
সুদীপ্তা চক্রবর্তীএকের পর এক রিয়্যালিটি শো থেকে সঞ্চালক পরিবর্তন করা হচ্ছে। 'দিদি নম্বর ১', 'রান্নাঘর', 'দাদাগিরি', এই সব জনপ্রিয় রিয়্যালিটি শো থেকে ইতিমধ্যেই পুরনো উপস্থাপকদের সরিয়ে নতুন সঞ্চালকদের নিয়ে আসা হয়েছে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। এই শো শুরু হওয়ার দিন থেকে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। অনস্ত্রিনে তাঁর সাবলীল উপস্থাপনা ও সকলের সঙ্গে মিশে যে আড্ডার আবহ তৈরি করতেন, তা এই শোয়ের অন্যতম ইউএসপি ছিল বলা চলে। কিন্তু এবার এই শো থেকে সরে দাঁড়াচ্ছেন সুদীপ্তা।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো যে 'লাখ টাকার লক্ষ্মীলাভ' শো থেকে সরে দাঁড়াবেন সুদীপ্তা। এই বিষয়ে অভিনেত্রী নিজেও স্বীকার করে নিয়েছিলেন। তাহলে এই শোয়ের সঞ্চালনা এবার কার হাতে যেতে চলেছে? শোনা যাচ্ছে, সুদীপ্তার পরিবর্তে এই অনুষ্ঠানের নতুন সঞ্চালিকা হতে চলেছেন অভিনেত্রী পায়েল দে। এখনও শ্যুটিং শুরু হয়নি তবে লুকসেট হয়ে গিয়েছে। সূত্রের খবর, সুদীপ্তার ছেড়ে যাওয়া জুতোয় পা গলাতে চলেছেন তিনিই। জানা গিয়েছে, পায়েল দে সান বাংলায় ধারাবাহিকে কাজ করলেও কোনও রিয়্যালিটি শোতে এই প্রথম সঞ্চালিকার দায়িত্ব নিতে চলেছেন।

২০২৪ সালে সম্প্রচার শুরু হয় এই অনুষ্ঠানের। প্রথম থেকেই সঞ্চালিকা হিসাবে দেখা গিয়েছে অভিনেত্রী সুদীপ্তাকে। এই শো ছাড়ার সিদ্ধান্ত সুদীপ্তার একেবারেই নিজস্ব। টানা কাজের পর কাজ থেকে নিজের জন্য কিছুটা সময় বা বিরতি চেয়েছেন অভিনেত্রী। সেই কারণেই চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সঞ্চালনার ব্যাটন অন্য কারও হাতে তুলে দিতে চেয়েছেন অভিনেত্রী।
টেলিভিশনের পর্দায় পায়েল দে অত্যন্ত পরিচিত এবং সফল এক নাম। প্রায় ১৪ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। অভিনেত্রী হিসেবে বহুবার নিজের দক্ষতার প্রমাণ দিলেও সঞ্চালক হিসেবে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চ সামলানো পায়েলের জন্য বেশ বড় এক চ্যালেঞ্জ হতে চলেছে। প্রসঙ্গত, পায়েলকে শেষ বার দর্শক দেখেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। কাহিনি শেষ হওয়ার পরে অনেকেরই প্রশ্ন ছিল, আবার কি নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে? তেমনটা হচ্ছে না ঠিকই। তবে নতুন ভূমিকায় পায়েলকে দেখার জন্য উত্তেজিত দর্শক।