বহরমপুরে ট্রেন থেকে উদ্ধার ৩৪ মুসলিম নাবালকরবিবার ওড়িশার বেরহামপুরের স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা। এদিন সকালে ফালুকনামা এক্সপ্রেস থেকে উদ্ধার করা হল ৩৪ নাবালক মুসলিম বালককে। জানা গিয়েছে, তাঁদের হায়দরাবাদের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।
সূত্রের খবর, RPF-এর আধিকারিকরা বেরহামপুরে রেলস্টেশনে এই উদ্ধার অভিযান চালান। পরে ওই নাবালকদের GRP-এর হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, উদ্ধার হওয়া ছেলেরা সকলেই মুসলিম সম্প্রদায়ের। তাঁরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ ও বিহারের বাসিন্দা। মূলত পড়াশোনার জন্য তাঁদের হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি করা হয়েছে। তবে পুলিশ এই দাবি এত সহজে মানতে নারাজ। পুরো ঘটনাটি জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই নাবালকদের সঙ্গে থাকা দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নাবালকদের উদ্ধার করার পরই বেরহামপুরে GRP থানায় পৌঁছায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির আধিকারিকরা। তাঁরা উদ্ধার হওয়া নাবালকদের সঙ্গে কথা বলেন ও আইনি প্রক্রিয়া শুরু করেন।
এক আরপিএফ আধিকারিক জানান, “চাইল্ডলাইন-এর সহায়তায় আমরা ৩৪ জন বাচ্চাকে উদ্ধার করেছি। ওরা কিশানগঞ্জ থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। তাঁদের দাবি, তাঁরা মাদ্রাসায় পড়তে যাচ্ছিল। কিন্তু তাঁদের সঙ্গে কোনও নথি পাওয়া যায়নি। সঙ্গে থাকা যুবকদের কাছেও শিক্ষক বা অভিভাবক হিসেবে কোনও পরিচয়পত্র ছিল না। পরে জানা যায়, ওই বাচ্চাগুলির বাড়ি বিহার ও পশ্চিমবঙ্গে। তাঁদের CWC -র হাতে তুলে দেওয়া হয়েছে, তারাই পরবর্তী পদক্ষেপ নেবে।”