Police Station Attack: থানার ভিতরে ছুরি নিয়ে তাণ্ডব! ৯ পুলিশকর্মীকে আক্রমণ, পালাতে গিয়ে গুলিবিদ্ধ অভিযুক্ত

থানার ভিতরেই ভয়াবহ হামলা। পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়লেন এক ব্যক্তি। দিল্লির জামা মসজিদ থানার ঘটনা। 

Advertisement
থানার ভিতরে ছুরি নিয়ে তাণ্ডব! ৯ পুলিশকর্মীকে আক্রমণ, পালাতে গিয়ে গুলিবিদ্ধ অভিযুক্তবাম দিকে অভিযুক্ত নাবিল।
হাইলাইটস
  • থানার ভিতরেই ভয়াবহ হামলা।
  • পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়লেন এক ব্যক্তি।
  • দিল্লির জামা মসজিদ থানার ঘটনা। 

থানার ভিতরেই ভয়াবহ হামলা। পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়লেন এক ব্যক্তি। দিল্লির জামা মসজিদ থানার ঘটনা। প্রথমে থানার ভিতরে পাঁচ জন পুলিশকর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন । তারপর সেখান থেকে পালিয়ে যান। তাঁকে ধরতে গিয়ে আরও চার পুলিশকর্মী আহত হন। সব মিলিয়ে আহতের সংখ্যা ৯। শেষ পর্যন্ত অভিযুক্তকে থামাতে গুলি চালায় পুলিশ। তাঁর দুই পায়ে ছয়টি গুলি লাগে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

সোমবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। অভিযুক্তের নাম নাবিল। বয়স ৩০ বছর। তাঁর মা ও বোনের অভিযোগের ভিত্তিতে তাঁকে থানায় ডাকা হয়েছিল। পরিবারের অভিযোগ ছিল, নাবিল তাঁদের হেনস্থা করছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজির হতে বলা হয়। সেই সময় তাঁর মা ও বোনও থানায় উপস্থিত ছিলেন।

থানার ভিতরেই ছুরি নিয়ে হামলা
পুলিশ সূত্রে খবর, নাবিল পকেটে একটি ছোট ছুরি নিয়ে থানায় এসেছিলেন। জিজ্ঞাসাবাদের মাঝেই আচমকা সেই ছুরি বের করে পুলিশকর্মীদের উপর হামলা চালান তিনি। আহতদের মধ্যে দু’জন সাব-ইনস্পেক্টর, দু’জন হেড কনস্টেবল এবং একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর রয়েছেন। তাঁদের মুখ ও গলায় আঘাত লাগে। তিন জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

হামলার পর থানা থেকে পালিয়ে যান নাবিল। প্রথমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে এক ব্যক্তির স্কুটার ছিনতাই করে সেখান থেকে চলে যান। তাঁকে ধরতে পুলিশ তল্লাশি শুরু করে।

প্রায় দু’ঘণ্টা ধরে ধাওয়া
পুলিশের একটি দল প্রায় দু’ঘণ্টা ধরে তাঁর খোঁজ চালায়। শেষ পর্যন্ত পুরনো দিল্লির চিতলি কবর এলাকায় তাঁকে খুঁজে পায় পুলিশ। কিন্তু তাঁকে ধরতে গেলে ফের ছুরি নিয়ে পুলিশকর্মীদের উপর হামলা চালান নাবিল। এই ঘটনায় স্পেশাল স্টাফের আরও চার জন কনস্টেবল আহত হন।

এর পর আত্মরক্ষার জন্য গুলি চালায় পুলিশ। মোট আট রাউন্ড গুলি চালানো হয়। তার মধ্যে ছ’টি গুলি নাবিলের দুই পায়ে লাগে। প্রচুর রক্তক্ষরণের পর তাঁকে লোকনায়ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

আহত পুলিশকর্মীদের মধ্যে চার জনের চিকিৎসা চলছে লোকনায়ক হাসপাতালে। বাকি পাঁচ জনকে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চার জনকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, নাবিল মানসিকভাবে সুস্থ। তাঁর বিরুদ্ধে ২০২২ সালে দারিয়াগঞ্জ থানায় মারামারির একটি মামলা ছিল। এই ঘটনায় তিনটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে হঠাৎ কেন তিনি এমন হামলা চালালেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ। 

POST A COMMENT
Advertisement