SBI : ধর্মঘটের আগে গ্রাহকদের বড় সতর্কবার্তা SBI-এর, দেওয়া হল খুব গুরুত্বপূর্ণ পরামর্শ

২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘটের কারণে ব্যাঙ্কের শাখাগুলিতে কাজকর্ম ব্যাহত হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন সাধারণ গ্রাহক, ছোট ব্যবসায়ী এবং চাকরিজীবীরা।

Advertisement
ধর্মঘটের আগে গ্রাহকদের বড় সতর্কবার্তা SBI-এর, দেওয়া হল খুব গুরুত্বপূর্ণ পরামর্শ   SBI
হাইলাইটস
  • নগদ টাকা তোলার প্রয়োজন হলে ATM ব্যবহার করতে পারেন
  • টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ADWM ব্যবহার করা যেতে পারে, যেখানে এই পরিষেবা রয়েছে

SBI-সহ একাধিক সরকারি ব্যাঙ্কের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দেশজুড়ে টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্কের ইউনিয়নগুলি। এর জেরে মাসের শেষের দিকে টানা কয়েকদিন ব্যাঙ্কের শাখায় স্বাভাবিক পরিষেবা ব্যাহত হতে পারে। এই পরিস্থিতিতে SBI গ্রাহকদের আগেভাগেই জরুরি ব্যাঙ্কের কাজ সেরে নেওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি জানিয়েছে, ধর্মঘটের সময়ও প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা যতটা সম্ভব সচল রাখার চেষ্টা করা হবে।

তবে শাখায় গিয়ে যে কাজগুলি করতে হয়, সেগুলিতে সমস্যা হতে পারে। তাই কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে ২৮ সেপ্টেম্বরের জন্য অপেক্ষা না করে তার আগেই ব্যাঙ্কে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রাহকদের উপর কী প্রভাব পড়তে পারে?

২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘটের কারণে ব্যাঙ্কের শাখাগুলিতে কাজকর্ম ব্যাহত হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন সাধারণ গ্রাহক, ছোট ব্যবসায়ী এবং চাকরিজীবীরা। চেক ক্লিয়ারেন্স, পাসবুক আপডেট, ড্রাফট তৈরি, লোন সংক্রান্ত কাগজপত্র জমা বা যাচাই এবং শাখায় গিয়ে নগদ টাকা জমা বা তোলার মতো পরিষেবায় সমস্যা হতে পারে।

আপনার যদি এই তিন দিনের মধ্যে কোনও EMI, বিল পেমেন্ট বা চেক ক্লিয়ারেন্সের নির্দিষ্ট তারিখ থাকে, তাহলে আগেভাগেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

SBI-এর পরামর্শ, কী করবেন?

১. আগে থেকেই ব্যাঙ্কের কাজ সেরে নিন

২৮ সেপ্টেম্বর ধর্মঘট শুরু হওয়ার আগেই আপনার সমস্ত জরুরি ও পেন্ডিং ব্যাঙ্কিং কাজ শেষ করে নেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে যে কাজগুলির জন্য সরাসরি শাখায় যেতে হয়, সেগুলি আগে সেরে ফেলাই সুবিধাজনক।

২. ATM ও ADWM ব্যবহার করুন

নগদ টাকা তোলার প্রয়োজন হলে ATM ব্যবহার করতে পারেন। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ADWM ব্যবহার করা যেতে পারে, যেখানে এই পরিষেবা রয়েছে।

৩. CSP-এর সাহায্য নিন

গ্রাম বা ছোট শহরের গ্রাহকরা নিকটবর্তী কাস্টমার সার্ভিস পয়েন্ট  বা CSP-এর মাধ্যমে প্রয়োজনীয় লেনদেন করতে পারেন। ব্যাঙ্কের শাখা পরিষেবা সীমিত থাকলেও এই ধরনের বিকল্প পরিষেবা কাজে আসতে পারে।

Advertisement

৪. ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবহার করুন

শাখা বন্ধ বা পরিষেবা ব্যাহত হলেও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। টাকা পাঠানো, বিল মেটানো বা অন্যান্য সাধারণ লেনদেনের জন্য নেট ব্যাঙ্কিং, YONO, মোবাইল ব্যাঙ্কিং এবং UPI ব্যবহার করা যেতে পারে।

SBI কী বলেছে?

গ্রাহকদের উদ্দেশে SBI জানিয়েছে, ধর্মঘটের সময় প্রয়োজনীয় ব্যাঙ্কিং পরিষেবা সচল রাখার জন্য তারা সবরকম চেষ্টা করবে। তবে কর্মীদের ধর্মঘটের কারণে শাখার স্বাভাবিক কাজকর্মে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। গ্রাহকদের অসুবিধার জন্য ব্যাঙ্ক দুঃখপ্রকাশ করেছে এবং পরিষেবা ব্যাহত হওয়ার প্রভাব যতটা সম্ভব কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে।

রবিবারও খুলবে সরকারি ব্যাঙ্ক

আগামী ২৬ সেপ্টেম্বর মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৭ সেপ্টেম্বর রবিবার। এরপর ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর রয়েছে তিন দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট। অর্থাৎ ২৭ সেপ্টেম্বর রবিবারও যদি ব্যাঙ্ক বন্ধ থাকত, তাহলে ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন শাখায় স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হত।

এই পরিস্থিতি এড়াতে ২৭ সেপ্টেম্বর রবিবার সরকারি ব্যাঙ্ক এবং রিজওনাল রুরাল ব্যাঙ্ক বা RRB-এর শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাঙ্কিং পরিষেবা চালু রাখার ব্যবস্থা করা হয়েছে। তাই কোনও জরুরি শাখাভিত্তিক কাজ বাকি থাকলে ২৭ সেপ্টেম্বরও গ্রাহকদের হাতে একটি অতিরিক্ত সুযোগ থাকবে। তবে ২৮ সেপ্টেম্বর থেকে ধর্মঘট শুরু হওয়ার কথা থাকায় গুরুত্বপূর্ণ কাজ যত দ্রুত সম্ভব সেরে নেওয়াই নিরাপদ।

ডিজিটাল পরিষেবায় কতটা সুবিধা?

বর্তমানে UPI, নেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো পরিষেবার কারণে ব্যাঙ্কের বহু কাজ বাড়িতে বসেই করা যায়। ফলে সাধারণ ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ধর্মঘটের প্রভাব তুলনামূলকভাবে কম হতে পারে।

তবে যেসব পরিষেবার জন্য সরাসরি ব্যাঙ্কের শাখায় উপস্থিত হওয়া বাধ্যতামূলক, সেগুলির ক্ষেত্রে সমস্যার সম্ভাবনা রয়েছে। তাই চেক, লোনের কাগজপত্র, নগদ জমা বা তোলা এবং অন্যান্য শাখাভিত্তিক কাজ থাকলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করাই ভালো।

সব মিলিয়ে, ২৬ সেপ্টেম্বর চতুর্থ শনিবারের ছুটি, ২৭ সেপ্টেম্বর রবিবার এবং তার পরের তিন দিনের ধর্মঘটের কারণে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ব্যাঙ্কিং পরিষেবায় বিশেষ পরিস্থিতি তৈরি হতে চলেছে। ফলে SBI-সহ সরকারি ব্যাঙ্কের গ্রাহকদের এখন থেকেই নিজেদের জরুরি কাজের পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

POST A COMMENT
Advertisement