
ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি। ২০১৮ সালের একটি অপরাধমূলক মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ধ্রুব রাঠির বিরুদ্ধে। ধ্রুব রাঠি বর্তমানে জার্মানিতে বসবাস করছেন। গত অক্টোবরেই ভারত থেকে চলে গিয়েছেন।

SIR ইস্যুতে ককরোচ জনতা পার্টি (CJP)-র আন্দোলনে যোগ দিতে ভারতে এসেছিলেন ধ্রুব। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই আন্দোলনে ধ্রুব রাঠিকে আটকও করা হয়েছিল। আজ অর্থাত্ সোমবার দিল্লির আদালতে ২০১৮ সালের একটি মামলায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 'I Support Narendra Modi' নামে একটি ফেসবুক পেজে অ্যাডমিন বিকাশ পান্ডে ধ্রুব রাঠির বিরুদ্ধে ওই মামলা করেছিলেন।

অভিযোগকারীর দাবি, 'BJP IT Cell Part II' শীর্ষক একটি ভিডিওতে ধ্রুব রাঠি তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেছেন। এর ফলে তাঁর সামাজিক সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির আগে আদালত ধ্রুব রাঠিকে সমন পাঠিয়েছিল।

পরে তাঁর বিরুদ্ধে দু'বার জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু আদালতে তাঁর উপস্থিতি নিশ্চিত করা এবং পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত জামিন অযোগ্য পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

গত অক্টোবর মাসের গোড়ায় জার্মানি থেকে ভারতে এসেছিলেন ধ্রুব রাঠি। SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল CJP। সেই আন্দোলনে যোগ দিতেই ভারতে আসেন তিনি। ৮ অক্টোবর বেঙ্গালুরুতে CJP-র বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নেন রাঠি।

এরপর ১০ অক্টোবর দিল্লিতে CJP-র প্রস্তাবিত 'যন্তর মন্তর ২.০' বিক্ষোভ কর্মসূচির আগে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে নিজের বাড়ি থেকে তাঁকে আটক করে দিল্লি পুলিশ। রাজধানীতে বিক্ষোভকারীরা যাতে নির্ধারিত কর্মসূচির জায়গায় পৌঁছতে না পারেন, সে জন্য দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভের আয়োজন করেছিল দলটি।

গুরুগ্রাম পুলিশের সূত্র অনুযায়ী, ১১ অক্টোবর রাত ৩টে নাগাদ মুক্তি পান ধ্রুব রাঠি। মুক্তির পরই সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি। সেখানে তাঁর দাবি, তাঁকে গ্রেফতার বা আটক করা হয়নি, বরং অপহরণ করা হয়েছিল। রাঠি বলেন, 'ওরা আক্ষরিক অর্থেই আমার নিজের বাড়িতে ঢুকে, আমি যখন ঘুমোচ্ছিলাম, তখন আমাকে কিডন্যাপ করতে লোক পাঠিয়েছিল। কিডন্যাপ করা হয়েছিল।'

ইউটিউবারের দাবি, তাঁকে একাধিক থানায় নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় ২২ থেকে ২৩ ঘণ্টা তাঁকে ফোন ব্যবহার করতে দেওয়া হয়নি। এমনকী, নিজের আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শোওয়ার ঘর থেকে তাঁকে বের করে নিয়ে যাওয়ার সময় আঘাতও পেয়েছিলেন বলে দাবি করেন রাঠি।

তাঁর নাগরিকত্ব নিয়েও ওঠা বিভিন্ন দাবি ও জল্পনার জবাব দিতে ভিডিওতে ভারতীয় পাসপোর্ট তুলে ধরেন ধ্রুব রাঠি। বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, 'এই যে আমার পাসপোর্ট। আমি ভারতীয় নাগরিক, ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আর একজন সাধারণ নাগরিকের মতোই আমারও একই অধিকার রয়েছে যে কোনও আন্দোলনে যোগ দেওয়ার।'