Maldah: BJP নেতা ও কর্মীদের উপর হাঁসুয়া নিয়ে হামলার অভিযোগ, মালদায় ঠিক কী ঘটেছে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই মিলন ঘোষের সঙ্গে রিপন বর্মনের বিবাদ চলছিল। মিলনের পরিবারের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় বিজেপি কর্মীদের উপর নানা ভাবে চাপ তৈরি করা হচ্ছিল।

Advertisement
 BJP নেতা ও কর্মীদের উপর হাঁসুয়া নিয়ে হামলার অভিযোগ, মালদায় ঠিক কী ঘটেছে?মালদায় রাজনৈতিক সংঘর্ষ ও খুনের চেষ্টা
হাইলাইটস
  • মিলন ঘোষের সঙ্গে রিপন বর্মনের বিবাদ
  • মিলন ঘোষকে একা পেয়ে হাঁসুয়া দিয়ে কোপানো হয়
  • প্রায় ৮ থেকে ১০ জন মহিলা ও পুরুষকে আটক

মালদায় বিজেপি নেতা ও কর্মীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদার মঙ্গলবাড়ি এলাকায়। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী মিলন ঘোষ-সহ পাঁচ বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য রিপন বর্মনের বাড়ি ঘেরাও করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

মিলন ঘোষের সঙ্গে রিপন বর্মনের বিবাদ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই মিলন ঘোষের সঙ্গে রিপন বর্মনের বিবাদ চলছিল। মিলনের পরিবারের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় বিজেপি কর্মীদের উপর নানা ভাবে চাপ তৈরি করা হচ্ছিল। তাঁদের আরও অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি, বাড়িতে পাথর ছোড়া, গালিগালাজ এবং ভয় দেখানোর মতো ঘটনাও ঘটেছে।

মিলন ঘোষকে একা পেয়ে হাঁসুয়া দিয়ে কোপানো হয়

সোমবার রাতে মঙ্গলবাড়ি রেলগেট এলাকায় মিলন ঘোষকে একা পেয়ে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা রিপন বর্মনের বাড়িতে গেলে তাঁদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন জখম হয়েছেন বলে দাবি পরিবারের। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশ রিপন বর্মনের বাড়ি ঘেরাও করেন। সেই সময় একটি দোকান, চারচাকা গাড়ি এবং অটোতে ভাঙচুর চালানো হয়।

প্রায় ৮ থেকে ১০ জন মহিলা ও পুরুষকে আটক

পরিস্থিতি নিয়ন্ত্রণে মালদা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ রিপন বর্মন-সহ তাঁর পরিবারের প্রায় ৮ থেকে ১০ জন মহিলা ও পুরুষকে আটক করে থানায় নিয়ে যায়।

বিজেপির পঞ্চায়েত সদস্য শিবু ঘোষের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছেন রিপন বর্মন। বিজেপি প্রার্থীকে হামলার পাশাপাশি প্রতিবাদ করতে যাওয়া তাঁর পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ তাঁর। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Advertisement

POST A COMMENT
Advertisement