দিপকে কি বিপদে পড়বেন? ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বাবার আর্থিক উৎস জানতে চেয়ে তদন্তর দাবি জানালেন এক ব্যক্তি। তাঁর নাম অমিত তিওয়ারি। সুরাতের ওই তথ্যের অধিকার কর্মী জানতে চেয়েছেন, মহারাষ্ট্র সরকারের অবসরপ্রাপ্ত কর্মী ভগবানরাও দিপকে কীভাবে ছেলের উচ্চশিক্ষার জন্য টাকা জোগাড় করলেন।
এছাড়াও, দিল্লি পুলিশের মামলায় অভিযুক্ত CJP-র আন্দোলনকারীদের আইনি লড়াইয়ের জন্য প্রবীণ আইনজীবী ও রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল যে ১ কোটি টাকার আইনি সহায়তা তহবিল ঘোষণা করেছেন, তারও তদন্তের দাবি জানিয়ে নির্বাচন কমিশন এবং কর কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন তিওয়ারি।
তিওয়ারি দাবি করেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও ভগবানরাও দিপকের আর্থিক অবস্থার সঙ্গে তাঁর ছেলের বিদেশে পড়াশোনার ব্যয় সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখা উচিত।
প্রসঙ্গত, অভিজিৎ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মারাঠি ও সিবিএসই মাধ্যমে স্কুলজীবন শেষ করে পুনের গভর্মেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি পুনে ও মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনস ও আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন।
পাশাপাশি তিনি ককরোচ জনতা পার্টির আইনি অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, CJP এখনও নির্বাচন কমিশনের স্বীকৃত নিবন্ধিত রাজনৈতিক দল নয়। তবুও তারা রাজনৈতিক দলের নামে কাজ করছে এবং অর্থ সংগ্রহ করছে।
তিওয়ারি বলেন, 'ককরোচ জনতা পার্টি একটি অনিবন্ধিত সংগঠন। যদি তাদের আইনি প্রতিরক্ষা তহবিল হিসেবে ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা হয়ে থাকে, তাহলে নির্বাচন কমিশনের উচিত দেখা, তারা গণপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ২৯এ ধারায় নিবন্ধিত কি না।'
তিনি আরও বলেন, 'যদি তারা নিবন্ধিত না হয়, তাহলে রাজনৈতিক দলের নামে কার্যকলাপ পরিচালনা এবং অর্থ সংগ্রহ বা গ্রহণের বিষয়টি তদন্তের প্রয়োজন হতে পারে।'
অন্যদিকে, তিওয়ারি কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (CBIC)-এর কাছেও আবেদন করেছেন। সেখানে তিনি জানতে চেয়েছেন, কপিল সিবলের ঘোষিত ১ কোটি টাকার আইনি সহায়তা তহবিলের ক্ষেত্রে 'GST প্রযোজ্য হবে কি না।, তা পরীক্ষা করে দেখা হোক।'
উল্লেখ্য, NEET প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনের সময় দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের আইনি সহায়তার জন্য কপিল সিবল সোমবার ১ কোটি টাকার তহবিল ঘোষণার কথা জানিয়েছিলেন। এই তহবিলটি ককরোচ জনতা পার্টি (CJP) গঠন করেছে বলে জানানো হয়।