শঙ্কর ঘোষালকে সাহায্য রাজ্যের (ছবি: ফেসবুক @ রুদ্রনীল ঘোষ)টলিউডের বর্ষীয়ান অভিনেতা শঙ্কর ঘোষালের শরীর খারাপ। তিনি পারকিনসন্স সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। অসুস্থতার সহ নানা কারণে আর্থিক অনটনও পিছু নিয়েছে তাঁর। এমন পরিস্থিতিতে শঙ্কর ঘোষালের পাশে দাঁড়াল রাজ্য সরকার। অভিনেতার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে তাঁর পাশে আর্থিকভাবে দাঁড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বার্তা নিয়ে শঙ্কর ঘোষালের বাড়িতে পৌঁছে যান টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ।
শঙ্কর ঘোষালের সঙ্গে দেখা করেছেন রুদ্রনীল। সেই ছবি ও অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই তিনি শঙ্কর ঘোষালের বাড়ি গিয়েছেন। সেখানে গিয়ে তিনি অসুস্থ শিল্পীর কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তাও পৌঁছে দিয়েছেন।
তাঁর দাবি, রাজ্য সরকার শঙ্কর ঘোষালের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। সেই সঙ্গে তাঁকে আর্থিক সাহায্যও করা হচ্ছে। একই সঙ্গে 'পশ্চিমবঙ্গ দুর্গাপুজো সমন্বয় সমিতি'র তরফেও অভিনেতার হাতে তুলে দেওয়া হয়েছে অর্থসাহায্য। দ্রুত সুস্থ হয়ে উঠুন এই বর্ষীয়ান অভিনেতা, সেটাই এখন সকলে কামনা করছেন।
শঙ্করের সঙ্গে দেখা করার সময় অভিনেতার কাছে তাঁর আর কোনও প্রয়োজন রয়েছে কি না, তা জানতে চান রুদ্রনীল। উত্তরে নিজের মনের ইচ্ছের কথা জানান শঙ্কর। আবেগ সামলাতে না পেরে চোখের জল মুছতে থাকেন তিনি। জানান, আবার সুস্থ হয়ে ক্যামেরার সামনে ফিরতে চান। আর তাতেই পরিষ্কার অভিনয়ের প্রতি এখনও কতটা টান রয়েছে বর্ষীয়ান শিল্পীর।
ওদিকে, শঙ্কর ঘোষালের পাশে দাঁড়িয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু মানিকতলার বিধায়ক তথা মন্ত্রী তাপস রায়ও। রুদ্রনীলও তাঁর পোস্টে সেই বন্ধুত্বের কথা উল্লেখ করেছেন।
পরিচালক দেবকী কুমার বসুর জন্মদিনে এই সাক্ষাতের ঘটনাকে বিশেষভাবে স্মরণ করেছেন রুদ্রনীল। তাঁর মতে, প্রবীণ শিল্পীদের মনে রাখা উচিত। তাঁদের পাশে দাঁড়ানোও অত্যন্ত জরুরি। সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্যের শেষে তিনি লিখেছেন, 'ভুলে গেলে ছোট হয়ে যায় পৃথিবী, মনে রাখলে বাড়ে।'
একসময় অভিনয়ের মাধ্যমে পর্দায় নানা চরিত্রকে জীবন্ত করে তুলেছেন শঙ্কর ঘোষাল। এখনও তাঁকে টানে অভিনয়। তাই অসুস্থতা কাটিয়ে আবার শুটিংয়ে ফিরতে চান তিনি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে নতুন শুরু করতে চান তিনি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, কাজে ফিরুন, তাঁর আর্থিক অবস্থা ফিরুক, এই কামনাই করছেন সহকর্মী ও অনুরাগীরা।