রণজয় বিষ্ণুটলিপাড়ায় এখন যিনি চর্চার শিরোনাম দখল করে রয়েছেন তিনি হলেন রণজয় বিষ্ণু। বিয়ের কিছু মাসের মধ্যেই অভিনেত্রী-স্ত্রী শ্যামোপ্তি মুদলির সঙ্গে তাঁর বিচ্ছেদের পথে হাঁটার খবর এখন আর গোপন নেই। ইন্ডাস্ট্রির সকলেই এই বিষয়টি এখন জেনে গিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণজয় ও শ্যামোপ্তি। আর তার কয়েক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্য জীবনে চিড় ধরেছে। গোটা বিষয়টা নিয়ে বেশ উদ্বেগে রয়েছেন অভিনেতা। দুবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তারই মাঝে রণজয় নিজের সিক্ত শরীরে ধরা দিলেন। সঙ্গে বললেন সত্যকে লোকানোর কিছু নেই।
সোশ্যাল মিডিয়ায় রণজয় তাঁর কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর উন্মুক্ত সুঠাম শরীর। জল চুঁইয়ে পড়ছে শরীর থেকে। কখনও আয়নায় দেখছেন নিজেকে আবার কখনও স্নানরত রণজয়। সাদা-কালো ছবিতেও নিজের আলগা শরীরকে তুলে ধরেছেন অভিনেতা। বিচ্ছেদ-চর্চার মাঝেও রণজয়ের সিক্স প্যাক অ্যাবস বহু মহিলারই রাতের ঘুম যে উড়িয়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এই ছবির ক্যাপশন আকর্ষণ করেছে সকলকে। রণজয় লিখছেন, 'সত্য যেন এক নগ্ন শরীর। যেটা লোকানোর নয়...প্রমাণ করারও কিছু নেই। মিথ্যা ঢাকতে আবরণের প্রয়োজন। কিন্তু, সত্য কখনও আড়াল করার প্রয়োজন হয় না। সত্য সবসময় মাথা উঁচু করে দাঁড়ায়। নিজের ভাষায় নিজেই কথা বলার ক্ষমতা রাখে। সত্য কখনও কারও বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য অনুরোধ করে না। নিজে যেমন ঠিক তেমনই দেখতে চায়।'
অভিনেতার এই ইঙ্গিতপূর্ণ পোস্ট কি এটাই বলতে চাইছে যে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। এই পোস্টের মাধ্যমে কি রণজয় তাঁর ও শ্যামোপ্তির বিচ্ছেদ গুঞ্জনে সিলমোহর দিলেন? গত কয়েকদিন ধরেই রণজয় ও শ্যামোপ্তির বিচ্ছেদ নিয়ে চর্চা-আলোচনা চলছে। রণজয় এই নিয়ে নিজের বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সামনে রাখলেও, শ্যামোপ্তি এই বিষয়ে একেবারেই কোনও কথা বলেননি। বরং তিনি বার বার এটাই বলে আসছেন যে এই নিয়ে তিনি এখন কোনও মন্তব্য করবেন না।
অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে রণজয়ের দাম্পত্যের বয়স মাত্র ছ'মাস। এর মধ্যেই বিচ্ছেদ! অতীত প্রসঙ্গ টেনে এই ঘটনায় রণজয়কেই কাঠগোড়ায় তোলা হয়েছে। ইন্ডাস্ট্রির কানাঘুষো, শ্যামৌপ্তির সঙ্গে বিয়ের পরই সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। টাকা পয়সা সংক্রান্ত লেনদেন থেকে সাংসারিক উদাসীনতার মতো একাধিক অভিযোগে জর্জরিত রণজয় বিষ্ণু। 'প্রতিজ্ঞা' ধারাবাহিকের সহ অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও রণজয় তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগকেই নস্যাৎ করেছে। এখন দেখার বিষয় কোনদিকে যায় রণজয় ও শ্যামোপ্তির এই সম্পর্ক।