দিব্যজ্যোতি দত্তছোটপর্দার চেনা মুখ দিব্যজ্যোতি দত্ত। 'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালে ডাঃ সূর্যর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অভিনেতা। এমনিতেই জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। তারওপর বড়পর্দায় ডেবিউ করে নিজের খ্যাতি আরও বাড়িয়েছেন দিব্যজ্যোতি। সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে শ্রী চৈতন্য দেবের চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা। কবে আবার ছোটপর্দায় ফিরবেন দিব্যজ্যোতি?
সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে কাজ করার সুবাদে দিব্যজ্যোতির জীবনে আমূল পরিবর্তন হয়েছে। মহাপ্রভু চরিত্রে নিজেকে সাজিয়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন অভিনেতা। তিনি এই চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করে নিয়েছিলেন। প্রায় ২৭ কেজি ওজন কমিয়েছিলেন দিব্যজ্যোতি। তবে চৈতন্য-প্রেম এখনও অটুট অভিনেতার মধ্যে। তাই সুযোগ পেতেই মায়াপুরে ছুটে গিয়েছেন লহ গৌরাঙ্গের নাম রে ছবির পর্দার চৈতন্য। আর সেখান থেকেই ছবি পোস্ট করলেন দিব্যজ্যোতি।
দিব্যজ্যোতির পোস্ট করা ছবিতে তাঁকে সাদা রঙের ধুতি-পাঞ্জাবি পরে দেখা গিয়েছে। কপালে তিলক কাটা। মায়াপুর মন্দির চত্ত্বরে তাঁকে দুহাত তুলে কৃষ্ণনাম করতে দেখা গেল। এই ছবি পোস্ট করে দিব্যজ্যোতি লেখেন, 'এখনও সেই ঘোরে, ক্ষণে গোরাচাঁদ, ক্ষণে কালা'। এই ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে যে দিব্যজ্যোতি এখনও 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির সেই মহাপ্রভুর চরিত্রের মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছেন। এতদিন ছোটপর্দায় বিভিন্ন চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি।
ছোটপর্দায় দিব্যজ্যোতিকে শেষবারের মতো দেখা গিয়েছিল অনুরাগের ছোঁয়া সিরিয়ালে। তবে এখন ছোটপর্দা থেকে দূরেই রয়েছেন অভিনেতা। ধারাবাহিকের প্রস্তাব যে আসেনি অভিনেতার কাছে এমনটা নয়। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে দিব্যজ্যোতি জানিয়েছিলেন যে ধারাবাহিকের প্রস্তাব যে আসেনি তা নয়। অনুরাগের ছোঁয়া চলাকালীনই বহু প্রস্তাব এসেছে তাঁর কাছে। ধারাবাহিক শেষ হওয়ার পরেও বহু জায়গা থেকে প্রস্তাব আসে। তবে ভাল চরিত্রের অপেক্ষায় রয়েছেন অভিনেতা। সেরকম মনের মতো চরিত্রে পেলে অবশ্যই ধারাবাহিকে ফিরবেন তিনি।
ছোটবেলা থেকে ঈশ্বরের আরাধনা, আধ্যাত্মিক বই পড়ার অভ্যাস রয়েছে অভিনেতার। তাই চৈতন্য দেবের চরিত্র ফুটিয়ে তুলতে বড়পর্দায় কোনও সমস্যা হয়নি। এর আগেও তাঁকে গোসেবা করতে দেখা গিয়েছিল। তবে মহাপ্রভুর চরিত্রে অভিনয় করার পর তাঁর যে জীবন বদলে গিয়েছে, তা দিব্যজ্যোতিকে দেখেই বোঝা যাচ্ছে।