Kareena Kapoor Khan Pendant: 'ক্লিভেজ কি আল্লাহ বানাননি?' করিনার লকেট বিতর্কে কট্টর মুসলিমদের কটাক্ষ তসলিমার

ভোপালের নবাবের এক প্রাচীণ পান্নার লকেট পরেছিলেন করিনা কাপুর খান। দিওয়ালিতে সাজতে গিয়ে আইনি নোটিস পেলেন অভিনেত্রী। এই নিয়ে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন।

Advertisement
'ক্লিভেজ কি আল্লাহ বানাননি?' করিনার লকেট বিতর্কে কট্টর মুসলিমদের কটাক্ষ তসলিমারকরিনা কাপুর খান, তসলিমা নাসরিন
হাইলাইটস
  • প্রাচীণ পান্নার লকেট পরে বিপাকে করিনা
  • দিওয়ালিতে সাজতে গিয়ে আইনি নোটিস পেলেন
  • সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন


পান্না নিয়ে যত ঝামেলা! শ্বশুরবাড়ি পতৌদি পরিবারের তরফে ভোপালের নবাবের এক প্রাচীণ পান্নার লকেট উপহার পেয়েছিলেন করিনা কাপুর খান। দীপাবলিতে সেই পারিবারিক গয়নাটিই গলায় পরেছিলেন বলিউড অভিনেত্রী। আর তা নিয়েই যত জলঘোলা। উৎসবে সুন্দর সাজগোজ করে আনন্দ করার বদলে আইনি জটিলতায় ফেঁসে গিয়েছেন বেবো। এই নিয়ে এ বার মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন। চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন মামলাকারীদের। 

কেন লকেট নিয়ে বিতর্ক?
পারিবারিক শখের গয়না পরতে গিয়ে তিনি যে আচমকাই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসবেন, তা হয়তো কখনওই ভাবেননি অভিনেত্রী। জানা গিয়েছে, করিনার পরা ওই পান্নার লকেটে কোরানের পবিত্র ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে। আর এতেই ঘোর আপত্তি এক মুসলিম নেতার। তাঁর দাবি, পবিত্র আয়াত লেখা গয়না ওই ভাবে পরা যায় না। এই কারণে অভিনেত্রীকে একটি আইনি নোটিস পাঠইয়েছেন তিনি। অবিলম্বে করিনাকে লকেট পরা ছবি সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে। সঙ্গে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে। দাবি না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

করিনা কাপুর খানের দিওয়ালি লুক
করিনা কাপুর খানের দিওয়ালি লুক

কী বললেন তসলিমা
 বিষয়টি নিয়ে চর্চা শুরু হতেই তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছেন তসলিমা নাসরিন। লেখিকার কথায়, 'লকেট তো গলায় পরারই জিনিস। গলায় পরলে বুকের কাছেই ঝুলবে। নাকি আপত্তি করিনার ক্লিভেজ দেখা যাচ্ছে বলে? ক্লিভেজ কি এঁরা মনে করেন আল্লাহ বানাননি? গোটা শরীর আল্লাহর সৃষ্টি, শুধু নারীর বুকের কাছে এসে শয়তান কিছু কারিগরি করে দিয়ে গিয়েছে? মজার তো ব্যাপারটা!'

অক্ষরের সম্মান বাঁচাতে গিয়ে একজন নারীকে কেন হেনস্থা করা হবে? প্রশ্ন করেছেন বাংলাদেশি এই লেখিকা। তিনি বলেন, 'নারীর শরীরের কাছে গেলেই যদি পবিত্রততা নষ্ট হয়ে যায়, তবে সেই পবিত্রতার ধারণার মধ্যেই নারীর প্রতি ঘৃণা ঢুকিয়ে রাখা হয়েছে। অন্যের বিশ্বাসের দায় কেন একজন নারী নিজের ঘাড়ে নেবেন? আপনার অনুভূতি আহত হয়েছে বলে অন্যের স্বাধীনতা কেড়ে নেওয়ার ছাড়পত্র নিশ্চয়ই পেয়ে যাননি।'

Advertisement

তিনি আরও বলেন, 'নারীর গলার লকেট থেকে বুকের খাঁজ পর্যন্ত সর্বত্র এঁদের নজরদারি। ধর্মের নামে এই শরীর-পাহারা, এই ভয় দেখানো, এই ক্ষমা আদায়ের দাদাগিরি বন্ধ হোক।' করিনা কাপুর খানের ক্ষমা চাওয়ার কোনও কারণ নেই বলেই মনে করছেন লেখিকা।

লকেটের বিশেষত্ব
করিনার এই সাজের পিছনে রয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা সেলিব্রিটি স্টাইলিস্ট রিয়া কাপুর। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রিয়া জানিয়েছিলেন, করিনা প্রায় ২০০ বছরের পুরনো রাজকীয় গয়না পরেছিলেন। সেই গয়নার মধ্যে ছিল ভোপালের নবাবের পাগড়ির অলঙ্কার এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না। যার উপর খোদাই করা রয়েছে কোরানের আয়াত 'আয়াতুল কুরসি'। ১১ নভেম্বর করিনা এবং রিয়াকে আইনি নোটিস পাঠিয়েছেন আব্বাস হাফিজ নামে জনৈক ওই ব্যক্তি। তাঁর বক্তব্য, বক্তব্য, করিনার ছবিতে পেনড্যান্টটি যে পোশাক ও ভঙ্গিতে তুলে ধরা হয়েছে, তা তাঁর মতে ধর্মীয় মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। 

 

POST A COMMENT
Advertisement