
সব্যসাচী চৌধুরী'রামায়ণ' ছবির জন্য ইতিমধ্য়েই পিছিয়ে গিয়েছে 'সাধক বামাক্ষ্যাপা' ছবির মুক্তি। দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন এই দিনটির জন্য়। ছোটপর্দায় বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচী চৌধুরীকে দেখেই অভ্যস্ত সকলে। এবার বড়পর্দাতেই তাঁকে এই চরিত্রে দেখা যাবে। 'সাধক বামাক্ষ্যাপা'-কে নিয়ে বড়পর্দায় আসছেন পরিচালক সায়ন্তন ঘোষ। ইতিমধ্য়েই জোর কদমে চলছে এই ছবির প্রচার। এই ছবির ট্রেলার লঞ্চ এবার হল তারাপীঠ মন্দিরে। আর সেখানেই পর্দার 'বামাক্ষ্যাপা'কে দেখা গেল একেবারে অন্য রূপে।
সাধক বামাক্ষ্যাপার জীবনকে পর্দায় তুলে ধরতে গেলে তারাপীঠকে বাদ দেওয়ার কোনও উপায় নেই। মা তারার প্রতি তাঁর অগাধ ভক্তি, সাধনা এবং জীবনের সঙ্গে এই পীঠস্থানের সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই তাঁর জীবন অবলম্বনে তৈরি ছবির প্রচারেও শুধুমাত্র শহুরে ঝলমলে আয়োজনের পথে হাঁটল না প্রযোজনা সংস্থা SVF Entertainment। বরং যে ভূমির সঙ্গে সাধক বামাক্ষ্যাপার নাম ও সাধনার ইতিহাস জড়িয়ে রয়েছে, সেই তারাপীঠের মহাশ্মশানকেই বেছে নেওয়া হল ছবির ট্রেলার প্রকাশের মঞ্চ হিসেবে। তারাপীঠে পৌঁছে এক অন্য সব্যসাচী ধরা দিলেন সকলের কাছে।

পরনে লাল রঙের পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা। চোখে-মুখে এক অদ্ভুত ভক্তি বিরাজ করছিল অভিনেতার। তিনি নিজে ঈশ্বরে বিশ্বাসী। জীবনের বহু ঘাত-প্রতিঘাত, ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। কিন্তু সর্বদাই তাঁকে শান্ত থাকতে দেখা গিয়েছে। প্রতিকূলতার মুখে পড়ে কখনও তাঁকে ভাঙতে দেখা যায়নি। বরম নতুন উদ্যমে এগিয়ে গেছেন বারংবার। বামাক্ষ্যাপার তারাপীঠে এসে নিজেকে উজাড় করে দিলেন পর্দার মা তারার একনিষ্ঠ সাধক। দীর্ঘদিন ধরে সব্যসাচী ছোটপর্দায় বামদেবের চরিত্রে অভিনয় করছেন। তাই এই ছবির জন্য তাঁর চেয়ে ভাল আর কোনও অভিনেতা হতে পারে না।
সাধক বামাক্ষ্যাপার ট্রেলার লঞ্চের আগে সব্যসাচীকে দেখা গেল মায়ের ভোগের থালা ভক্তিভরে মাথায় করে নিয়ে ভক্তদের কাছে এলেন তিনি। শুধু তাই নয়, নিজের হাতে করে সব ভক্তদের মধ্যে এই ভোগ বিতরণ করলেন সব্যসাচী। তারাপীঠ চত্ত্বরে পর্দার বামাক্ষ্যাপাকে পেয়ে উচ্ছ্বসিত দর্শকেরা। প্রসঙ্গত, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ সাধক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে আগেই দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি। ছোটপর্দায় বামাক্ষ্যাপার চরিত্রে তাঁর নিখুঁত অভিনয় আজও ভুলতে পারেননি দর্শক। তৎকালীন সময়ে টিআরপি তালিকায় একাধিকবার শীর্ষ স্থান দখল করেছিল এই ধারাবাহিক। সিনেমায় সব্যসাচী চৌধুরীর সঙ্গে ‘মা তারা’-র ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে।
মন্দির দর্শনের পর সফরের পরবর্তী গন্তব্য ছিল আটলা গ্রাম। সাধক বামাক্ষ্যাপার স্মৃতিবিজড়িত এই গ্রামে তাঁর পৈতৃক ভিটের দুটি বাড়িতেই যান সব্যসাচী চৌধুরী ও সায়ন্তন ঘোষাল সহ পুরো টিম। বামাক্ষ্যাপার সঙ্গে জড়িয়ে থাকা দুই বাড়ি ঘুরে দেখেন তাঁরা। সেখানে সাধকের প্রতিষ্ঠিত বিভিন্ন মূর্তিও রয়েছে, যেখানে নিয়মিত পুজো হয়। ছবিতে যে মানুষটির জীবন ও সাধনাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, তাঁর স্মৃতিধন্য বাসভূমিতে পৌঁছে যাওয়ার মধ্যে আলাদা তাৎপর্য ছিল। বলা যায়, মহাশ্মশানে ট্রেলার প্রকাশের আগে ছবির টিম যেন বামাক্ষ্যাপার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের পথ ধরেই এগিয়েছে। এর আগে সব্যসাচী ও পায়েলকে লেক কালীবাড়ি, কালীঘাট মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে। গত ৫ নভেম্বর এই ছবি মুক্তির কথা থাকলেও রামায়ণ ছবির জন্য তা পিছিয়ে যায়। আগামী ২০ নভেম্বর মুক্তি পাচ্ছে সাধক বামাক্ষ্যাপা।