বিশ্বজিৎ-সুরজিৎবাংলাদেশে গিয়ে গোমাংস খাওয়ার কথা জানিয়ে বিতর্কে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলড ও কটাক্ষ হতে হচ্ছে তাঁকে। বাংলাদেশের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বিশ্বজিৎ চক্রবর্তী জানিয়েছিলেন যে তিনি ওই দেশে এলে পদ্মার ইলিশ অবশ্যই খান এবং রাতে গরুর মাংস খেতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই ভিডিএ ক্লিপিংস ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অনেকেই অভিনেতাকে কটাক্ষ করে জানান যে ব্রাহ্মণ বাড়ির সন্তান হয়ে তিনি কী করে গোমাংস খাচ্ছেন? ট্রোল-কটাক্ষের পাশাপাশি বর্ষীয়ান অভিনেতার গলায় জুতোর মালা পরানো ছবি রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়। যদিও অভিনেতা ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন আদালতে। একদিকে যখন বিশ্বজিৎ চক্রবর্তীকে ট্রোল করা হচ্ছে তেমনি অন্যদিকে তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়।
ফেসবুকে এক দীর্ঘ ও বিস্ফোরক পোস্ট লিখে বিশ্বজিৎ চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন সুরজিৎ। অভিনেতার বিরুদ্ধে যারা কুকথা রটিয়ে বেড়াচ্ছে, তাদের অশিক্ষিত ও আকাট বলে বর্ণনা করেছেন সুরজিৎ। অভিনেতা বলেন, যারা প্রবীণ এই শিল্পীকে অপমান করছে, তারা আসলে বাংলার কুলাঙ্গার। শুধু সমর্থন জানানোই নয়, নিজের খাদ্যাভ্যাস নিয়েও বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। সুরজিৎ নিজের খাদ্যাভাস নিয়েও কথা বলেছেন এই পোস্টে। অভিনেতা জানিয়েছেন যে তিনি বার দুয়েক বিফ রোল খেয়েছেন। কিন্তু অভিনেতার যেহেতু মাটন বেশি ভাল লাগে তাই তিনি আর পরে খাইনি।
তবে অভিনেতা এও জানিয়েছেন তাঁর পোস্টে যে ভাল বিফ পেলে আবার তিনি খাবেন। বৈদিক যুগের ঋষিমুনিদের যজ্ঞের পর গোমাংস ভক্ষণের ঐতিহাসিক তথ্য মনে করিয়ে দিয়ে তিনি কটাক্ষ করেন, অশিক্ষিত সমাজবিরোধীদের কাছে নিজের খাবারের কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন তাঁর নেই। এখানেই থেমে থাকেননি সুরজিৎ। এই ঘটনায় টলিউডের নীরব থাকাকে একেবারেই মানতে পারেননি অভিনেতা। তিনি লেখেন, আজ যদি বাংলার সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা এর প্রতিবাদে মুখর না হন, তবে তাঁদের আমি ধিক্কার জানাই। বাবুর ইশারায় তাঁর উঠোনে নাচা ‘ভাড়াটে পারফর্মার’ বলেই নিজেদের গণ্য করবেন, আর নিজেদের শিল্পী বলে জাহির করবেন না।
বাংলাদেশের ওই সাক্ষাৎকারে বিশ্বজিৎ চক্রবর্তী ওপার বাংলার পছন্দের খাবার সম্পর্কে বলার সময় অভিনেতা বলেন, ইলিশ মাছ তাঁর পছন্দের খাবারের মধ্যে রয়েছে। পদ্মার ইলিশ তাঁর খুবই পছন্দের খাবার। ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে জনপ্রিয় অভিনেতা জানান, দুপুরে খাওয়া-দাওয়া করেছেন এবং রাতে গরুর মাংস খেতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ইলিশ নিয়েও নিজের পছন্দের কথা জানান তিনি। গরম ভাতের সঙ্গে ইলিশের তেল দিয়ে মাছ খাওয়া এবং ইলিশ ভাজা তাঁর বিশেষ পছন্দের। এই ভিডিও ক্লিপিংস ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই তাঁকে নিয়ে ট্রোল-কটাক্ষ, খারাপ কথা শুরু হয়ে যায় নেট দুনিয়ায়। এক সংবাদমাধ্যমকে বিশ্বজিৎ বলেন, আমার পেট, আমার মন, আমার হাত আবার খাবার যে খাব সে জন্য যে টাকা খরচ হবে, সেটাও তো আমার-ই! তাহলে আমি কী খাব, কতটা খাব সেটা ঠিক করে দেবে অন্য কেউ? বললেই হল নাকি? আদালতে মামলাও দায়ের হয়েছে।