Bangladesh Border পেরিয়ে কেন গিয়েছিলেন? ছাড়া পেয়েই সত্যিটা বললেন BSF জওয়ান

ভারত ও বাংলাদেশ সীমান্তের কাছে টহল দিচ্ছিলেন বিএসএফের ওই জওয়ান। সেই সময় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের সিলেট জেলায় ঢুকে পড়েন তিনি।

Advertisement
Bangladesh Border পেরিয়ে কেন গিয়েছিলেন? ছাড়া পেয়েই সত্যিটা বললেন BSF জওয়ানবাংলাদেশ থেকে ফিরলেন বিএসএফ জওয়ান।
হাইলাইটস
  • বাংলাদেশে আটক বিএসএফ জওয়ান।
  • ৫ ঘণ্টাতেই মুক্তি।

বাংলাদেশ থেকে ভারতে এলেন বিএসএফের সেই জওয়ান। টহল দেওয়ার সময় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর ভিডিও। গত ১৭ নভেম্বর ঘটে এই ঘটনা। সার্ভিস রাইফেল সঙ্গে নিয়ে সিলেটের বিছানাকান্দি সীমান্ত এলাকায় প্রায় ২০০ গজ ভিতরে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন ওই জওয়ান।

ওই বিএসএফ কনস্টেবলের নাম জেসি যোগী। বাংলাদেশ থেকে ফিরে আসার পর গোটা ঘটনার বিবরণ দিয়েছেন তিনি। ওই জওয়ান জানিয়েছেন, বার বার সতর্ক করা সত্ত্বেও কয়েকজন যুবক তাঁর কথা শোনেননি। এরপর তিনি সীমান্তের কাছে একটি দোকানে যান এবং এক যুবককে ধমক দেন। তাঁর দাবি, সেই সময়ই বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা তাঁকে আটক করেন।

তাঁর কথায়,'ওই ছেলেদের দু'বার বুঝিয়েছিলাম। তিনবার বলেছি। তারপর ওরা আমাকে চ্যালেঞ্জ করে বলে, কী করতে পারবি? তখন আমি কী করতাম? আমি তো একা ছিলাম'।

এবার জেনে নেওয়া যাক, কীভাবে ওই জওয়ানকে দেশে ফেরানো হল?

বিএসএফ সূত্রে খবর, জওয়ানকে বাংলাদেশে আটক করার বিষয়টি জানার পরেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন বিএসএফের শীর্ষ কর্তারা। তাঁর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং হয়। ফ্ল্যাগ মিটিং হল সীমান্তে দুই দেশের নিরাপত্তারক্ষী বাহিনীর মধ্যে অফিশিয়াল বৈঠক। সীমান্ত সংক্রান্ত বিবাদ, অনুপ্রবেশ, আটক এবং অন্যান্য ঘটনা নিয়ে আলোচনা হয়। এই ধরনের বৈঠকের মাধ্যমে সীমান্তে তৈরি হওয়া বিভিন্ন জটিল পরিস্থিতির সমাধান করা হয়ে থাকে।

কীভাবে আটক?

ওই এলাকায় টহল দেওয়ার সময় বিজিবির ৪৮তম ব্যাটালিয়নের জওয়ানরা বিএসএফ জওয়ানকে আটক করেন। ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে বিএসএফ এবং বিজিবির আধিকারিকদের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং হয়। পরে ওই জওয়ান এবং তাঁর সার্ভিস রাইফেল বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।

বাংলাদেশি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিএসএফের ওই জওয়ানকে আটক করা হয়েছিল। সন্ধ্যার মধ্যেই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। অর্থাৎ প্রায় পাঁচ ঘণ্টার মধ্যেই দেশে ফিরে আসেন ভারতীয় জওয়ান। বিএসএফ সূত্রে খবর, ভারতে ফেরার পর তাঁকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে জওয়ানকে আটক করা বা তাঁর প্রত্যর্পণ নিয়ে বিএসএফের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Advertisement

কাঁটাতারহীন সীমান্ত

মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া হিলসে ঘটনাটি ঘটেছে। জায়গাটি বাংলাদেশের সিলেট জেলার ঠিক উল্টো দিকে। আধিকারিকদের দাবি, ওই এলাকায় কোনও কাঁটাতারের বেড়া নেই। দুই দেশের পর্যটকরা প্রায়ই যাতায়াত করেন সেখানে।
 
ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার ভিডিওয় দেখা গিয়েছে, বিজিবির দুই জওয়ান এবং কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে রয়েছেন এক ভারতীয় জওয়ান। তাঁর কাছে একটি ওয়াকিটকি সেট ছিল। শরীরে ঝোলানো ছিল একটি ইনসাস রাইফেল এবং একটি পাম্প-অ্যাকশন বন্দুক। ভিডিওয় আরও দেখা গিয়েছিল, স্থানীয় এক ব্যক্তির মোটরবাইকে চাপিয়ে ওই ভারতীয় জওয়ানকে নিয়ে যাচ্ছেন বিজিবির জওয়ানরা।
 

TAGS:
POST A COMMENT
Advertisement