Dawood Ibrahim-World Exclusive : দাউদ বহাল তবিয়তে আছে পাকিস্তানে, কিছুদিন আগেই বিয়েও করেছে, কোকেন আসক্ত

কামরানের দাবি, লন্ডনে জাবির মোতিওয়ালাকে গ্রেফতারের ঘটনায় ভূমিকা নেওয়ার পর তাঁকে চরম মূল্য দিতে হয়েছিল। নিজের মার্কিন স্ত্রীকে নিয়ে পাকিস্তানে ফেরার পর দাউদ এবং জাবির ISI-এর সাহায্যে তাঁকে গ্রেফতার করায় বলে অভিযোগ করেছেন তিনি।

Advertisement
World Exclusive : দাউদ বহাল তবিয়তে আছে পাকিস্তানে, কিছুদিন আগেই বিয়েও করেছে, কোকেন আসক্তদাউদ ইব্রাহিম
হাইলাইটস
  • তবে এই মামলায় FBI-কে নিজের সাক্ষ্য দিতে রাজি হননি তিনি।
  • কামরানের বক্তব্য, আমেরিকার আদালতে তাঁর সাক্ষ্য প্রয়োজন ছিল

আন্ডারওয়ার্ল্ড ডন তথা ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিমকে নিয়ে চাঞ্চল্যকর দাবি প্রাক্তন FBI অপারেটিভ কামরান ফারিদির। তাঁর দাবি, দাউদ এখনও পাকিস্তানেই রয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানে তার তিনটি গোপন আস্তানা রয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়লেই নিজের অবস্থান বদলে ফেলে সে। তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ছোটা শাকিল। আজ তক রেডিওর একটি পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে দাউদের বর্তমান অবস্থান, আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন এই FBI অপারেটিভ।

জাবির মোতিওয়ালাকে গ্রেফতারে ভূমিকা ছিল কামরানের? 

পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কামরান ফারিদি আরও জানান, তিনি একসময় FBI-এর হয়ে পাকিস্তানে দাউদ ইব্রাহিম, আল কায়দা এবং ISIS-এর নেটওয়ার্কের ভিতরে ঢুকে কাজ করেছিলেন। দাউদের আন্তর্জাতিক আর্থিক নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি জাবির মোতিওয়ালাকে ২০১৮ সালে লন্ডনে গ্রেফতারের পিছনেও তাঁর ভূমিকা ছিল।

কামরানের দাবি, দাউদের আর্থিক লেনদেনের নেটওয়ার্ক ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি-সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। সেই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ যোগসূত্র ছিলেন জাবির। তাঁকে গ্রেফতার করানো FBI-এর একটি অপারেশনের অংশ ছিল। মার্কিন তদন্তকারী সংস্থা জাবিরকে লন্ডন থেকে আমেরিকায় প্রত্যর্পণ করাতে চেয়েছিল। এর মাধ্যমে দাউদ ইব্রাহিম এবং জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার মধ্যে আর্থিক যোগসূত্র প্রমাণ করার পরিকল্পনা ছিল বলে দাবি কামরানের।

তবে এই মামলায় FBI-কে নিজের সাক্ষ্য দিতে রাজি হননি তিনি। কামরানের বক্তব্য, আমেরিকার আদালতে তাঁর সাক্ষ্য প্রয়োজন ছিল। কিন্তু পাকিস্তানে তাঁর পরিবার থাকায় দাউদ ও জাবিরের বিরুদ্ধে সাক্ষ্য দিলে পরিবারের নিরাপত্তা বিপন্ন হতে পারত বলে আশঙ্কা করেছিলেন। সেই কারণেই শেষ পর্যন্ত সাক্ষ্য দেননি। তাঁর আরও দাবি, এর ফলে জাবিরকে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয় দাউদ।

দাউদের হয়ে কাজ করার মাশুল দিতে হয়েছিল কামরানকে?

কামরানের দাবি, লন্ডনে জাবির মোতিওয়ালাকে গ্রেফতারের ঘটনায় ভূমিকা নেওয়ার পর তাঁকে চরম মূল্য দিতে হয়েছিল। নিজের মার্কিন স্ত্রীকে নিয়ে পাকিস্তানে ফেরার পর দাউদ এবং জাবির ISI-এর সাহায্যে তাঁকে গ্রেফতার করায় বলে অভিযোগ করেছেন তিনি। কয়েক মাস জেলেও থাকতে হয়েছিল তাঁকে। তাঁর দাবি, মার্কিন নাগরিকত্ব থাকার কারণেই শেষ পর্যন্ত বড় বিপদ থেকে রক্ষা পান। তবে বর্তমানে পাকিস্তানের জেল থেকে মুক্তি পাওয়ার পর মার্কিন স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডে থাকেন কামরান।

Advertisement

তিনটি গোপন আস্তানা, বুলেটপ্রুফ গাড়ি, নিরাপত্তায় ছোটা শাকিল

দাউদের বর্তমান অবস্থান নিয়ে কামরানের দাবি, পাকিস্তানেই রয়েছেন তিনি। সেখানে তাঁর তিনটি আস্তানা রয়েছে। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার পরিস্থিতিতে দাউদ নিয়মিত নিজের অবস্থান বদল করেন। দিনের বেলায় করাচির রাস্তায় তাঁকে দেখা যায় না। সাধারণত রাতের অন্ধকারেই বাইরে বের হন বলে দাবি প্রাক্তন FBI অপারেটিভের।

কামরানের আরও দাবি, দাউদ এবং ছোটা শাকিলের কাছে বুলেটপ্রুফ গাড়ি রয়েছে। সেই গাড়ি দুবাই থেকে আনা হয়েছে। দাউদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব সামলান ছোটা শাকিল। এমনকী, প্রতি শুক্রবার ছোটা শাকিল ISI-এর সদর দফতরে গিয়ে দাউদের নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট জমা দেন বলেও দাবি করেছেন তিনি।

জরদারিকে ফোন দাউদের, পার্টিতে যেতেন প্রাক্তন FBI অপারেটিভ

কামরানের দাবি, পাকিস্তানে কাজ করার সময় দাউদের সঙ্গে একাধিকবার তাঁর দেখা হয়েছে। বিভিন্ন পার্টিতেও দাউদের সঙ্গে গিয়েছেন তিনি। বাইরে থেকে নিজেকে ধর্মপ্রাণ হিসেবে তুলে ধরলেও ব্যক্তিগত জীবনে দাউদ বিলাসবহুল জীবনযাপন করেন। তাঁর দাবি, মুজরার আসরেও আগ্রহ রয়েছে দাউদের।

এমনকী, একবার রাতে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জরদারিকে ফোন করে নিজের কাজ হাসিল করেছিলেন দাউদ, এমন দাবিও করেছেন কামরান। তবে সেই কাজের বিস্তারিত বিবরণ দেননি তিনি।

দাউদ এখনও সক্রিয়, দ্বিতীয় বিয়ের দাবিও

সাম্প্রতিক সময়ে দাউদকে নিয়ে তৈরি হওয়া বিভিন্ন সিনেমা ও ছবিতে তাঁকে দুর্বল, বৃদ্ধ এবং প্রায় নিষ্ক্রিয় হিসেবে দেখানো হলেও সেই ধারণা ঠিক নয় বলে দাবি কামরানের। তাঁর বক্তব্য, দাউদ এখনও সম্পূর্ণ সক্রিয়। অনেক কম বয়সি এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করেছেন বলেও দাবি করেছেন তিনি।

কামরানের আরও অভিযোগ, বর্তমানে দাউদ কোকেনের নেশা করেন। দাউদ ও তাঁর গ্যাং ভারত এবং পাকিস্তান, দুই দেশেই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ (SSG)-এর কমান্ডোরা দাউদকে নিরাপত্তা দেন বলেও দাবি করেছেন তিনি।

পাকিস্তানেই রয়েছেন টাইগার মেমন?

১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের আর এক অভিযুক্ত টাইগার মেমনকে নিয়েও মুখ খুলেছেন কামরান। তাঁর দাবি, টাইগার মেমনও পাকিস্তানেই রয়েছেন এবং সেখানে নিজের ব্যবসা ও অন্যান্য কাজকর্ম সামলাচ্ছেন। তবে দাউদ ও ছোটা শাকিলের কাছে টাইগার আগের মতো গুরুত্ব পান না বলে দাবি তাঁর।

কামরানের সাক্ষাৎকারে উঠে এসেছে আরও একটি চমকপ্রদ দাবি। তাঁর বক্তব্য, ইসলাম বাবা নামে মুম্বইয়ের এক ফকিরকে পাকিস্তানে নিয়ে গিয়েছিলেন দাউদ। এরপর দাউদ ও তাঁর গ্যাংয়ের সদস্যরা কোনও বড় কাজ করার আগে ওই ফকিরের অনুমতি নিতেন। ইসলাম বাবা সম্মতি দিলেই সংশ্লিষ্ট কাজ এগোত বলে দাবি করেছেন কামরান।

 

POST A COMMENT
Advertisement