
বিগ বস বাংলায় যাচ্ছেন সায়কঅগাস্ট শেষে বিনোদনের ডাবল ধামাকা নিয়ে হাজির হবে বিগ বস বাংলা সিজন ৩। বহু বছর পর বাংলায় আবার এই রিয়্যালিটি শো শুরু হচ্ছে জানার পর দর্শকদের মধ্যে কৌতুহলের অন্ত নেই। কারা কারা এই 'বিগ বস বাংলা'র ঘরে যাবেন, তা নিয়ে বহু মাস ধরে জল্পনা-কল্পনা চলছে। সেই তালিকায় অবশ্যই নাম রয়েছে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী সহ কনটেন্ট ক্রিয়েটরদের নাম। তবে কেউই নিশ্চিত করে বলছেন না তাঁরা আদৌও যাচ্ছেন কিনা। এবার একজনকে পাওয়া গেল, যিনি বিগ বস বাংলার নিশ্চিত প্রতিযোগী। প্রথম থেকেই তাঁর যাওয়া নিয়ে গুঞ্জন তো ছিলই, কিন্তু এবারে পাকাপাকিভাবে জানা গেল যে অভিনেতা তথা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী (Sayakk Chakrabortiy) 'বিগ বস বাংলা'র প্রতিযোগী হতে চলেছেন।
সায়ক ও তাঁর বিতর্ক
বছরের শুরু থেকেই সায়ক জড়িয়েছেন একাধিক বিতর্কে। পার্কস্ট্রিটের রেস্তোরাঁতে ভুলবশত গোমাংস পরিবেশন বিতর্ক থেকে শুরু করে প্রাক্তন বৌদির একের পর এক অভিযোগ-পাল্টা জবাব, সোশ্যাল মিডিয়ায় হেনস্থা, এইসব নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন সায়ক। অভিনেতা হিসাবে তিনি পরিচিত হলেও তাঁর আসল জনপ্রিয়তা ইউটিউবার হিসাবেই। ডেইলি ভ্লগের মাধ্যমে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের জায়গা করে নিয়েছেন। ফ্যান-ফলোয়ার্সও নেহাত মন্দ নয়। সেলেব কনটেন্ট ক্রিয়েটর হিসাবেই তিনি পরিচিত। আর এই ধরনের রঙিন মানুষকে 'বিগ বস বাংলা' নিজেদের ঘরে নিয়ে যেতে চাইবে, এটাই তো স্বাভাবিক।

বিগ বস-এর ঘরে সায়ক
সায়কের 'বিগ বসে' যাওয়া নিয়ে গুঞ্জন বহু আগে থেকে থাকলেও তা কখনই এই ইউটিউবার নিজের মুখে স্বীকার করেননি। শুধু তাই নয়, 'বিগ বসে'র প্রস্তাব পাওয়ার পরও সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন সায়ক। কিন্তু অবশেষে বিগ বস বাংলায় এন্ট্রি নিতে চলেছেন তিনি। 'বিগ বস বাংলা'য় যাওয়া নিয়ে সায়ক একটু হলেও নার্ভাস রয়েছেন। কারণ এতদিন পরিবার ও ফোন ছাড়া তাঁকে থাকতে হবে। সব মিলিয়ে সায়ক বেশ টেনশনেই রয়েছেন। জানা গিয়েছে, আগামী ২৬ অগাস্ট বিগ বস বাংলার জন্য কলকাতা ছাড়ছেন সায়ক। সূত্রের খবর, মুম্বইয়ের কোনও এক জায়গায় 'বিগ বস' দূর্গ তৈরি করা হয়েছে। সেখানেই আগামী ২ থেকে তিনমাস থাকতে হবে প্রতিযোগীদের।
আর কাদের কাছে গেছে প্রস্তাব?
তবে শুধুই সায়ক নন, শোনা যাচ্ছে, গায়ক শিলাজিৎ-পুত্র ধি মজুমদারের কাছেও বিগ বসের প্রস্তাব গিয়েছে। গত একমাস ধরে টলিপাড়ার প্রথম সারির অভিনেতা, অভিনেত্রীর কাছে বার বার বিগ বসের তরফ থেকে গিয়েছে প্রস্তাব। শোনা যাচ্ছে, বেশিরভাগই দুর্গাপুজোর সময় শহর ছাড়তে নারাজ। যত টাকাই পান না কেন, ওই সময় তাঁরা শহর ছাড়বেন না। বরং কনটেন্ট ক্রিয়েটারদের অনেকেই পা বাড়িয়ে রয়েছেন বিগ বসের ঘরে যাওয়ার। আগামী ৩০ অগাস্ট রাত ৮টার বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিং রয়েছে, সেদিনই বোঝা যাবে কারা কারা এই বাড়ির সদস্য হবেন। এছাড়াও ৩১ অগাস্ট প্রতিদিন রাত সাড়ে নটা থেকে এই শো সম্প্রচার হবে। ‘বিগ বস বাংলার সিজন ৩’-এর সঞ্চালক এবার সৌরভ গঙ্গোপাধ্যায়।