অজেয়া সিরিজের ট্রেলারআরজি কর কাণ্ডের দু বছর অতিক্রান্ত। ২০২৪ সালের সেই ঘটনার স্মৃতি এখনও দগদগে। আর সেই আবহেই সামনে এল মেডিক্যাল কলেজে মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুন ঘিরে ওয়েব সিরিজ অজেয়া। যেখানে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে। ইতিমধ্যেই অজেয়ার ঝলক সামনে এসেছে। এই সিরিজের সঙ্গে অনেকেই কলকাতার আরজি কর কাণ্ডের মিল খুঁজে পেয়েছে। নির্মাতারাও ট্রেলারের শুরুতেই বলছেন, এই গল্প সত্য ঘটনা অবলম্বনে তৈরি। তাহলে কি এবার সেই ঘটনাকেই তুলে ধরা হবে এই সিরিজে?
ইতিমধ্যেই অজেয়া সিরিজের ট্রেলার বেশ আলোচিত। ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের দিনই এই ট্রেলার সামনে আসে। পরিচালক অয়ন চক্রবর্তীর এই সিরিজের ট্রেলারে দেখানো হয়েছে, এক মেডিক্যাল কলেজে কর্তব্যরত ডাক্তারের ধর্ষণ ও খুন। বিচার চেয়ে রাস্তায় নেমেছে গোটা শহর। উত্তাল পরিস্থিতির মাঝে বাড়ছে সন্দেহের তালিকা। অসহায় মা-বাবার বারবার পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হওয়া। ঠিক এই সময়েই কেসের দায়িত্ব যায় এসিপি দামিনীর কাছে, যে চরিত্রে দেখা যাচ্ছে সোহিনী সরকারকে। সিরিজের পরতে পরতে এমন কিছু দৃশ্য দেখানো হয়েছে, যার সঙ্গে দর্শকেরা মিল খুঁজে পাচ্ছেন আরজি কর কাণ্ডেরও।
এই সিরিজের হাত ধরে উঠে আসবে এমন কিছু সত্যি, যা আজও অধরা। কিন্তু 'অজেয়া' বিচার পাবে কি? সেই উত্তর দিতে অ্যাকশন অবতারে দেখা যাবে সোহিনীকে। সোহিনী ছাড়াও মহিলা চিকিৎসকের চরিত্রে দেখা যাবে 'চিরদিনই তুমি যে আমার' সিরিয়াল খ্যাত শিরিন পালকে। সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাশিস রায়, অনিন্দ্য পুলক ব্যানার্জি, সাগ্নিক, মৈনাক ব্যানার্জি, রুকমা রায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এই সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসার পরই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কেউ লিখলেন, এখনও বিচার এল না কিন্তু ওয়েব সিরিজ তৈরি হয়ে গেল। আবার অনেকে লিখেছেন, মহিলাদের সুরক্ষা এখন শুধুই একটা হাসির খোরাক ও বিনোদনের বস্তু ছাড়া আর কিছুই নয়। আবার অনেকে লিখেছেন, বাস্তবে আমরা বিচার চাই আসল ঘটনার। কখনও টিএমসি , কখনও সিপিআইএম, কখন বিজেপি সবাই এই মেয়েটাকে নিজেদের মতো ব্যবহার করেছে। মেয়েটা কিন্তু এখনও বিচার পাইনি। কেউ লিখেছেন, ২ বছরেও বিচাল এল না।
প্রসঙ্গত, আরজি কাণ্ডের সময় সোহিনীকে এই ঘটনার প্রতিবাদের অন্যতম মুখ হিসাবে দেখা গিয়েছিল। সেই সময় তাঁর বেশ কিছু মন্তব্য চর্চার কেন্দ্রেও চলে এসেছিল। যার মধ্যে অন্যতম এই দেশে মা হতে চান না সোহিনী। এই সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। হইচইতে এই সিরিজের প্রিমিয়ার ২১ অগাস্ট।