Noida Cyber Fraud: চাকরির টোপে ভারতে এনে করানো হতো সাইবার ক্রাইম, কাড়া হয়েছিল পাসপোর্ট, নয়ডায় উদ্ধার ১৬৪ বিদেশি

পুলিশের দাবি, উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের পেইং গেস্ট বা পিজি আবাসনে রাখা হয়েছিল। সেখানে তাঁদের খুবই খারাপ খাবার দেওয়া হতো। নিজেদের ইচ্ছেমতো বাইরে বেরোনোরও অনুমতি ছিল না। প্রতারণার কাজ না করতে চাইলে মারধর করা হতো বলেও অভিযোগ।

Advertisement
চাকরির টোপে ভারতে এনে করানো হতো সাইবার ক্রাইম, কাড়া হয়েছিল পাসপোর্ট, নয়ডায় উদ্ধার ১৬৪ বিদেশিনয়ডায় সাইবার প্রতারণা চক্র (ছবি: প্রতীকী)
হাইলাইটস
  • উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের পেইং গেস্ট বা পিজি আবাসনে রাখা হয়েছিল
  • সেখানে তাঁদের খুবই খারাপ খাবার দেওয়া হতো
  • নিজেদের ইচ্ছেমতো বাইরে বেরোনোরও অনুমতি ছিল না

ভারতে ভাল চাকরি। সেই সঙ্গে মিলবে মোটা বেতন। সেই প্রলোভনের ফাঁদে পড়ে এ দেশে এসেছিলেন ১৬৪ জন বিদেশি নাগরিক। কিন্তু ভারতে পা ফেলার পরই কেড়ে নেওয়া হয় তাঁদের পাসপোর্ট। চলাফেরার উপর জারি হয় নিষেধাজ্ঞা। এরপর জোর করে তাঁদের দিয়ে চালানো হচ্ছিল সাইবার ক্রাইম। এমনই একটি আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

নয়ডার সেক্টর ১৩৬-এ অভিযান চালিয়ে ইন্দোনেশিয়ার ৯২ জন এবং মালয়েশিয়ার ৭২ জন নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ২৫ বছর বয়সী এক মালয়েশিয়ার নাগরিক তান গুয়ান ওয়েইকে গ্রেফতার করা হয়েছে। চক্রের সঙ্গে যুক্ত আরও দুই মূল অভিযুক্তের খোঁজ চলছে।

পুলিশ জানিয়েছে, মূলত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার নাগরিকদের টার্গেট করত এই চক্র। তাঁদের ভারতে ভাল বেতনে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হতো। কিন্তু এ দেশে আসার পরই তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হতো। বাইরে যাতায়াতেও নিয়ন্ত্রণ জারি করা হয়েছিল। এরপর একটি সাইবার প্রতারণার কল সেন্টারে কাজ করতে বাধ্য করা হতো তাঁদের।

খারাপ খাবার, মারধর, সব সময় নজরদারি

পুলিশের দাবি, উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের পেইং গেস্ট বা পিজি আবাসনে রাখা হয়েছিল। সেখানে তাঁদের খুবই খারাপ খাবার দেওয়া হতো। নিজেদের ইচ্ছেমতো বাইরে বেরোনোরও অনুমতি ছিল না। প্রতারণার কাজ না করতে চাইলে মারধর করা হতো বলেও অভিযোগ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কাজ করতে রাজি না হওয়ায় অন্তত দু'জনকে মারধর করা হয়েছিল।

বিদেশি নাগরিকদের যাতায়াত নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৪০টি গাড়ির ব্যবস্থা করেছিল চক্রটি। ওই গাড়িগুলিতে তাঁদের থাকার জায়গা থেকে কল সেন্টারে নিয়ে যাওয়া হতো। কাজ শেষে আবার ফিরিয়ে আনা হতো। এভাবেই চলত নিয়ন্ত্রণ।

লিখে দেওয়া হতো প্রতারণার স্ক্রিপ্ট
পুলিশ জানিয়েছে, প্রতারণার নির্দিষ্ট পদ্ধতি শিখিয়ে দেওয়া হতো। কীভাবে কথা বলতে হবে, তার জন্য লিখিত স্ক্রিপ্টও দেওয়া হতো। মূলত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার নাগরিকদেরই নিশানা করা হতো।

Advertisement

এই প্রতারণার জন্য মহিলাদের নামে ভুয়ো পরিচয় এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করত চক্রটি। সেই প্রোফাইল ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা হতো। ধীরে ধীরে তাঁদের সঙ্গে অনলাইনে সম্পর্ক তৈরি করে বিশ্বাস অর্জন করতেন প্রতারকরা। এরপর ভুয়ো ট্রেডিং ও বিনিয়োগের প্ল্যাটফর্মে টাকা লগ্নি করার প্রস্তাব দেওয়া হতো।

কীভাবে মিলল সূত্র?
প্রায় এক সপ্তাহ আগে একটি ই-মেল পায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তাতেই এই প্রতারণা চক্রের বিষয়ে প্রথম সূত্র মেলে। এরপর গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করেন তদন্তকারীরা।

ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল কমিশনার অফ পুলিশ এইচ জি এস ধলিওয়াল জানিয়েছেন, খবর পাওয়ার পরই তিনি একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করেন। দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয় আধিকারিকদের।

পলাতক দুই মূল অভিযুক্তের খোঁজে পুলিশ
তদন্তে সুনীল কুমার এবং সুশীল ভাটির নাম উঠে এসেছে। পুলিশের দাবি, এই দু'জনই চক্রটির গুরুত্বপূর্ণ সদস্য। পিজি ভাড়া এবং যাতায়াতের জন্য গাড়ি ভাড়া করার দায়িত্ব ছিল সুশীলের উপর। দু'জনেই বর্তমানে পলাতক।

তাঁদের খোঁজে উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, পঞ্জাব, রাজস্থান-সহ একাধিক রাজ্যে তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। সেখান থেকে আবাসনের ভাড়া এবং অন্যান্য খরচ মেটানো হতো বলে অভিযোগ।

 


 

POST A COMMENT
Advertisement