দেব, স্বরূপ, অরূপ টলিউড ইন্ডাস্ট্রিতে 'বিশ্বাস ব্রাদার্স'-এর জমানা শেষ। ১৫ বছরের তৃণমূল শাসনের ইতির ও স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে কিছুটা স্বস্তিতে শিল্পী থেকে কলাকুশলীরা। সুদিন ফিরবে বলেই আশাবাদী সকলে। মাঝে, আড়ালে 'ব্যান কালচার' চালানোর অভিযোগ ওঠে টালিগঞ্জের বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারির দিকে। তবে, সেই সমস্যা এখন অনেকটাই মিটেছে। আপাতত একজোট টলিপাড়া। বিধানসভা নির্বাচনের আগে, একদিকে যখন বাংলা ছবির কম ব্যবসা, সিনেমা হল বন্ধ, ইন্ডাস্ট্রির অন্দরের অশান্তি ইত্যাদি নিয়ে আলোচনা চলছিল, সেসময় দেব বনাম স্বরূপ বিশ্বাসের তর্জা তুঙ্গে ছিল।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের অ্যাওয়ার্ড ইভেন্টে আমন্ত্রিত ছিলেন দেব। সেই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ব্রাত্য বসু ও পাওলি দাম। মঞ্চে দেবের দিকে একটি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়। অভিনেতা- প্রযোজক তথা সাংসদ দেবকে প্রশ্ন করা হয়, 'যদি কখনও সুযোগ আসে, তুমি কি এরকম একটা ছবি পরিচালনা করতে চাইবে, যার নাম বিশ্বাস ব্রাদার্স'? এই প্রশ্ন শুনে প্রথমে একগাল হাসি নিয়ে কিছুক্ষণ চুপ করে ছিলেন দেব। এরপর কিছুটা সামনে, ঠাণ্ডা মাথায়, অত্যন্ত সচেতনভাবে উত্তর দেন।
দেবের জবাব, "জীবনে একটা কথা শিখেছি, বলতেও চাই। এমন কোনও মানুষের সঙ্গে লড়তে চাই না, যার যখন ক্ষমতা নেই। যখন সে ক্ষমতায় ছিল, তখন লড়েছি, মজাও পেয়েছি। আজ একটা মানুষ নীরিহ, হয়তো একা দাঁড়িয়ে আছে। তাঁকে ইট মেরে আমি কত বড় হনু, বা আমি কী করতে পেরেছি জীবনে, সেটা বুঝিয়ে লাভ নেই। সময় সব কথার উত্তর দেয়। আমার মনে হয়, সময়ও তাঁকে উত্তর দিচ্ছে। আমি আমার কাজ করছি।"
তিনি আরও যোগ করেন, "আমি সিনেমা করতে ভালোবাসি, সিনেমার মধ্যে থাকতে ভালোবাসি। যতটুকু রাজনীতি বুঝি, ততটুকুই রাজনীতি করি। এর বাইরে সবটাই অস্থায়ী মনে হয়। লড়াইটাও অস্থায়ী। সব কিছু মুছে যায়। যদি ভাল মানুষ হত, তাহলে আজ আমায়এই প্রশ্নের উত্তর দিতে হত না। প্রত্যেক বিখ্যাত ব্যক্তির ভাল মানুষ নাও হতে পারে। আবার প্রত্যেক ভাল মানুষরই যে বিখ্যাত হবে, সেটারও কোনও আবশ্যকতা নেই।"
প্রসঙ্গত, টলিউড ইন্ডাস্ট্রির অন্দরের নানা সমস্যা নিয়ে বারবার সরব হয়েছেন দেব। এমনকি, ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেবের কাজিয়া বারবার প্রকাশ্যে এসেছে। ইন্ডাস্ট্রির 'ব্যান কালচার' নিয়ে নিয়ে সরব হয়েছেন তিনি বহুবার। এছাড়াও টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু, ইন্ডাস্ট্রির বিভিন্ন সংগঠনের মধ্যে দ্বন্দ্ব, ছবি মুক্তির শিডিউল থেকে, দেব ও স্বরূপ বিশ্বাসের নানাবিধ সমস্যা বারবার সামনে এসেছে।