীল কণ্ঠস্বরের প্রতি কোনও পক্ষপাতিত্ব থেকেই কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
এক্স হ্যান্ডলে তিনি লেখেন, 'কেন্দ্রীয় সরকারের অধীন দিল্লি পুলিশ কেন দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের অনুমতি দিচ্ছে না? পঞ্জাবের প্রগতিশীল কণ্ঠস্বরের প্রতি কি কেন পক্ষপাতদুষ্ট আচরণ করা হচ্ছে? ভারতীয় যুবসমাজ দিলজিৎকে ভালোবাসে এবং পঞ্জাবেও তিনি অত্যন্ত জনপ্রিয়।
কী হবে টিকিটের টাকা?
দিলজিতের ভারতীয় সফরের জন্য প্রি-সেল টিকিট বিক্রি শুরু হয়েছিল গত ৬ অক্টোবর। ইতিমধ্যেই একাধিক অনুষ্ঠানের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তবে দিল্লির কনসার্টের অনুমতি না মেলায় আয়োজকরা নতুন কোনও তারিখ ঘোষণা করবেন, নাকি টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তা এখনও স্পষ্ট নয়।
দিল্লির অনুষ্ঠানের পর আগামী ১৫ নভেম্বর ইন্দোর, ২১ নভেম্বর আমদাবাদ, ২৭ নভেম্বর মুম্বই, ২৯ নভেম্বর বেঙ্গালুরু এবং ৫ ডিসেম্বর লখনউয়ে অনুষ্ঠান করার কথা রয়েছে দিলজিতের। চন্ডিগড়েও একটি কনসার্টের ঘোষণা করা হয়েছে। তবে সেই অনুষ্ঠানের তারিখ এবং অন্যান্য বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।