
পিয়া সেনগুপ্তগত মে মাসের পর থেকে দফায় দফায় EIMPA (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন)-তে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। নতুন সরকার বদলের পর থেকেই ইমপা ঘিরে অনাস্থার কথা শোনা গিয়েছে। ইমপা অফিসে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণও করা হয়। তৎকালীন সভাপতি পিয়া সেনগুপ্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বেশ কিছু প্রযোজক ও ডিস্ট্রিবিউটাররা। ধুন্ধুমার কাণ্ড বাধে ইমপার অফিসে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে পুলিশের দ্বারস্থ হতে হয় পিয়া সহ অন্যান্যদের। অবস্থা এতটাই খারাপ হয় যে বাধ্য হয়ে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন পিয়া। এই মুহূর্তে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে EIMPA। সেপ্টেম্বরেই মিঠুন চক্রবর্তী ঘোষণা করেছিলেন যে পুজোর পরই ভোট হবে EIMPA-তে। এই বৈঠকে হাজির ছিলেন পিয়াও। EIMPA-র ভোট প্রক্রিয়াতে তিনি থাকছেন নাকি নিজেকে একেবারে সরিয়ে নিয়েছেন, সবটা বললেন bangla.aajtak.in-কে।
EIMPA-র নির্বাচনে থাকছেন পিয়া?
ইমপার প্রাক্তন সভাপতি পিয়া বলেন, আমাদের তো আলাদা করে সভাপতি পদের জন্য লড়া হয় না। আগে এক্সিকিউটিভ কমিটির ভোট হয়, সেখান থেকে যারা জিতে আসবে, তারাই ঠিক করে যে কে সভাপতি হবে। কমিটির সদস্যদের ভোটেই সভাপতি নির্বাচন করা হয়। তবে এই পুরো পদ্ধতিটির সঙ্গে যুক্ত রয়েছেন পিয়া। সঠিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের এই সিদ্ধান্তে খুশি ইমপার প্রাক্তন সভাপতি। প্রসঙ্গত, ইমপায় অশান্তি-ঝামেলা হওয়ার পর পিয়া যখন পদত্যাগ করেছিলেন, অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি আর এই ইমপার সঙ্গে যুক্ত থাকতে চাইছেন না। কিন্তু সেপ্টেম্বর মিঠুন চক্রবর্তীর উদ্য়োগে হওয়া বৈঠকে পিয়ার উপস্থিতি অনেকটাই চিত্রটা পরিষ্কার করে দিয়েছিল। ইমপার নির্বাচন পদ্ধতিতে থাকছেন প্রাক্তন সভাপতি পিয়া।

EIMPA নির্বাচন কবে?
তাহলে ইমপার নির্বাচন কবে নাগাদ হবে? শোনা গিয়েছিল যে পুজোর পরই নভেম্বরে ইমপার ভোট হবে। যদিও প্রাক্তন সভাপতি বললেন যে ইমপার ভোটের বিষয়টি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। আদালত থেকে রায় আসার পরই আমাদের ভোটের দিন নির্ধারণ হবে। যতক্ষণ আদালত কোনও ডেট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনও ডেট দিতে পারছি না। আমাদের এটা আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। সেইজন্য সবাই এই নির্বাচনের প্রস্তুতি করছে এখন আর আদালতও ডেট জানাক, তারপর আমরা বলতে পারব কবে নাগাদ ইমপার ভোট হবে। আর এটার পর সবাই নির্বাচনে দাঁড়াক, কে কীভাবে জিতবে, কোন গ্রুপ জিতবে দেখা যাক, তারপরে তো সভাপতি নির্বাচন অনেক পরে।
ভোট হবে সরকারি তত্ত্বাবধানে
সেপ্টেম্বরে রবীন্দ্র সদনে ইমপার নির্বাচন নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত সহ চার কমিটির সদস্য। এই বৈঠকেই ঠিক হয় যে সরকারি তত্ত্বাবধানেই এই ভোটপ্রক্রিয়া সম্পন্ন হবে। ‘ইমপা’ যে চারটি বিভাগ নিয়ে তৈরি, অর্থাৎ প্রযোজক, পরিবেশক, প্রদর্শক এবং অ্যাসোসিয়েটদের উপস্থিতিতে তাঁদের সঙ্গে বৈঠক করেন মিঠুন চক্রবর্তী। ২০২৭ সাল পর্যন্ত ‘ইমপা’র বর্তমান কমিটি অব্যাহত থাকার কথা। তার আগেই যাতে ভোটপ্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি তৈরি করা যায়, তারই ব্যবস্থা করা হবে বলেই খবর। এই মুহূর্তে ইমপা নিষ্ক্রিয় অবস্থাতেই রয়েছে।