Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত রণজয়, 'শীঘ্রই সুস্থ হয়ে উঠবে', লিখলেন অনস্ক্রিন স্ত্রী

রবিবারই সোশ্যাল মিডিয়ায় রণজয় একটি ছবি পোস্ট করেন। দেখা যায় নাকে নল, হাতে স্যালাইনের চ্যানেল, কপালের উপর চাপা দেওয়া তোয়ালে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। অভিনেতার এই অবস্থা দেখে উদ্বিগ্ন হন ছোটপর্দার দর্শক-সহ ইন্ডাস্ট্রির অনেকেই।

Advertisement
ডেঙ্গিতে আক্রান্ত রণজয়, 'শীঘ্রই সুস্থ হয়ে উঠবে', লিখলেন অনস্ক্রিন স্ত্রী রণজয় বিষ্ণু হাসপাতালে ভর্তি
হাইলাইটস
  • ক'দিন আগেই রণজয় বিষ্ণু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে ছিলেন যে তিনি অসুস্থ এবং হাসপাতালে ভর্তি।

ক'দিন আগেই রণজয় বিষ্ণু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে ছিলেন যে তিনি অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। কিন্তু অভিনেতার কী হয়েছে তা জানা যাচ্ছিল না। গত কয়েকদিন ধরেই জ্বরে কাবু রণজয়। কী হয়েছে জানতে নানান পরীক্ষা নিরীক্ষা করা হয়। এবার সামনে এল রিপোর্ট। রিপোর্টে জানা গিয়েছে, ডেঙ্গি হয়েছে অভিনেতার। আর যার ফলে তাঁর সিরিয়াল প্রতিজ্ঞার শ্যুটিংও করতে পারছেন না তিনি। 

রণজয়ের ম্যানেজার এক সংবাদমাধ্য়মকে এই খবর নিশ্চিত করেছেন। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শুরু হয়েছে চিকিৎসা। এখনও বারবার জ্বর আসছে অভিনেতার। শারীরিকভাবে দুর্বলও তিনি। বেশ কিছুদিন ধরেই রণজয়ের প্রবল জ্বর। সেই জ্বর গায়েই ওষুধ খেয়ে শ্যুটিং সারছিলেন তিনি। ওষুধ খাওয়ার পর জ্বর কমলেও ফের জ্বর আসছিল। এতে শরীরও খুব দুর্বল হয়ে গিয়েছিল। শরীরের কোনও উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন। অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর বোন। 

রবিবারই সোশ্যাল মিডিয়ায় রণজয় একটি ছবি পোস্ট করেন। দেখা যায় নাকে নল, হাতে স্যালাইনের চ্যানেল, কপালের উপর চাপা দেওয়া তোয়ালে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। অভিনেতার এই অবস্থা দেখে উদ্বিগ্ন হন ছোটপর্দার দর্শক-সহ ইন্ডাস্ট্রির অনেকেই। পোস্টে রণজয় জানান যে, হঠাৎ করেই তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। ছোটবেলার পর এত ভয়াবহ শারীরিক কষ্টের সম্মুখীন তাঁকে কখনও হতে হয়নি। শ্বাস নিতে কষ্ট হওয়া থেকে শুরু করে একের পর এক শারীরিক সমস্যা, অসহ্য দুর্বলতা আর সেই একটানা জ্বর—জ্বর যেন কিছুতেই কমতে চাইছিল না, বলেই জানিয়েছেন তিনি। রণজয়ের এই পোস্টে কমেন্ট করেছেন তাঁর অনস্ক্রিন স্ত্রী অভিকা মালাকার। অভিকা লেখেন, কিচ্ছু হয়নি তোমার। তুমি একজন যোদ্ধা। কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। 

Advertisement

রণজয়ের এই বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে চ্যানেল ও রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা। প্রতিজ্ঞা সিরিয়ালের প্রযোজক ও পরিচালকের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুস্থ হতে তাঁর যতই সময় লাগুক না কেন, অসুবিধা নেই। বরং সম্পূর্ণ সুস্থ হয়েই কাজে ফিরতে বলা হয়েছে তাঁকে। এর আগেও রণজয় শ্যুটিং সেটে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন।  বর্তমানে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন রণজয়। তবে কবে ফের কাজে ফিরতে পারবেন, তা জানা নেই। 

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন রণজয় ও শ্যামোপ্তি। কিন্তু কয়েক মাসের মাথাতেই তাঁদের বিচ্ছেদ নিয়ে কাঁটাছেঁড়া চলতে থাকে। প্রথমে বিয়ে ভাঙা নিয়ে কিছু বলতে না চাইলেও, পরে রণজয় তাঁর পোস্ট ও লাইভ ভিডিও করে বিষয়টি নিশ্চিত করেন। এখন দুজনেই আলাদা থাকছেন। চলছে ডিভোর্সের প্রক্রিয়াও।  

POST A COMMENT
Advertisement