Jeetu Srijla: Bigg Boss হাউসে শুরু নতুন প্রেম, আকাশ-বাতাস সাক্ষী রেখে সৃজলাকে প্রোপোজ জিতুর

বিগ বস হাউসে নতুন প্রেমের গুঞ্জন। আর রাখঢাক না করে এ বার সরাসরি সৃজলাকে মনের কথা বলে দিলেন জিতু কমল। নতুন প্রোমোতে দেখা গিয়েছে সৃজলাকে প্রেম নিবেদন করছেন অভিনেতা।

Advertisement
Bigg Boss হাউসে শুরু নতুন প্রেম, আকাশ-বাতাস সাক্ষী রেখে সৃজলাকে প্রোপোজ জিতুর জিতু-সৃজলা
হাইলাইটস
  • বিগ বস হাউসে নতুন প্রেম শুরু
  • সৃজলাকে মনের কথা বলে দিলেন জিতু
  • নতুন প্রোমো ঘিরে কৌতুহল তুঙ্গে

বিগ বস হাউসে নতুন প্রেমের গুঞ্জন। আর রাখঢাক না করে এ বার সরাসরি সৃজলাকে মনের কথা বলে দিলেন জিতু কমল। শুক্রবার রাত সাড়ে ৯টার পর্বের আগাম ঝলকে দেখা গিয়েছে, আকাশ-বাতাস সাক্ষী রেখে সৃজলাকে প্রোপোজ করছেন জিতু। তবে কি প্রাক্তন স্ত্রী নবনীতাকে শেষ পর্যন্ত ভুলে নতুন প্রেমে মজলেন 'অপরাজিত' খ্যাত অভিনেতা? জবাবে সৃজলাই বা কী বললেন? 

১০ সপ্তাহ একসঙ্গে কাটিয়ে ফেলেছেন প্রতিযোগীরা। প্রতি মুহূর্তে এই বিগ বসের বাড়িতে বদলে যাচ্ছে ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ। রাজনন্দিনীর মধ্য যখন তিক্ততা বাড়ছে তখনই কাছাকাছি আসছেন জিতু আর সৃজলা। আর তা নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই। 

জিতু-সৃজলার বন্ধুত্ব যে বন্ধুত্বের থেকে কিছুটা এগিয়ে যাচ্ছে, তা যেমন দর্শকরা দেখে বুঝেছেন, তেমনই টের পাচ্ছেন হাউসমেটসরাও। তাইতো সোনামনি ও তনুশ্রীর মুখে শোনা গিয়েছে, 'ওরা বন্ধুর থেকে একটু বেশি, দেখে তো বোঝা যায় নাকি!' কিংবা সৌরভের মুখে শোনা গিয়েছে, 'ভোর সাড়ে ৫টা পর্যন্ত গল্প, জিতু-সৃজলার রুদ্ধশ্বাস প্রেম' মন্তব্যগুলি। 

এ ক্ষেত্রে অবশ্য সৃজলার বিড়বিড় করে বলা কিছু মন্তব্যও জল্পনা আরও উস্কে দিয়েছে। কখনও তাঁকে বলতে শোনা গিয়েছে, 'কাকে ভালোবেসে ফেললে জিতু, কেন ভালোবেসে ফেললে।' আবার কখনও তিনি বলেছেন, 'দূরে চলে গেলেই ভাল থাকবে। আটকে গেছি। কেন ভালোবেসে ফেললে!' বৃহস্পতিবারের এপিসোডেও দর্শকদের কানে এসেছে অভিনেত্রীর বলা 'এই ছেলেটা যে কী করছে! ভালোবাসার জন্য নিজেকে শেষ করে দিতেও রাজি' মন্তব্য। আর বিগ বসের নয়া প্রোমো তো কার্যত সিলমোহরই ফেলে দিল তাঁদের সম্পর্কে। 

প্রোমোতে দেখা গিয়েছে, বিগ বসের গানে ঘুম ভাঙার পর সৃজলাকে গার্ডেন এরিয়াতে নিয়ে এসে জিতু বলছেন, 'এই আকাশ, এই বাতাস, এই পাখি, এই নদী সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি।' শেষ অংশটুকু আবার মাইক চেপে বলতে দেখা গিয়েছে জিতুকে। প্রোপোজ করার পর অভিনেতাকে ব্লাশ করতে দেখা গিয়েছে। প্রতিক্রিয়ায় সৃজলাকেও লজ্জার হাসি হাসতে দেখেছেন দর্শকরা। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল প্রোমো দেখে দর্শকদের প্রশ্ন, 'তবে কি বন্ধুত্বের থেকে একধাপ এগিয়ে সত্যিই সম্পর্কে জড়িয়ে পড়েছেন জিতু-সৃজলা?'

Advertisement

জুতো রাখা নিয়ে কথা কাটাকাটি থেকে শুরু করে অন্য প্রতিযোগীদের মন্তব্যে অভিমান, এ সব ঘিরে দর্শকরা জিত-সৃজলার জুটি নিয়ে জোরদার আলোচনা শুরু করেছিলেন। অন্য হাউসমেটসরা যখন সৃজলার বিরুদ্ধে তখুন জিতুর তাঁর পাশে দাঁড়ানো, তাঁদের ঘণ্টার পর ঘণ্টা গল্প করাও ফ্যানেদের আগ্রহ বাড়িয়েছে। এবার জিতুর এই স্বীকারোক্তিতে সৃজলা কীভাবে প্রতিক্রিয়া দেন তার অপেক্ষাতেই রয়েছেন দু'জনের অনুরাগীরা।

বিগ বসের ঘরে একটা সময়ে দুর্নীবারের সঙ্গে নাম জড়িয়েছিল সৃজলার। যদিও তাঁর দু'জনে কেউই কখনও এই সম্পর্ককে প্রেম হিসেবে দেখেননি। তবে ঝিলম এবং নিরঞ্জনের মন্তব্যে খানিক বিচলিত হয়েছিলেন গায়ক। পরবর্তীতে সোনামনির থেকে সৃজলা সম্পর্কে নানা বিষয় জানতে পারার পর দূরত্ব বাড়িয়েছেন দুর্নীবার। দাদার দরবারে এই নিয়ে কাটাছেঁড়াও চলেছে। রনিতা ওয়াইল্ড কার্ডে প্রবেশ করেও দুর্নীবারকে সাবধান করেছেন। বর্তমানে হাউসে দু'জনের মধ্যে কথা প্রায় হয়ই না। আর সেই শূন্যস্থান পূরণ করেছেন জিতু। 

  জিতু এবং সৃজলার সমীকরণ বর্তমানে অন্যদিকে মোড় নিচ্ছে বলেই মনে হচ্ছে দর্শক থেকে শুরু করে বাড়ির ভিতরে থাকা প্রতিযোগীদের। জিতু ডিভোর্সি হলেও সৃজলার সঙ্গে সহ অভিনেতা শনের সম্পর্ক রয়েছে বলেই খবর। বিগ বস বাড়িতেও এ বিষয়টি কারও অজানা নয়। সেক্ষেত্রে জিতুর এই প্রস্তাবে সৃজলা কী প্রতিক্রিয়া দেন, সেটাই দেখার। অন্যদিকে, অবশেষে প্রাক্তন স্ত্রী নবনীতাকে ভুলে ফের প্রেমে পড়েছেন জিতু কমল, এমনটাই মত ফ্যানেদের। 

 

POST A COMMENT
Advertisement