পিয়ান সরকারের সাধখুব শীঘ্রই খুদে অতিথি আসতে চলেছে পরিচালক রাজা চন্দ ও পিয়ান সরকারের জীবনে। জুলাইতে স্বামী রাজা চন্দের জন্মদিনের দিনই সুখবরটি সকলের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। এবার সাধের পালা। রথযাত্রার পরের দিনই স্ত্রী পিয়ানের জন্য সাধের আয়োজন করেন পরিচালক। আর সেখানেই স্ত্রীকে পরম আদরে সাধ খাইয়ে দিলেন বর রাজা। এদিন অভিনেত্রীর থেকে চোখ ফেরানো দায় ছিল।
পিয়ান সোশ্যাল মিডিয়া পেজে তাঁর সাধের কিছু ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন। যেখানে তাঁকে নীল রঙের সোনালি জরির কাজ করা শাড়িতে দেখা গিয়েছে। সঙ্গে সোনার গয়না, সিঁথিতে সিঁদুর। বেবিবাম্প একেবারে স্পষ্ট। ওদিকে পরিচালকের পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি। বেবিবাম্প আগলে পিয়ান যেমন ছবি তুলেছেন তেমনি পরিচালককেও দেখা গেল হবু মায়ের বেবিবাম্প ধরে ছবি তুলতে। পরিচালক স্বামীর সঙ্গে আদুরে মুহূর্তের ছবি তুলেছেন অভিনেত্রী। তবে সবার নজর কেড়েছে স্ত্রী পিয়ানের প্রতি রাজার ভালোবাসা।
একটা ভিডিওতে দেখা গিয়েছে, সাধের দিন বউকে পরম যত্নে খাবার খাইয়ে দিচ্ছেন রাজা। আর খাবার মুখে নিয়ে আদুরেভাবে রাজার দিকে তাকাচ্ছেন হবু মা। তারকা দম্পতির এই মিষ্টি ভিডিও সকলের নজর কেড়েছে। কী কী ছিল পিয়ানের সাধের থালায়? পঞ্চব্যাঞ্জন সাজিয়ে সাধ খেয়েছেন অভিনেত্রী। পাতে ছিল সাদা ভাত, মাছ ভাজা সহ একাধিক ভাজা-ভুজি, মাছের মাথা, শুক্তো, মাছের কালিয়া, পাতুরি, পাবদা, চাটনি, পায়েস, মিষ্টি। স্বামী রাজা চন্দকে কাজের সুবাদে মুম্বই-কলকাতা করতে হচ্ছে। তাই স্ত্রীকে সময় দিতে পারছেন না। তবে পিয়ানের যত্নে কোনও ত্রুটি রাখেননি তিনি। তাই সাধের দিন নিজেই যত্ন সহকারে খাইয়ে দিলেন বর রাজা চন্দ।
পিয়ান এই মুহূর্তে নতুন কোনও কাজ শুরু করেননি। তাঁকে শেষবার দেখা গিয়েছিল মিত্তির বাড়ি ধারাবাহিকে। প্রায় ছ’মাসের অন্তঃসত্ত্বা পিয়ান। এখন খুবই সাবধানে থাকতে হচ্ছে। টলিপাড়ার জনপ্রিয় পরিচালক রাজা চন্দ এবং অভিনেত্রী পিয়ান সরকার-এর প্রেম ও বিয়ের গল্পটি কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। এক মডেল হান্ট প্রতিযোগিতায় পিয়ান ছিলেন প্রতিযোগী আর রাজা ছিলেন বিচারক। প্রথম দেখাতেই সুন্দরী পিয়ানের প্রেমে পড়ে যান রাজা। ২০১৮ সালের ২৪ নভেম্বর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ৮ বছর পর তাঁদের জীবনে সন্তান আসতে চলেছে। 'চ্যালেঞ্জ ২', 'রংবাজ', 'টার্গেট', 'সুলতান: দ্য সেভিয়ার'-এর মতো একাধিক জনপ্রিয় ও কমার্শিয়াল বাংলা সিনেমা পরিচালনা করেছেন রাজা। সিনেমার সঙ্গে সিরিয়ালও পরিচালনা করেছেন পরিচালক।