
গৌরব-ঋদ্ধিমা
প্রতি বছর নিয়ম করে ‘জামাইষষ্ঠী’ পালন করেন তারকাদম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। আগে ঋদ্ধিমার মা, জামাই গৌরবের জন্য তাঁর পছন্দের পাঁঠার মাংস রাঁধতেন। এখন তাই গৌরবের জন্য সেই রান্না ঋদ্ধিমা নিজেই করেন। তবে এই বছর জামাইয়ের জন্য নিজেই পাঁঠার মাংস রান্না করছেন ঋদ্ধিমার বাবা।

মৌবনী-সৌম্য
চলতি বছরেই বিয়ে করেছেন পিসি সরকার জুনিয়রের মেয়ে মৌবনী। এই বছর মেয়ের প্রথম জামাইষষ্ঠী। জামাই সৌম্যের জন্য ছিল এলাহি আয়োজন। সর্ষে ইলিশ, মাটন, পোলাও সাদা ভাট, পাঁচ রকমের ফল ও মিষ্টি দিয়েই জামাই আদর করলেন পিসি সরকার ও তাঁর স্ত্রী।

সৌরভ-শুভস্মিতা
কিছুদিন আগেই সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা বাগদান সেরেছেন। এখনও বিয়ে হয়নি। তবে হবু জামাইকে জামাইষষ্ঠী দিতে ভুললেন না মুখোপাধ্যায় পরিবার। ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, পাঁঠার মাংস এইসবের আয়োজন ছিল। শ্যুটিংয়ের চাপে এতকিছু খেতে পারেননি লক্ষ্মীর ঝাঁপি সিরিয়ালের সৌরভ-শুভস্মিতা।

রণজয়-শ্যামেপ্তি
টলিপাড়ার আরও এক নতুন জামাই, রণজয় বিষ্ণু। চূড়ান্ত ব্যস্ততা তবুও প্রথম জামাইষষ্ঠী বলে কথা, তাই সকালেই অভিনেতা ছুটে গিয়েছিলেন শাশুড়ির কাছে। শাশুড়ি মায়ের সঙ্গে সমস্ত নিয়মকানুন পালন করে কাজে যোগ দিয়েছেন। তবে খাওয়া-দাওয়া হয়নি, সেটা হবে অন্যদিন।

সায়নদীপ-রূপসা
বিয়ের পর দ্বিতীয় জামাইষষ্ঠী সায়নদীপ ও রূপসার। ছেলেকে নিয়েই জামাইষষ্ঠী খেলেন রূপসার স্বামী। অভিনেত্রীর মা সব নিয়ম মেনেই জামাইকে এলাহি খাওয়া-দাওয়া করান।

বিশ্ববসু-ঐশিকী
চলতি বছরের জানুয়ারিতেই সাতপাকে বাঁধা পড়েন বিশ্ববসু ও ঐশিকী। এই বছর তাঁদেরও প্রথম জামাইষষ্ঠী। লাল শাড়ি ও সাদা পাঞ্জাবিতে সেজে এই তারকা দম্পতি জামাইষষ্ঠী পালন করতে এসেছেন শ্বশুরবাড়ি।

রুবেল-শ্বেতা
গতবছর বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্বেতা আর রুবেল, এই বছর প্রথম জামাইষষ্ঠী না হলেও এখনও দুজনকে দেখে সদ্য বিবাহিত জুটির মতোই দেখতে লাগে। তবে দ্বিতীয় জামাইষষ্ঠীতে বাড়ির কোনও আয়োজনের ছবি পোস্ট না করলেও জামাই ষষ্ঠী উপলক্ষে তোলা ফটোশুটের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ
চলতি বছর ৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন শুভ্রজিৎ সাহা এবং প্রিয়াঙ্কা মিত্র। বিয়ের পর এটি তাঁদের প্রথম জামাইষষ্ঠী। পায়ে চোট লাগার কারণে সিরিয়ালও ছেড়েছেন শুভ্রজিৎ। ভাঙা পা নিয়েই প্রথম জামাইষষ্ঠী উদযাপন করলেন অভিনেতা।
মধ্যাহ্ন ভোজে ছিল এলাহি আয়োজন। ভাত, পাঁচ রকম ভাজা, মুরগি এবং পাঁঠার মাংস, মিষ্টি, স্যালাড, পাঁচ রকম ফল এবং আরও অনেক কিছু। প্রথম জামাইষষ্ঠীর দিন শুভ্রজিৎ পরেছিলেন একটি কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি এবং হালকা জিন্সের প্যান্ট। আর প্রিয়াঙ্কা পরেছিলেন কমলা রঙের শাড়ি।