দিতিপ্রিয়া রায়'চিরদিনই তুমি যে আমার' সিরিয়াল মাঝপথে ছাড়ার পর বেশ কয়েকমাস অভিনয় থেকে দূরেই ছিলেন দিতিপ্রিয়া রায়। তাঁকে ছোটপর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁর ভক্ত-অনুরাগীরা। মহালয়ার দিনই ছোটপর্দায় দেবী দূর্গা হয়ে কামব্যাক করেছেন তিনি। এবার আরও এক চমকের পালা। মেগা সিরিয়ালে ফিরছেন দিতিপ্রিয়া। করুণাময়ী রানি রাসমণির পর আবারও পৌরাণিক কাহিনী অবলম্বনে তৈরি ধারাবাহিকে দেখা যাবে দিতিপ্রিয়াকে। জি বাংলার পর এবার স্টার জলসায় ফিরছেন অভিনেত্রী।
স্টার জলসার পক্ষ থেকে নতুন মেগার প্রোমো সামনে এসেছে। এই ধারাবাহিকে নায়িকা হয়ে ফিরছেন দিতিপ্রিয়া। রাসমণির পর এবার দেবী মনসা রূপে ফিরছেন নায়িকা। স্টার জলসায় আসছে 'মনসামঙ্গল'। কীভাবে দেবীর জন্ম হল, শিবের সঙ্গে তাঁর পিতা-কন্যার সম্পর্ক, তাঁর প্রভাব এসব নিয়েই এগোবে এই ধারাবাহিক। পুরাণের কাহিনি উঠে আসবে এই মেগায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মনসা রূপে দিতিপ্রিয়ার প্রথম ঝলক। এই ধারাবাহিকে চাঁদ সদাগরের কাহিনিও দেখা যাবে, খবর এমনটাই। মহালয়ার দিনই নতুন রূপে ধরা দিলেন অভিনেত্রী।
মহালয়ার দিনই সান বাংলায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। অন্যদিকে, দেবী মনসার রূপে প্রথমবার দিতিপ্রিয়াকে দেখে চর্চা শুরু হয়েছে অনুরাগী মহলে। এর আগে অভিনেত্রীকে ঐতিহাসিক চরিত্রে দেখা গেলেও, এই প্রথমবার তাঁকে কোনও পৌরাণিক দেবীর চরিত্রে দেখা যাবে। দিতিপ্রিয়ার প্রথম ঝলক সকলকে মুগ্ধ করেছে। খুব স্নিগ্ধ লুকসে ধরা দিয়েছেন দিতিপ্রিয়া। অভিনেত্রী বহুমাস পর টেলিভিশনের প্রধান চরিত্রে ফিরেছেন। শোনা যাচ্ছে, 'লক্ষ্মীঝাঁপি' শেষ হয়ে যাচ্ছে আর সেই স্লটেই নাকি আসতে পারে 'মনসামঙ্গল'। সব মিলিয়ে দিতিপ্রিয়ার নতুন ধারাবাহিক নিয়ে এখন উচ্ছ্বসিত দর্শক মহল।
জিতু কমলের সঙ্গে জুটি বেঁধে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে শেষবারের মতো দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এই সিরিয়ালে তাঁর অপর্ণা চরিত্রটি দর্শকদের মধ্যে ভীষণভাবে হিট হয়। কিন্তু সিরিয়াল চালাকালীন জিতু-দিতিপ্রিয়ার অশান্তি এতটাই বাড়াবাড়ি পর্যায় পৌঁছায় যে মাঝপথেই সিরিয়াল ছেড়ে বেরিয়ে যান দিতিপ্রিয়া। তারপর তাঁকে বহু মাস পর্দায় দেখা যায়নি। সোশ্যল মিডিয়া থেকেও দূরে ছিলেন তিনি। সময় দিয়েছেন নিজেকে। এবার নতুনভাবে নতুন রূপে ধারাবাহিকে ফিরছেন দিতিপ্রিয়া।