বিদ্যা বালান২০১৮ সালে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘হামি’। যে সিনেমার নানান ডায়লগ ও দৃশ্য ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তার মধ্যে অন্যতম শিশুশিল্পী অভিরাজ করন অভিনীত চরিত্র অজাতশত্রুর সঙ্গে অভিনেত্রী অপরাজিতা আঢ্যর কথোপকথনের একটি মুহূর্ত। যেখানে দেখা গিয়েছে শিক্ষিকা অপরাজিতা তাঁর ছাত্র অজাতশত্রুকে বলছেন, কোনও অশ্লীল শব্দ যাতে উচ্চারণ না করে সে। সেই অনবদ্য কথোপকথন সেই সময়েও ভাইরাল হয়েছিল। অনেক টলিউড তারকাই সেই অংশের রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এবার সেই ভাইরাল ভিডিওতে রিল বানাতে দেখা গেল বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে।
নানা বিষয় নিয়েই মাঝেমধ্যেই মজার রিল তৈরি করেন বিদ্যা। এবার হামির সেই অংশের ভিডিও তৈরি করলেন নায়িকা। ‘হামি’ সিনেমার এই ভিডিও এক মুহূর্তে ভাইরাল। ক্যাপশনে লেখা, ‘আপনি আমায় যেটা করতে নিষেধ করবেন, আমি সেটাই করব।’ এই ভিডিও নজর এড়ায়নি কারোর। উইনডোজ প্রযোজনার পক্ষ থেকে হামি সিনেমার সেই অংশের সঙ্গে বিদ্যার এই ভিডিও কোলাজ করে শেয়ার করা হয়েছে।
বিদ্যার এই ভিডিওতে অনেক টলিউড তারকাকেই মন্তব্য করতে দেখা যায়। প্রসঙ্গত, পর্দার চরিত্র থেকে বাস্তব জীবন, সবখানেই যেন বাঙালি নারীর ছাপ রেখে গেছেন বলিউড ডিভা বিদ্যা বালান। জন্মসূত্রে বিদ্যা দক্ষিণী হলেও তাঁর মধ্যে যে বেশ একটা বাঙালিয়ানা রয়েছে, তা বোধহয় বিদ্যা অনুরাগীদের সবারই জানা। অভিনেত্রীর হাবভাব, চলন-বলনে বঙ্গনারী সুলভ ব্যাপার। অভিনয়ের শিকেও ছিঁড়েছিলেন বাংলা ছবি দিয়েই। বিদ্যার প্রথম ব্রেক এসেছিল গৌতম হালদারের বাংলা ছবি ‘ভাল থেকো’ দিয়ে, তারপর শরৎচন্দ্রের ‘পরিণীতা’ হয়ে তিনি পৌঁছে যান বলিউডের শীর্ষে। সুজয় ঘোষের ‘কাহানি’-তে প্রকৃত বাঙালির চরিত্রে বিদ্যা মন জয় করেছিলেন দর্শকের।
বাংলা ভাষা জানেন, বাংলার সংস্কৃতিকে নিজের মতো করে গ্রহণ করেছেন। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নিজের ভালোবাসা নিয়ে বিদ্যার এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমার ধারণা আগের জন্মে আমি বাংলার সঙ্গে যুক্ত ছিলাম। আমি হয়তো বাঙালিই ছিলাম পূর্বজন্মে। তাই হয়তো এই জন্মে বাঙালিয়ানা আমার পিছু ছাড়েনি। বরং আমাকে বারবার ফিরিয়ে এনেছে এই বাংলায়। আমি বাঙালি হতে খুব ভালোবাসি।'