
কোয়েল মল্লিকরবিবারই ঘোষণা হয়ে গিয়েছিল যে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন কোয়েল তথা রুক্মিণী মল্লিক। আর সোমবার সকালেই বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন 'টলি কুইন'। নিজের ছেড়ে দেওয়া আসনেই প্রার্থী হলেন অভিনেত্রী, শুধু বদলে গেল ফুল। রাজনৈতিক কেরিয়ার খুব বেশি দিনের না হলেও, খুব অল্প সময়ের মধ্যেই কোয়েল দল বদলে বিজেপিতে যোগ দিয়ে খবরের শিরোনাম দখল করে নিয়েছেন। রাজ্য বিজেপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে ছবি পোস্ট করতেই, ইন্ডাস্ট্রির নায়িকার দিকে ধেয়ে এল একের পর এক কটাক্ষ-ট্রোল।
হালকা পিচ রঙের শাড়ি, সঙ্গে একেবারে হালকা মেকআপ, খোলা চুল ও কপালে ছোট্ট টিপ, ছিমছামভাবেই এদিন বিজেপি দফতরে এলেন কোয়েল। তাঁকে উত্তরীয় পরিয়ে হাতে দলের পতাকা তুলে দেওয়া হয়। এই ছবি পোস্ট করতেই কোয়েলের দিকে একের পর এক ট্রোল-কটাক্ষ আসতে শুরু করে। কেউ লিখলেন, এত মানুষ থাকতে যোগ্য ও ত্যাগী কর্মীদের মধ্যে থেকেই কি কাউকে বেছে নেওয়া যেত না? আবার কেউ লিখেছেন, রাতারাতি জোড়া ফুল হয়ে গেল পদ্ম ফুল আর সাধারণ মানুষ হয়ে গেল এপ্রিল ফুল! কেউ আবার তৃণমূলকে টেনে লেখেন, TMC তে তো কিছু করতে পারলো না; তাই এবার BJP তে এলো কিছু করার জন্য যদি কিছু করা যায়। কেউ লিখলেন, ছিল রুমাল হয়ে গেল বিড়াল। আবার কেউ লিখলেন, ভাল তৃণমূল হয়ে গেল বিজেপি। কেউ কেউ লিখেছেন, কোয়েল পাখি এবার বিজেপির ডালে।
প্রসঙ্গত, রাজ্যসভা উপনির্বাচনে কোয়েল মল্লিককে তাঁরই ছেড়ে যাওয়া আসনে প্রার্থী করল বিজেপি। চলতি বছরের রথযাত্রার দিনই কোয়েল রাজ্যসভার পদ ছেড়েছিলেন। চলতি বছরেই তৃণমূল কোয়েলকে রাজ্যসভার জন্য মনোনীত করে এবং ৬ এপ্রিল কোয়েল শপথও নিয়েছিলেন। তবে তৃণমূল কংগ্রেসের অধীনে তাঁর সংসদীয় জীবন ছিল খুবই ছোট। শপথ নেওয়ার মাত্র তিনমাসের মাথায় জুলাইতে পদত্যাগ করেন। রাজ্যে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের মতো সঙ্কটের মধ্যেই তাঁর পদত্যাগ আসে। শোনা যায়, কোয়েল দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন, যা তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাকে উস্কে দেয়।

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা কোয়েল মল্লিক, যিনি রঞ্জিত মল্লিকের একমাত্র কন্যা। একসময় কর্মাশিয়াল ছবিতে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি দর্শকদের। জিৎ, দেব, হিরণ, সোহমদের সঙ্গে একচেটিয়া কাজ করেছেন কোয়েল। নিজেকে বিতর্ক থেকে দূরে রাখতেই পছন্দ করেন টলি কুইন। শেষ তাঁকে পর্দায় দেখা গিয়েছে স্বার্থপর ছবিতে। তবে ঝুলিতে রয়েছে স্পর্ধা ও পরমব্রত চট্টোপাধ্যায়ের জননী। রাজনীতির পাশাপাশি নিজের অভিনয় কেরিয়ারটাও সামলাবেন কোয়েল, তা বলাই বাহুল্য।