নন্দিনী দত্তকে নিয়ে শুরু বিতর্ক'বিগ বস'-এর ঘরে প্রতিদিনই নতুন নতুন বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে। কখনও প্রতিযোগীদের একে-অপরের মধ্য়েকার সমীকরণ কিংবা তাঁদের নোংরা অশান্তি, সবকিছু নিয়েই চর্চা তুঙ্গে। তবে এই সবকিছুকে ছাপিয়ে গিয়েছে নন্দিনী ও রাজবীরের সম্পর্ক। সিক্রেট রুম থেকে বেরিয়েই রাজবীরের ওপর রীতিমতো চড়াও হন নন্দিনী। সামান্য আংটি হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নন্দিনী বারংবার রাজবীরের গায়ে হাত তোলেন, এই ভিডিও সামনে আসতেই নেটপাড়ায় ন্ন্দার ঝড় বয়ে যায়। নন্দিনীর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে দর্শকের একাংশের। টেলিভিশন সহ সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ইনফ্লুয়েন্সারও সরব হয়েছেন নন্দিনীর এই কাণ্ডকারখানায়।
বৃহস্পতিবারের পর্বে রাজবীরের আঙুলে নন্দিনীর দেওয়া ইংরেজি ‘N’ অক্ষর খোদাই করা একটি আংটি হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে তুমুল অশান্তির সৃষ্টি হয়। সিক্রেট রুম থেকে বিগ বস-এর ঘরে ফিরে রাজবীরের আঙুলে সেই বিশেষ আংটি দেখতে না পেয়ে প্রশ্ন করেন নন্দিনী। রাজবীর জানান, সেটি কোনওভাবে হারিয়ে গিয়েছে। এরপরই নন্দিনী সেই আংটি খোঁজার কথা বলতেই তা হালকাভাবে নেন রাজবীর। আর তাতেই ক্ষুব্ধ হন নন্দিনী। রাজবীরের গায়ে একাধিকবার হাত তোলেন তিনি। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে রাজবীর রাগের বশে নন্দিনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এতে নন্দিনী আরও রেগে গিয়ে ফের গায়ে হাত তোলেন রাজবীরের।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, রাগ ও উত্তেজনার বশে নিজের গালে একের পর এক চড় মারতে শুরু করেন রাজবীর। নন্দিনীকে স্পষ্ট জানিয়ে দেন, তাঁর গায়ে হাত তোলা কোনওভাবেই মেনে নেবেন না। এই ঘটনা সামনে আসতেই নন্দিনীকে নিয়ে নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকেই টেলি অভিনেত্রীকে টক্সিক তকমা দিয়েছে। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার প্রেরণা দাস বিগ বস-এর ঘরে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। প্রেরণার মতে, এটা একটা ছেলে করলে এতক্ষণে জেলে থাকত। কী অদ্ভুত পর্যায়ের টক্সিক লোকজন।
অন্যদিকে অভিনেতা ভিভান ঘোষও নন্দিনীর এই কার্যকলাপ নিয়ে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, একজন মানুষ কতটা টক্সিক আচরণ করতে পারেন, তা দেখে তিনি অবাক। শুধু রাজবীরের সঙ্গে তাঁর ব্যবহার নয়, সামগ্রিক আচরণ নিয়েই প্রশ্ন তুলেছেন ভিভান। প্রসঙ্গত, রাজবীর ও নন্দিনীর সম্পর্ক প্রথম থেকেই চর্চার বিষয় হয়ে উঠেছিল। তাঁদের রগরগে রোম্যান্স নিয়েও কম সমালোচনা হয়নি। নেটিজেনদের অনেকই প্রশ্ন করেছিলেন যে এটা পারিবারিক শো। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়।