Delhi Jantar Mantar Protest: সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশপ্রধানদের চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। দিল্লির যন্তর-মন্তরে ১০ অক্টোবর বিক্ষোভ কর্মসূচির অনুমতি পেল না ককরোচ জনতা পার্টি (CJP)। আয়োজকদের আবেদন খারিজ করেছে দিল্লি পুলিশ। অবশ্য শুধু দিল্লি নয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয়, সে জন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশপ্রধানদের চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।
কেন্দ্রের আশঙ্কা, বিক্ষোভের অনুমতি না মিললেও অন্য রাজ্য থেকে সিজেপি-র সদস্য এবং সমর্থকেরা দিল্লিতে আসার চেষ্টা করতে পারেন। সেই পরিস্থিতিতে আগাম সতর্কতা এবং নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কেন বিক্ষোভের অনুমতি দিল না দিল্লি পুলিশ?
পুলিশ সূত্রে খবর, ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দিনভর যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করেছিল সিজেপি। এই নিয়ে সংগঠনের তরফে চিঠিও দেওয়া হয়েছিল। তবে নয়াদিল্লি জেলার পুলিশ আধিকারিকদের বক্তব্য, ওই চিঠিতে নির্দিষ্ট নিয়ম মেনে জমায়েতের অনুমতির চাওয়া হয়নি।
পুলিশের বক্তব্য, যন্তর-মন্তরে কোনও কর্মসূচি আয়োজন করতে হলে অন্তত ১০ দিন আগে অনুমতির জন্য আবেদন করতে হয়। পুলিশের দাবি, সেই নিয়ম মানা হয়নি। তাই প্রস্তাবিত কর্মসূচিতে সম্মতি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে।
ভিড় বাড়লে নিরাপত্তা ও যান চলাচলে সমস্যা?
দিল্লি পুলিশের আশঙ্কা, নয়াদিল্লি এলাকায় একাধিক সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে বড় জমায়েত হতে পারে। তাতে নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা এবং যান চলাচলে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই সিজেপি-র প্রস্তাবিত বিক্ষোভে অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।
সব রাজ্যের পুলিশপ্রধানদের কী নির্দেশ কেন্দ্রের?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশপ্রধানদের চিঠি দিয়ে দিল্লি পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলির গোয়েন্দা সংস্থা এবং সীমান্ত দিয়ে যাতায়াতের উপর নজরদারি চালানো সংস্থাগুলির মধ্যে তথ্য আদানপ্রদান বাড়ানোর কথা বলা হয়েছে।
কেন্দ্রের নির্দেশ, কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আগেই প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ করতে হবে। দিল্লিতে যাওয়ার সম্ভাব্য পথ এবং অন্য রাজ্য থেকে মানুষের যাতায়াতের উপর নজর রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।