মিঠুন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা নিয়োগ করা হল। প্রবীণ অভিনেতা এবার রাজ্য সরকারের সঙ্গে প্রশাসনিক ভূমিকাতেও যুক্ত হলেন। তাঁকে তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা করা হল। এই পদে তিনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা পাবেন।
সরকারি সূত্রে দেওয়া তথ্য অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে যুক্ত হয়ে মিঠুন বিভিন্ন বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ দেবেন। বিনোদন জগতের পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, তথ্য ও সংস্কৃতি দফতরটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই দেখেন। ফলে মিঠুনের এই নিয়োগকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন মিঠুন চক্রবর্তী। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও তাঁর বিপুল জনপ্রিয়তা রয়েছে। অভিনয়ের জন্য একাধিক জাতীয় পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে।
রাজনীতিতেও মিঠুনের সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত এবং রাজ্য রাজনীতিতে দলের অন্যতম পরিচিত মুখ। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচারে নেমেছিলেন তিনি। তাঁর জনপ্রিয়তাকে সামনে রেখে একাধিক নির্বাচনী প্রচারেও তাঁকে দেখা গিয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী।