
হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়হাসপাতালে ভর্তি অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের বেডে শুয়ে ছবি পোস্ট করতেই তাঁকে নিয়ে উদ্বেগ বাড়ে ভক্তদের মধ্যে। ছোটপর্দার অত্যন্ত চেনা মুখ ভাস্কর। কাজ করেছেন একাধিক সিরিয়ালে। প্রিয় অভিনেতার অসুস্থতার খবর সামনে আসতেই তাঁর আরোগ্য কামনায় ভক্ত-অনুরাগী থেকে সহশিল্পীরা। কী হয়েছে ভাস্করের?
জানা গিয়েছে, শারীরিক জটিলতার কারণে সম্প্রতি হিপ অপারেশন করতে হয়েছে অভিনেতার। অস্ত্রোপচার গুরুতর হলেও সেটি সফলভাবে হয়ে গিয়েছে। এখন ভাস্কর সুস্থ আছেন। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালেই ভর্তি। কিছুদিন সেখানেই থাকতে হবে তাঁকে। ইতিমধ্যেই হাসপাতালের বেড থেকে অভিনেতার হাসি মুখের ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে। অভিনেতার অপারেশনের কথা জানার পরেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে। খুব তাড়াতাড়ি ফিট হয়ে যেন তিনি আবার নিজের কাজে ফিরে আসতে পারেন, এমন কামনাই করেছেন সকলে।

প্রসঙ্গত, রাহুল বন্দ্যোপাধ্যায়ের 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে অভিনয় করছিলেন ভাস্কর। তারপর থেকেই তাঁকে কোনও সিরিয়ালে এখনও পর্যন্ত দেখা যায়নি। ভাস্করের অভিনয় দর্শকদের কাছে বেশ প্রশংসিত। বেশ কিছু জায়গায় কথাবার্তা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তিনি নতুনভাবে সিরিয়ালে কাজ করতে শুরু করবেন। বাংলা টেলিভিশন ও সিনেমার পরিচিত মুখ ভাস্কর ব্যানার্জি বহু বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। পর্দায় তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। ভাস্করকে শ্বেত পাথরের থালা, অংশুমানের ছবি, বউরাণী, টিনটোরেটোর যীশু, অভিশপ্ত নাইটি, ডাবল ফেলুদা, আলোর খোঁজে, বহুরূপী-তে কাজ করেছেন।
৪০ বছরের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রির ভীষণ পরিচিত মুখ। মে মাসেই মাতৃহারা হয়েছেন অভিনেতা। মাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন তিনি। ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “মা চলে গেলো।” গত বছর এই একই মাসে বাবাকেও হারিয়েছিলেন অভিনেতা। ভাস্করের হাসপাতালের ছবি শেয়ার করেছেন তাঁর ছেলে ইন্দ্র।