দুর্নিবার সাহা'বিগ বস' বাংলার প্রথমদিন থেকেই দারুণ খেলছেন গায়ক দুর্নিবার সাহা। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো অনেকের আগে বেরিয়ে যাবেন। কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে প্রায় ৫০ দিনের ওপর বিগ বস হাউস-এ রয়েছেন দুর্নিবার। তাঁর গেম স্ট্র্যাটেজি, টাস্কে নিজের পরিশ্রম, কখনও ঝগড়া-অশান্তি আবার কখনও বা আবেগে ভাসা, সবটা নজরে পড়েছে বিগ বস-এ। সম্প্রতি হাউসমেটদের কুকুর বলে দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমালোচনার মুখে পড়তে হয় দুর্নিবারকে। দাদার ধমক খেয়ে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন বাড়ির সদস্যদের কাছে। শুধু তাই নয়, ক্যামেরার সামনে এসে চারপেয়েদের কাছেও ক্ষমাপ্রার্থী হলেন গায়ক।
গত সপ্তাহে ছিল মিড উইক এভিকশন। যেখানে ঝিলম ও দীপেন্দুর মধ্যে কাউকে বেরিয়ে যেতে হবে বিগ বস দুর্গ থেকে। তবে তা দর্শকদের বিচারে নয়, প্রতিযোগীদের ভোটে। যেখানে অধিকাংশ সদস্যই ঝিলমকে ভোট দেন। দীপেন্দু পান মাত্র ৩টি ভোট। তাই স্বাভাবিকভাবেই তাঁকে বাড়ি ছাড়তে হয়। বাড়ির সদস্যদের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দুর্নিবার। দীপেন্দু ঘর ছাড়ার সময় দুর্নিবারের চোখে মুখে রাগ-ক্ষোভ ছিল স্পষ্ট। সকলে যখন দীপেন্দুকে এগিয়ে দিচ্ছিলেন তখন এক কোণে দাঁড়িয়ে কার্যত ফুঁসছিলেন দুর্নিবার। তখনই তিনি বলেন, 'বের করে দেওয়ার জন্য সবকটা এগিয়ে দাঁড়িয়ে আছে, কুকুর।' তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে জোর চর্চা।
তবে শনিবার ‘দাদার দরবারে’ হাটে হাঁড়ি ভাঙেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি দুর্নিবারের কাছে এমন মন্তব্যের ব্যাখ্যা চান। এই আচরণ অনভিপ্রেত, তা যথেষ্ট কড়া সুরে বুঝিয়ে দেন তিনি। এরপরই প্রতিযোগীদের কাছে দুর্নিবার ক্ষমা চেয়ে নেবেন, এমনটা খুব স্বাভাবিক। কিন্তু দুর্নিবার যে আর পাঁচজনের মতো নন! এদিন দেখা গেল, ক্যামেরার সামনে গিয়ে চারপেয়েদের কাছেই ক্ষমা চাইলেন তিনি। বলেন, ‘আমি সমস্ত কুকুরদের কাছে ক্ষমা চাইছি, এই মানুষগুলোকে কুকুরের সঙ্গে তুলনা করার জন্য।’ এরপর অত্যন্ত দায়সারাভাবে হাউসমেটদের তিনি বলেন, “ও হ্যাঁ, তোমাদেরও সরি।” এই আচরণে বহু মানুষের মন জিতে নিয়েছেন দুর্নিবার। কারণ, দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছেন কয়েকজনের হয়ে পক্ষপাতিত্ব করছে বিগ বস। তবে দুর্নিবারের আচরণের নিন্দায় সরবও হয়েছেন অনেকেই।
বিগ বস-এর ঘরে দুর্নিবার যে লম্বা রেসের ঘোড়া, এটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। যে মাইন্ডগেম এবং কৌশল নিয়ে ঘরের ভেতর তিনি খেলে চলেছেন, তা বেশ প্রশংসনীয়। এই বাড়িতে ঝিলম, দীপেন্দু ও সৃজলার সঙ্গেই সবচেয়ে ভাল বন্ধুত্ব দুর্নিবারের। ঝিলমের সঙ্গে গান বানান তিনি যখনই সময় পান। দাদা সৌরভের কাছে সর্বদাই দুর্নিবার প্রশংসা পেয়েছে তাঁর খেলার জন্য।