Amit Shah On Rahul Gandhi :'আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না', কারণ ব্যাখ্যা করে রাহুলকে কটাক্ষ শাহর

শুধু রাহুল গান্ধী নন, নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা কংগ্রেস ও তাদের সহযোগী দলগুলিকেও নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, একাধিক রাজ্যে দীর্ঘদিন ক্ষমতার বাইরে রয়েছে বিরোধীরা।

Advertisement
'আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না', কারণ ব্যাখ্যা করে রাহুলকে কটাক্ষ শাহর অমিত শাহ ও রাহুল গান্ধী
হাইলাইটস
  • রাহুলের বিদেশ সফর নিয়ে একাধিক বিজেপি নেতা কটাক্ষ করেছেন
  • বিজেপির অভিযোগ, দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে মিথ্যা কথা বলতে বলতে ক্লান্ত হয়ে ছুটিতে গিয়েছেন কংগ্রেস নেতা

বিদেশ সফরে রয়েছেন রাহুল গান্ধী। এদিকে দেশের বিভিন্ন প্রান্তে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে কংগ্রেস ও তাদের সহযোগী দলগুলি। এই পরিস্থিতিতে লোকসভার বিরোধী দলনেতাকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

তাঁর দাবি, আগামী ৩০ বছরেও ক্ষমতায় ফিরতে পারবে না কংগ্রেস। দিল্লিতে যমুনা নদী পরিষ্কারের জন্য ৮,৯৪১ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করে রাহুলকে নিশানা করেন শাহ। 

‘পরের ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না’

রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে কটাক্ষ করে অমিত শাহ বলেন, 'আমি জানি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না। আপনি কোথাও বিদেশে বসে রয়েছেন। কেন বিদেশে গিয়েছেন, তা-ও ব্যাখ্যা করেন না। তবে ঠিক আছে, সেটা আপনার ব্যক্তিগত জীবন। কিন্তু দিল্লিতে ফিরলে আমার কথা শুনবেন। আগামী ৩০ বছর আপনি ক্ষমতায় আসতে পারবেন না।' 

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকার প্রতিবাদে দেশজুড়ে সরব হয়েছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতেই রাহুল গান্ধীর বিদেশ সফরকে হাতিয়ার করে তাঁকে আক্রমণ করেছে বিজেপি।

বিদেশ সফর নিয়ে বিজেপির নিশানা

রাহুলের বিদেশ সফর নিয়ে একাধিক বিজেপি নেতা কটাক্ষ করেছেন। বিজেপির অভিযোগ, দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে মিথ্যা কথা বলতে বলতে ক্লান্ত হয়ে ছুটিতে গিয়েছেন কংগ্রেস নেতা। রাহুলের ভিয়েতনাম যাত্রার দাবি করে একটি ভিডিয়োও এক্স হ্যান্ডলে পোস্ট করে বিজেপি। একই সঙ্গে প্রশ্ন তোলা হয়, রাহুল গান্ধীর বিদেশ সফরের উদ্দেশ্য কী?

বিজেপি নেতা সম্বিত পাত্র অভিযোগ করেন, রাহুল গান্ধী নাকি সরকার পরিবর্তনের পরিকল্পনা করছেন। পাশাপাশি জর্জ সোরসের কাছ থেকে ক্লাস নিতেই তিনি বিদেশে গিয়েছেন বলে দাবি করেন পাত্র। বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারীও প্রশ্ন তোলেন, রাহুল কি শুধুই বিশ্রাম নিতে বিদেশে গিয়েছেন, নাকি তাঁর বিশৃঙ্খলা সৃষ্টিকারী সহযোগীদের সঙ্গে দেখা করতে?
অন্যদিকে, কংগ্রেসের বক্তব্য, ব্যক্তিগত সময়ে কোথাও যাওয়া রাহুল গান্ধীর নিজস্ব অধিকার।

Advertisement

কংগ্রেসকে বিঁধে কী বললেন শাহ?

শুধু রাহুল গান্ধী নন, নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা কংগ্রেস ও তাদের সহযোগী দলগুলিকেও নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, একাধিক রাজ্যে দীর্ঘদিন ক্ষমতার বাইরে রয়েছে বিরোধীরা। শাহ বলেন, 'বাংলায় ৫৪ বছর ধরে আপনারা নির্বাচনে জেতেননি। অরুণাচল প্রদেশে ১২ বছর এবং দিল্লিতে ১৮ বছর ধরে আপনারা নির্বাচিত হননি।'

এর পরেই আগামী ৩০ বছর বিজেপি ক্ষমতায় থাকবে বলে তাঁর মন্তব্যের প্রসঙ্গ টেনে শাহ বলেন, বিজেপি এমন কথা বললেই বিরোধীরা জনতার কাছে দাবি করে, নির্বাচনে কারচুপি হয়েছে। তা না হলে অমিত শাহ কীভাবে জানলেন যে বিজেপি ক্ষমতায় থাকবে?

রাহুলের বিদেশ সফরের প্রসঙ্গ টেনে শাহ আরও বলেন, টপ্রতি ছ’মাস অন্তর যাঁকে বিদেশে যেতে হয়, আমি তাঁর মতো নই। আমি এই দেশেই জন্মেছি, এখানেই থাকি এবং এখানেই মারা যাব।'

যমুনা পরিষ্কার নিয়েও বিরোধীদের আক্রমণ

যমুনা নদীর দূষণ প্রসঙ্গেও আম আদমি পার্টি (AAP) এবং কংগ্রেসকে আক্রমণ করেন অমিত শাহ। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও এই দলগুলি নদী পরিষ্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় কাজ করেনি।

শাহের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার যমুনা নদীকে সম্পূর্ণ পরিষ্কার করার কাজে উদ্যোগী হবে। যমুনার উৎস যমুনোত্রী থেকে প্রয়াগরাজের সঙ্গম পর্যন্ত নদী পরিষ্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, এই কাজ করার সুযোগ বিজেপির নেতৃত্বাধীন সরকারের কাছেই রয়েছে।

বিরোধীদের আন্দোলন নিয়েও কটাক্ষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, 'প্রতিবাদ ও বিক্ষোভ করে কিছু অর্জন করা যায় না। যেখানে আপনারা নির্বাচিত হয়েছেন, সেখানে মানুষের জন্য কী পরিকল্পনা রয়েছে, তা নিয়ে আসুন।'

POST A COMMENT
Advertisement