CJP নেতাদের বিরুদ্ধে লুক আউট নোটিস কেবলমাত্র সৌরভ দাসই নয়, অভিজিৎ দীপকে এবং আশুতোষ রাঙ্কার বিরুদ্ধেও জারি করা হয়েছে লুক আউট নোটিস। মুম্বইয়ের দাদরে শিবাজী পার্কে গত ২ অক্টোবর অনুমতি ছাড়া একটি সভার আয়োজন করায় ককরোচ জনতা পার্টির (CJP) এই নেতাদের বিরুদ্ধে FIR দায়ের হয়েছিল। রুজু হওয়া সেই মামলার প্রেক্ষিতেই এই লুক আউট সার্কুলার জারি বলে খবর।
দিল্লি বিমানবন্দর থেকে ব্রিটেনের একটি বিমানে উঠতে দেওয়া হয়নি CJP-র যুগ্ম কনভেনার সৌরভ দাসকে। এরপরই তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার সেই মামলায় কেন্দ্রের পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয়, একটি লুক আউট নোটিস জারি করা হয়েছে সৌরভ দাসের বিরুদ্ধে। মুম্বই পুলিশের অনুরোধেই এই সার্কুলার জারি বলে জানানো হয়েছে। সৌরভের পাসপোর্টের তথ্যেও অসঙ্গতি মিলেছে বলে অভিযোগ।
অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা বিচারপতি অমিত মহাজনকে জানান, সৌরভের স্কুল, ঠিকানা, পড়াশোনা সংক্রান্ত তথ্যে অসঙ্গতি রয়েছে। এমনকী এই তথ্যের অসঙ্গতি তাঁর ভারতীয় নাগরিকত্বকেও সন্দেহের স্ক্যানারে রাখছে। সিনিয়র আইনজীবী অখিল সিবল জানান, তাঁর মক্কেল সৌরভ দাস বিমানবন্দরে পৌঁছনো মাত্রই তাঁকে একটি শোকজ নোটিস ধরিয়ে দেওয়া হয়। কোনও আগাম অর্ডার, স্থগিতাদেশ না থাকা সত্ত্বেও কী ভাবে তাঁর মক্কেলকে বিদেশযাত্রা থেকে আটকানো যায়, তা নিয়ে সওয়াল করেছেন অখিল সিবল।
অখিল সিবলের কথায়, 'কোনও নোটিস দেওয়া হয়নি। এ ভাবে কোনও নাগরিকের সঙ্গে আচরণ করা যায় নাকি?' তিনি প্রশ্ন তুলেছেন, শোকজ নোটিস কোন মামলার প্রেক্ষিতে এবং কোন অভিযোগে সৌরভকে দেওয়া হয়েছে তা সঠিক বাবে আগে কেন্দ্রকে জানাতে হবে। তবে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, এই মুহূর্তে সরকার কোনও শোকজ কপি দিতে পারবে না এবং প্রয়োজনে সৌরভ অন্যত্র, অন্য ভাবে এই মামলাকে চ্যালেঞ্জ জানাতে পারেন।
এ দিকে, শিবাজী পার্ক থানায় ২ অক্টোবরের অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছিল। ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয়কেও চিহ্নিত করা হয়েছে। অবৈধ জমায়েত এবং বিশৃঙ্খলতার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ এবং ২২৩ নম্বর ধারায় মামলা হয়েছে CJP শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে।