ই২০ নিয়ে বিতর্ককর্নাটক সরকার E20 নিয়ে গুরুতর অভিযোগ করেছে। তাদের দাবি, তেল সংস্থাগুলি নির্ধারিত ২০ শতাংশের থেকে বেশি ইথানল মেশাচ্ছে পেট্রোলে। এবার তার জবাব দিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ‘MythVsFact’ প্রচার চালাচ্ছে ভারত পেট্রোলিয়াম। কিন্তু এই আবহে ওই সংস্থার একটি ডিলিটেড পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
রবিবার ওই পোস্টে ভারত পেট্রোলিয়াম দাবি করেছিল, মহীশূরের একটি পেট্রোল পাম্পে জ্বালানির ইথানল মিশ্রণের পরীক্ষা করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, তাতে নির্ধারিত ২০ শতাংশ ইথানলই রয়েছে। কিন্তু অনেকেই দ্রুত বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, পরীক্ষায় ইথানলের পরিমাণ ২০ শতাংশের সীমা ছাড়িয়ে ৩৩ শতাংশে পৌঁছেছিল।
যদিও বিতর্কের মুখে দ্রুত পোস্টটি ডিলিট করে দেয় ভারত পেট্রোলিয়াম। কিন্তু তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সংস্থার দ্বিচারিতা নিয়ে সরব হন অনেকে।
তবে ওই ছবিতে সত্যিই ৩০ শতাংশ ইথানল মিশ্রণের প্রমাণ রয়েছে কি না, সেই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ইন্ডিয়া টুডে।
অন্য অনেক ব্যবহারকারীও মুছে দেওয়া পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন। কেউ কেউ রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত পেট্রোলিয়ামের কাছে এই বিষয়ে ব্যাখ্যাও চেয়েছেন।
গত সপ্তাহে বড়সড় অভিযোগ তুলেছিল কংগ্রেস শাসিত কর্নাটক সরকার। তাদের দাবি, বিভিন্ন তেল সংস্থার বিক্রি করা পেট্রোলে ইথানলের পরিমাণ নির্ধারিত ২০ শতাংশের (E20) তুলনায় অনেক বেশি।
রাজ্য সরকারের দাবি, কর্নাটকের বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL), শেল এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL)-এর পেট্রোল পাম্প থেকে মোট ৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় দেখা গিয়েছে, সেগুলিতে ইথানলের পরিমাণ নির্ধারিত ২০ শতাংশের সীমা ছাড়িয়েছে। অতিরিক্ত ইথানল মেশানোর ফলে গাড়ির মালিকদের বিপুল আর্থিক ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য সরকার।
এই অভিযোগকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
এ দিকে কংগ্রেস শাসিত কেরলও পেট্রোল পাম্পগুলিতে আচমকা পরীক্ষা শুরু করেছে। আপাতত চারটি জেলায় এই অভিযান চলছে। জেলাগুলি হল তিরুঅনন্তপুরম, এর্নাকুলাম, কোঝিকোড় এবং কান্নুর।
কেরলের মন্ত্রী অনুপ জ্যাকব জানিয়েছেন, প্রথম দফার পরীক্ষায় কোনও অনিয়মের প্রমাণ মিললে আরও এলাকায় এই অভিযান চালানো হবে। তাঁর কথায়, পেট্রোলের নমুনা সংগ্রহ করে সরকারি পরীক্ষাগারে পাঠানো হবে। ১০ দিনের মধ্যে পরীক্ষার ফল পাওয়া যাবে।
কেরলের কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকার আরও জানিয়েছে, অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট পেট্রল পাম্প বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হবে।