Susmita Roy Baby: জল্পনাই সত্যি! মা হলেন সুস্মিতা, হাসপাতাল থেকেই শেয়ার করলেন সদ্যোজাতর ছবি

Susmita Roy Baby Poto: হাসপাতালের ওটির বিছানা থেকেই সদ্যোজাতর ছবি শেয়ার করেছেন সুস্মিতা। তাঁর হাতে রয়েছে সন্তানের হাত। মা- সন্তানের হাত রয়েছে সুস্মিতার স্বামী- শুভাশিস দে-এর হাতের উপর।

Advertisement
জল্পনাই সত্যি! মা হলেন সুস্মিতা, হাসপাতাল থেকেই শেয়ার করলেন সদ্যোজাতর ছবি সুস্মিতা রায়

জল্পনা ছিল অনেক দিন ধরেই। সেই জল্পনাই সত্যি হল। মা হলেন সুস্মিতা রায়। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী- ইউটিউবার। হাসপাতাল থেকেই একরত্তির সঙ্গে ছবি শেয়ার করেছেন। পোস্ট জুড়ে রয়েছে প্রথমবার মা হতে পাওয়ার আক্ষেপ। 

হাসপাতালের ওটির বিছানা থেকেই সদ্যোজাতর ছবি শেয়ার করেছেন সুস্মিতা। তাঁর হাতে রয়েছে সন্তানের হাত। মা- সন্তানের হাত রয়েছে সুস্মিতার স্বামী- শুভাশিস দে-এর হাতের উপর। ক্যাপশনে লিখেছেন, "মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। এটা কোনও শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, ছিল সময়, পরিস্থিতি আর অনেক অদৃশ্য বাধার বিরুদ্ধে এক নিরন্তর সংগ্রাম। প্রথম সন্তানকে হারানোর সেই গভীর ক্ষত আজও রয়ে গেছে, তাই এবারের পথচলাটা নীরবে আগলে রেখেছিলাম। গতবার সব কিছু সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলাম, কিন্তু এবার মনে হয়েছিল—সব শুভশক্তির আশীর্বাদে, সব কু-নজর আর অভিশাপকে হারিয়ে, সন্তানের আগমনের দিনেই সবাইকে সুখবরটা জানাব।" 

তিনি আরও লেখেন, "এই দীর্ঘ পথচলায়, যখন অনেকেই বিশ্বাস হারিয়েছিল, অনেকেই চাইনি আমি মা হই, তখন পাহাড়ের মতো অবিচল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল একজন মানুষ—আমার স্বামী, শুভাশিস দে। যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনও দিন ‘মা’ ডাকা সোনার সৌভাগ্য আমার হবে না, তখন ও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে, ভরসা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে। তাকে ধন্যবাদ জানাব না, কারণ সে আমার নিজের মানুষ, আমার সন্তানের বাবা, আমার জীবনসঙ্গী। শুধু এটুকুই বলব—আজ আমার মাতৃত্বের পূর্ণতার গল্পে ওর ভালোবাসা, বিশ্বাস আর অবিচল সঙ্গ সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকবে চিরকাল।" 

সুস্মিতার কথায়, "আজ আমি মা হয়েছি। আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায় পূর্ণতা পেল। যারা সবসময় পাশে ছিলেন, শুভকামনা আর আশীর্বাদে আমাকে আগলে রেখেছেন, তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা। আমাদের জন্য আশীর্বাদ করবেন—এই ছোট্ট অলৌকিকতাকে ভালোবাসায় ভরিয়ে রাখবেন।" 

Advertisement

 

গত ১৭ মার্চ, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের বিয়ের খবর দেন সুস্মিতা। এর পরের কয়েকদিন একের পর এক সামনে আসতে থাকে বিয়ের নানা মুহূর্ত। পরিবার ও পরিজনের উপস্থিতিতে নিজেদের ফ্ল্যাটেই বসে বিয়ের আসর। পাত্র- তাঁর প্রেমিক শুভাশিস। ৩৬ বছর বয়সে ফের বিয়ে করার খবর দেন সুস্মিতা। তাঁর করা প্রতিটা পোস্ট থেকেই সকলে আন্দাজ করেন, মা হতে চলেছেন তিনি। সেই সঙ্গে হবু- মায়ের শরীরের গঠন- বেবি বাম্প দেখেই কারও আর বুঝতে বাকি থাকে না। যদিও, বারবার একথা এড়িয়ে গিয়েছেন এবং মা হওয়ার কথা স্বীকার করেননি।      

প্রসঙ্গত, গত বছর থেকেই চর্চায় আছেন সুস্মিতা রায়। প্রাক্তন স্বামী সব্যসাচীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করার পর থেকেই নানা রকম আলোচনা শুরু হয় তাঁকে নিয়ে। এরপরই মার্চ মাসে বিয়ের খবর সামনে আসতেই, বারবার শিরোনামে আসেন তিনি। অভিনেতা সায়ক চক্রবর্তী তাঁর বৌদি- সুস্মিতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বেশ কিছুদিন চলতে থাকে সায়ক, সুস্মিতা, সব্যসাচীর ঠাণ্ডা লড়াই। নেটমাধ্যমেই চলতে থাকে বাকযুদ্ধ। এরপর অভিযোগ ওঠে পাঁচবার বিয়ে হয় তাঁর।     


 

POST A COMMENT
Advertisement